অসম-কেরল-পুদুচেরীতে ভোট ঘিরে তৎপর কমিশন; নজর নিরাপত্তায়
বিধানসভার পাশাপাশি বৃহস্পতিবার তিন রাজ্যে উপ-নির্বাচনও রয়েছে ৷ গোয়া বিধানসভার একটি কেন্দ্রেও উপনির্বাচন হওয়ার কথা ছিল ৷ কিন্তু বম্বে হাইকোর্ট নির্বাচন বাতিল করেছে ৷

Published : April 8, 2026 at 8:54 PM IST
নয়াদিল্লি, 8 এপ্রিল: হাইভোল্টেজ প্রচার শেষে বৃহস্পতিবার অসম-কেরলের পাশাপাশি পদুচেরীতে বিধানসভা নির্বাচন ৷ এছাড়াও তিনটি রাজ্যে হবে বিধানসভার উপ-নির্বাচন ৷ গোয়ায় উপনির্বাচন হওয়ার কথা থাকলেও আদালতের রায়ে তা বাতিল হয়েছে ৷ সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ ৷
অসমে লড়াইটা মূলত বিজেপির সঙ্গে কংগ্রেসের ৷ তবে কয়েকটি আঞ্চলিক দলও আছে লড়াইয়ে ৷ বামেদের শেষদূর্গ রক্ষার লড়াই কেরলে ৷ নির্বাচন ঘিরে ইতিমধ্যেই একাধিক ব্যবস্থা করেছে কমিশন ৷ সর্বাধিক গুরুত্ব পেয়েছে নিরাপত্তার বিষয়টি ৷ বুধবার বিকেল থেকেই ভোটকর্মীরা ভোটগ্রহণ কেন্দ্রের দিকে রওনা হয়ে গিয়েছেন ৷ কর্ণাটক, নাগাল্যান্ড এবং ত্রিপুরায় বিধানসভার উপ-নির্বাচন হবে ৷ গোয়ার পোন্ডা কেন্দ্রেও ভোট হওয়ার কথা ছিল ৷ কিন্তু বম্বে হাইকোর্ট সেই নির্বাচন বাতিল করেছে ৷ কারণ, এক বছরের কম সময়ে গোয়ায় বিধানসভা নির্বাচন হবে ৷ ফলে এখন যিনি বিধায়ক নির্বাচিত হবেন, তিনি একবছরও পদে থাকতে পারবেন না ৷ এই বিষয়টি জনপ্রতিনিধত্ব আইনের পরিপন্থী ৷
অসম বিধানসভা নির্বাচন 2026
রাজ্যে 126টি আসনের মোট প্রার্থীর সংখ্যা 722 জন ৷ ভোটারের সংখ্যা আড়াই কোটি ৷ পোলিং বুথের সংখ্যা 31 হাজার 490টি ৷ এবার জিতলে পরপর তিনবার বিজেপির সরকার তৈরি হবে উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে বড় এই রাজ্যে ৷ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা লড়ছেন তাঁর বহুবছরের চেনা জুলুকবাড়ি কেন্দ্র থেকে ৷ টানা সাতবার জয়ের রেকর্ড গড়ার সামনে দাঁড়িয়ে তিনি ৷ কংগ্রেসের প্রদেশ সভাপতি গৌরব গগৈ নিজেও এবার প্রার্থী হয়েছেন জোড়হাট বিধানসভা কেন্দ্র থেকে ৷ প্রায় পাঁচ দশকের বেশি সময় কংগ্রেসে থাকার পর প্রদ্যুৎ বরদলৈ এবার বিজেপিতে যোগ দিয়েছেন ৷ তাঁকে দিসপুর কেন্দ্র থেকে প্রার্থী করেছে দল ৷

কেরল বিধানসভা নির্বাচন 2026
কেরলের 140টি আসনেই ভোট এদিন ৷ এখানে মোট ভোটারের সংখ্যা 2 কোটি 70 লক্ষ ৷ প্রার্থীর 883 জন ৷ সিপিএমের নেতৃত্বাধীন এলডিএফের সঙ্গে কংগ্রেসের ইউডিএফের লড়াই হচ্ছে 'ভগবানের আপন দেশে' ৷ এই রাজ্যের মোট ভোটগ্রহণে কেন্দ্রের সংখ্যা 30 হাজার ৷ কেরলে এখনও পর্যন্ত পরপর তিনবার কোনও দল সরকার গড়তে পারেনি ৷ এবার সেই মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন ৷ সামগ্রিকভাবে বামেদের কাছেও শেষ কেরল-দুর্গ অটুট রাখা খুবই জরুরি ৷ এমনই পরিস্থিতি সম্প্রতি ইটিভি ভারতের সঙ্গে একান্ত আলাপচারিচতায় পিনরাই বিজয়ন জানিয়েছিলেন, পরপর তিনবার সরকার তৈরি করতে পারলেও বিষয়টিকে ব্যক্তিগত প্রাপ্তি হিসেবে দেখবেন না ৷ তিনি মনে করেন, একাধিকবার মানুষের আস্থা অর্জন করাটাই সবথেকে বড় কথা ৷ পাশাপাশি যদি মানুষকেন্দ্রিক উন্নয়নকে পাথেয় করে চলা কোনও দল তৃতীয়বার সরকার গড়তে পারে সেটা জাতীয় স্তরে মডেল হয়ে উঠবে বলে অভিমত প্রবীণ এই বামনেতার ৷

তবে একাধিক সমীক্ষায় দেখা গিয়েছে সরকার গড়ার ব্যাপারে খানিকটা হলেও এগিয়ে রয়েছে কংগ্রেস জোট ৷ যদিও ভোটের লড়াইয়ে একেবারেই পিছিয়ে নেই বামপন্থীরা ৷ ভোটারদের মধ্যে তাঁদের বিধায়কদের জনপ্রিয়তা খুব একটা কমেনি বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ ৷ তাই লড়াই একেবারে সমানে-সমানে ৷ অন্যদিকে, দক্ষিণ ভারতের এই রাজ্যে আগের থেকে খানিকটা হলেও ভালো ফলের আশায় বিজেপি ৷ কয়েক মাস আগে তিরুঅনন্তপুরম পুরসভা দখল করেছে ইতিহাস করেছে বিজেপি । দলের হয়ে প্রচারে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ কংগ্রেসের প্রচার করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি থেকে শুরু করে এ রাজ্যেরই ওয়েনাড়ের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি ।
পুদুচেরী বিধানসভা নির্বাচন 2026
নির্বাচন হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরীতে ৷ এখানে বিধানসভার সদস্য সংখ্যা 30 ৷ মোট 294 জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে এদিন ৷ মুখ্যমন্ত্রী এন রাগাস্বামীও এবার প্রার্থী হয়েছেন ৷ 1 হাজারটি কেন্দ্রে ভোট দেবেন 9 লক্ষ 50 হাজার ভোটার ৷ এই দুটি রাজ্যের ভোট মেটার সপ্তাহ দুয়েক বাদে 23 এপ্রিল ভোট হবে তামিলনাড়ুতে ৷ 234টি আসনে একদিনেই ভোট করাচ্ছে কমিশন ৷ আর পশ্চিমবঙ্গে ভোট হবে দু'দফায় ৷ 23 এপ্রিল প্রথম দফায় ভোট হবে 152 আসনে ৷ বাকি আসনে ভোট 29 এপ্রিল ৷

