ETV Bharat / bharat

ক্ষমতা থাকলে এখন দিল্লিতে ভোট করান, দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত হয়ে মোদিকে তোপ কেজরি'র

আবগারি দুর্নীতি সংক্রান্ত মামলা থেকে অব্যহতি পেয়েছেন কেজরিওয়াল ও সিসোদিয়া ৷ তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে মোদি-শাহ দিল্লি দখল করেছেন, দাবি দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর ৷

ARVIND KEJRIWAL LIQUOR CASE
দুর্নীতি সংক্রান্ত মামলা থেকে অব্যহতি পেয়েছেন কেজরি (ছবি: পিটিআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 27, 2026 at 9:00 PM IST

3 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 27 ফেব্রুয়ারি: দিল্লি বিধানসভা নির্বাচনে জিততেই তাঁকে আবগারি দুর্নীতি মামলায় ফাঁসানো হয়েছিল ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চেয়েছিলেন আম আদমি পার্টিকে শেষ করে দিতে ৷ আবগারি দুর্নীতি সংক্রান্ত মামলা থেকে অব্যহতি পেয়ে এমনই দাবি করলেন আপ প্রধান তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ আইআইটি খড়গপুরের এই প্রাক্তন ছাত্রকে বলতে শোনা যায়, "আমি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, এখন দিল্লিতে ভোট করান ৷ দায়িত্ব নিয়ে বলছি, বিজেপি 10টির বেশি আসন পেলে আমি রাজনীতি ছেড়ে দেবে ৷"

শুক্রবার সকালে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের বিচারক মামলা থেকে কেজরিওয়ালের পাশাপাশি আপের আরও এক শীর্ষনেতা তথা দিল্লির প্রাক্তন উপমুখ্য়মন্ত্রী মণীশ সিসোদিয়াকে মুক্তি দেন ৷ আদালতের পর্যবেক্ষণ কেজরি-সহ বাকিদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এমন কোনও প্রমাণ পায়নি, যা থেকে অপরাধ প্রমাণিত হতে পারে ৷ তাই তাঁদের মামলা থেকে অব্যহতি দেওয়া হয়েছে ৷

বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক প্রসঙ্গে বিজেপির সমালোচনায় সরব হন কেজরিওয়াল ৷ পাশাপাশি বিচারককে ধন্যবাদ জানিয়ে কেজরিওয়াল জানান, এই রায় প্রমাণ করে দিল তাঁর পাশাপাশি আপ একশো শতাংশ সৎ ৷ তাঁর কথায়, "নরেন্দ্র মোদি এবং অমিত শাহ আপকে শেষ করে দিতে চেয়েছিলেন ৷ আজ তাঁদের ক্ষমা চাওয়া উচিত ৷ ওঁরা জানেন, দিল্লিতে আমাদের হারাতে পারবেন না ৷ ওঁরা এটাও জানাতেন, আমাদের কাজে দিল্লির মানুষ খুশি ৷ আর তাই এভাবে চক্রান্ত করে আমায় ফাঁসিয়ে দিলেন ৷ নির্বাচনে জয় পেলেন ৷ কিন্তু আমি ওঁদের মতো নই ৷ অর্থ নয়, আমাদের একমাত্র উপার্জন সততা ৷"

অন্যদিকে, কংগ্রেস নেতা পবন খেরার একটি মন্তব্যের প্রেক্ষিতে এদিনের সাংবাদিক সম্মেলন থেকে হাত শিবিরকেও তীব্র আক্রমণ করেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ দিল্লির আদালতের রায় প্রকাশ্যে আসার পর কংগ্রেসের মিডিয়া সেলের প্রধান দাবি করেন, কেজরিওয়ালদের বিরুদ্ধে ইচ্ছেকৃতভাবেই মামলা লঘু করে দেওয়া হয়েছে ৷ পঞ্জাব এবং গুজরাতে বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের ক্ষতি করতেই এমন কৌশলের আশ্রয় নিয়েছে গেরুয়া শিবির ৷ এ প্রসঙ্গে কেজরিওয়াল বলেন, "আমি কংগ্রেসের কাছে জানতে চাই, আমার মতো রবার্ট বঢরা কি গ্রেফতার হয়েছেন ? সোনিয়া গান্ধি বা রাহুল গান্ধি কি সঞ্জয় সিংয়ের মতো গ্রেফতার হয়েছেন ?"

এর আগে আদালতের রায় শোনার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, আবগারি কেলেঙ্কারি নিয়ে তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছিল ৷ আদালত তা খারিজ করে দিয়েছে ৷ তাঁর কথায়, "আমরা সবসময় বলেছি, সত্যের জয় হয় ৷ ভারতীয় বিচার ব্যবস্থায় আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে ৷ এই নির্দেশ দেওয়ার জন্য আমি বিচারকদের ধন্যবাদ জানাচ্ছি ৷ আমি সবসময় বিশ্বাস করেছি যে, ঈশ্বর আমাদের সঙ্গেই আছেন ।"