হিজাব পরা নারী একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন: ওয়েইসি
পাকিস্তানের প্রসঙ্গ টেনে এনে ওয়েইসির দাবি, সেখানে কেবল একটি নির্দিষ্ট ধর্মের লোকেরাই শীর্ষ সাংবিধানিক পদে বসতে পারে । তবে ভারতের সংবিধান তা মানে না ৷

Published : January 11, 2026 at 1:47 PM IST
সোলাপুর, 11 জানুয়ারি: একদিন হিজাব পরা একজন নারী ভারতের প্রধানমন্ত্রী হবেন ৷ এমনই দাবি করলেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি ৷ তাঁর কথায়, "দেশের সংবিধান সব সম্প্রদায়ের মানুষকে সমান মর্যাদা দেয় ৷ এটা পাকিস্তানের মতো নয়, যেখানে কেবল একটি নির্দিষ্ট ধর্মের লোকেরাই শীর্ষ সাংবিধানিক পদে বসতে পারে ।"
যদিও ওয়েইসির এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে বিজেপি ৷ পাল্টা গেরুয়া শিবিরের দাবি, তাঁর দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের মাধ্যমে হায়দরাবাদের এই সাংসদ কেবল অর্ধসত্য তুলে ধরছেন ৷ কারণ হিসাবে বিজেপি এও দাবি করেছে, খোদ মুসলিম নারীরাই হিজাব পরা প্রথার বিরুদ্ধে । বিজেপির জোট শরিক এনসিপি-র প্রফুল প্যাটেল বলেন, "এই মন্তব্যকে গুরুত্ব দেওয়াই উচিত নয় ৷ এর উদ্দেশ্য কেবল নিজের ভোটব্যাঙ্ক বাড়ানো ।"
15 জানুয়ারির পুরসভা নির্বাচনের আগে শুক্রবার মহারাষ্ট্রের সোলাপুরে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ওয়েইসি বলেন, "পাকিস্তানের সংবিধানে বলা আছে, কেবল একটি নির্দিষ্ট ধর্মের ব্যক্তিই দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হতে পারেন । কিন্তু বাবাসাহেব আম্বেদকরের লেখা সংবিধানে স্পষ্টভাবে বলা আছে যে, যে কোনও নাগরিক প্রধানমন্ত্রী, কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী বা এমনকী মেয়রও হতে পারেন ।"
এআইএমআইএম-এর সভাপতি আরও বলেন, "সর্বশক্তিমানের কৃপায় সেই দিন আসবে, যখন আমি বা বর্তমান প্রজন্ম কেউ থাকব না, কিন্তু হিজাব পরা একজন মহিলা ভারতের প্রধানমন্ত্রী হবেন ৷ আমি নিশ্চিত সেই দিন অবশ্যই আসবে ৷" রাজ্যের ক্ষমতাসীন দলকে লক্ষ্য করে তিনি এও বলেন, "মুসলমানদের বিরুদ্ধে আপনারা যে ঘৃণা ছড়াচ্ছেন, তা বেশিদিন টিকবে না ৷"
এর প্রতিক্রিয়ায় বিজেপি সাংসদ অনিল বোন্দে বলেন, "ওয়েইসি দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছেন ৷ তিনি শুধুই অর্ধসত্য তুলে ধরছেন ৷ কেউ পরাধীনতা চায় না ৷" তিনি এও দাবি করেন, মুসলিম নারীরা নিজেরাই হিজাব পরার বিরুদ্ধে ৷ ইরানের নারীরা এই প্রথার বিরুদ্ধে প্রতিবাদ করছেন বলেও দাবি করেন বিজেপি নেতা । তাঁর অভিযোগ, ভারতে জনসংখ্যার ভারসাম্যহীনতা বাড়ছে এবং হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ।
নির্বাচনী সমাবেশে তাঁর ভাষণে ওয়েইসি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের দলগুলির মনোনীত বা তাদের সমর্থিত প্রার্থীদের ভোট না দেওয়ার জন্য জনগণের কাছে আবেদন করেন । মুম্বইয়ের মেয়র কে হবেন তা নিয়ে বিতর্কের প্রসঙ্গে বিজেপি দাবি করছে, রাজ্যের রাজধানীর পরবর্তী মেয়র একজন মারাঠি এবং হিন্দু হবেন ৷ এর পাল্টা ওয়েইসি বলেছেন, এই ধরনের আলোচনা কেবল নির্বাচনের সময়ই সামনে আসে ।
তিনি অভিযোগ করেন, ফড়নবিশ, শিন্ডে এবং পাওয়ার জনগণকে বিভ্রান্ত করছেন ৷ নির্বাচনে তাদের উপযুক্ত জবাব দেওয়ার কথাও বলেন ওয়েইসি ৷ তিনি বলেন, "আমরা আপনাদের ষড়যন্ত্রের শিকার হব না ।" পাশাপাশি তিনি রাজ্যের শাসকদলগুলির বিরুদ্ধে সংবিধান অনুযায়ী সরকার না চালানোরও অভিযোগ তোলেন ।
ওয়েইসি অভিযোগ করেন, "তাদের শাসনের ভিত্তি হল ঘৃণা । এরা সংখ্যালঘু এবং দলিতদের বন্ধু বলে দাবি করলেও আসলে তা নয় । তারা কৃষকদের জন্যও কিছু করছে না ।" এনসিপি-র প্রফুল প্যাটেলও ওয়েইসির সমালোচনা করে বলেন, "তিনি প্রায়শই নির্বাচনী লাভের জন্য এই ধরনের মন্তব্য করেন । কখনও কখনও এর উদ্দেশ্য থাকে অন্য দলের ভোট ভাগ করা, আবার কখনও কখনও পরোক্ষভাবে নির্দিষ্ট কিছু দলকে সুবিধা পাইয়ে দেওয়া । এই লোকেরা প্রতিদিন বিভিন্ন জায়গায় তাদের অবস্থান পরিবর্তন করেন ৷"

