ETV Bharat / bharat

চার্জ ছাড়াই চলবে বৈদ্যুতিক সাইকেল ! অভিনব আবিষ্কারে তাক লাগালেন গুজরাতের ছাত্র

সৌরশক্তি, ডায়নামোশক্তি এবং বায়ুশক্তি ব্যবহার করে অভিনব বৈদ্যুতিক সাইকেল আবিষ্কার করলেন গুজরাতের ছাত্র লালি কৃষ ৷ খরচ হয়েছে 10 হাজার টাকা ৷

BICYCLE GENERATES ELECTRICITY
চার্জ ছাড়াই চলবে সাইকেল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 9, 2026 at 8:40 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ভাবনগর, 9 জানুয়ারি: দেশজুড়ে দূষণের মাত্রা নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ করা হয়েছে সরকারের তরফে ৷ রাজধানী দিল্লির মাত্রাতিরিক্ত দূষণ ঘুম কেড়েছে চিকিৎসক-সহ পরিবেশ বিশেষজ্ঞদের ৷ ভয়াবহ এই পরিস্থিতিতে বৈদ্যুতিক যানবাহন কেনার দিকে ক্রমশ ঝোঁক বাড়ছে দেশবাসীর ৷ এই আবহে চার্জিংয়ের প্রয়োজনীয়তা ছাড়াই এক বৈদ্যুতিক সাইকেল আবিষ্কার করে তাক লাগালেন গুজরাতের ভাবনগরের জ্ঞানমঞ্জরী ইনোভেটিভ ইউনিভার্সিটির মেকানিক্যাল বিভাগের ছাত্র লালি কৃষ ৷

স্বাধীনতার পর থেকে বিগত কয়েক যুগ ধরে ভারতের পরিবহণ ব্যবস্থায় বহু পরিবর্তন এসেছে ৷ প্রথমে পেট্রল-ডিজেল, পরে গ্যাস আর বর্তমানে ধীরে ধীরে বিদ্যুৎচালিত যানবাহনের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে দেশ ৷ ক্রমেই বড় বড় ইলেকট্রিক গাড়িতে ছেয়ে যাচ্ছে দেশের বাজার ৷ টাটা, মহিন্দ্রার মতো মতো বড় বড় অটোমোবাইল কোম্পানিগুলিও বিদ্যুৎ পরিচালিত গাড়ি নির্মাণে মনোনিবেশ করেছে ৷ সেই তালিকায় এবার নাম নথিভুক্ত করলেন গুজরাত বিশ্ববিদ্যালয়ের ছাত্র ৷ সাধারণ মানুষের সাধ্যের মধ্যে তৈরি করলেন সাইকেল ৷

BICYCLE GENERATES ELECTRICITY
ব্রেক প্যাডেলে ডায়নামো শক্তির ব্যবহার করা হয়েছে (ইটিভি ভারত)

অত্যাধুনিক সাইকেলটি বিদ্যুৎচালিত হলেও সরাসরি চার্জিংয়ের কোনও প্রয়োজনীয়তা নেই ৷ বরং, সাইকেলের মধ্যে এমন ব্যবস্থা করা হয়েছে, যাতে সে নিজে থেকেই চার্জ হতে পারে ৷ ভাবনগর জ্ঞানমঞ্জরী ইনোভেটিভ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত প্রদর্শনিতে সাইকেলটি প্রকাশ্যে আনেন লালি কৃষ ৷ অত্যাধুনিক আবিষ্কার সম্পর্কে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রটি বলেন, "বর্তমানে বৈদ্যুতিক যানবাহনের চাহিদা ক্রমশ বেড়ে চলেছে ৷ কিন্তু, এই সমস্ত যানবাহনের কিছু নেতিবাচক দিক রয়েছে ৷ চলন্ত অবস্থায় কখনও চার্জ শেষ হয়ে যেতে পারে, আবার কখনও সারারাত গাড়িগুলিকে চার্জে বসিয়ে রাখতে হয় ৷ এর ফলে ব্যাটারির কর্মক্ষমতা ক্রমশ কমে যায় ৷ সেই কারণে আমার এমন কিছু তৈরির ইচ্ছা ছিল যাতে আমাদের চার্জ করার প্রয়োজন না-হয় ৷"

কীভাবে চলবে এই সাইকেল ?

লালি জানান, সাইকেলের সামনে অংশে বায়ু শক্তি, সৌর শক্তি এবং ডায়নামো শক্তি ব্যবহার করা হয়েছে ৷ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিংয়ের মেলবন্ধনে এক অত্যাধুনিক সাইকেলের আবিষ্কার করা হয়েছে ৷ সাইকেলের খরচ বাদ দিয়ে পুরো বিষয়টিতে খরচ হয়েছে 10 হাজার টাকা ৷

BICYCLE GENERATES ELECTRICITY
সাইকেলের প্যাডেলে পাখা লাগানো রয়েছে (ইটিভি ভারত)

তিনি বলেন, "সাইকেলের সামনের হ্যান্ডলবারে একটি পাখা অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থাৎ বায়ু শক্তি ৷ পাশাপাশি, ব্রেক প্যাডেলে ডায়নামো শক্তির ব্যবহার করা হয়েছে এবং সাইকেলের পিছনে ক্যারিয়ারের সাহায্য়ে সৌর শক্তির প্যানেল অন্তর্ভুক্ত করা হয়েছে ৷ এই তিন শক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদিত হয়ে তা ব্যাটারিতে সংরক্ষণ করা হয় ৷ সুতরাং, সাইকেলটিতে কখনই চার্জ দেওয়ার প্রয়োজন হবে না ৷" ইভি যানে ব্যাটরি শেষ হয়ে গেলে চার্জ দেওয়ার প্রয়োজন হয় ৷ তবে লালির তৈরি এই সাইকেলে তার কোনও প্রয়োজন হবে না কখনও ৷

পড়ুন: পর্যটনে মাইলফলক ! 2025 সালে সিকিমে রেকর্ড পর্যটক