ETV Bharat / bharat

চলন্ত ট্রেনে জওয়ানকে কুপিয়ে খুন, নেপথ্যে কোন রহস্য ?

রবিবার রাতে চলন্ত ট্রেনের মধ্যে এক সেনা জওয়ানকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Murder in Moving Train
চলন্ত ট্রেনে দু'টি মর্মান্তিক ঘটনা (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : November 3, 2025 at 4:51 PM IST

3 Min Read
Choose ETV Bharat

বিকানের, 3 নভেম্বর: চলন্ত ট্রেনে জওয়ানকে হত্যা ! রবিবার রাতে জম্মু-তাওয়াই এক্সপ্রেসে সেনা জওয়ানকে খুনের ঘটনা ঘটল রাজস্থানের বিকানের স্টেশনের কাছে ৷ ওই জওয়ান স্লিপার কোচে ছিলেন ৷ তাঁর সঙ্গে কোনও কারণে কোচ অ্যাটেনডেন্টের সঙ্গে বচসা বাধে ৷ তারপরই ওই কোচ অ্যাটেনডেন্ট জওয়ানকে খুন করে বলে অভিযোগ ৷

স্থানীয় সূত্রে খবর, জম্মু-তাওয়াই এক্সপ্রেসটি ফিরোজাবাদ থেকে বিকানেরের দিকে যাচ্ছিল ৷ ট্রেনের স্লিপার কোচে ছিলেন গুজরাতের বাসিন্দা সেনা জওয়ান জিগর কুমার ৷ ওই কোচ অ্যাটেনডেন্টের সঙ্গে জওয়ানের তর্কাতর্কি হতে থাকে ৷ ট্রেনটি তখন লুনকারানসর ও বিকানেরের মধ্যবর্তী স্থানে ৷ অভিযোগ, রাগের মুহূর্তে চলন্ত ট্রেনে কোচ অ্যাটেনডেন্ট, জওয়ান জিগর কুমারকে ছুরি দিয়ে একাধিকবার আঘাত করে ৷ গুরুতর আহত অবস্থায় জিগরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তাঁর মৃত্যু হয় ৷

কোচ অ্যাটেনডেন্টকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷ কিন্তু ঠিক কী নিয়ে দু'জনের মধ্যে ঝামেলা হয়েছিল, তা স্পষ্ট জানা যায়নি ৷ ব্যক্তিগত কারণে এমন প্রতিহিংসাপরায়ণ কাণ্ড ঘটিয়েছে কোচ অ্যাটেনডেন্ট, মনে করছে পুলিশ ৷ খবর পেয়ে হাসপাতালে পৌঁছন সেনার উচ্চস্তরীয় আধিকারিকরা ৷ মৃত সেনার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

অন্যদিকে রবিবার রাত 8.30টা নাগাদ চলন্ত ট্রেন থেকে এক তরুণীকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে কেরলের ভারাকালায় ৷ অভিযোগ ওই তরুণী ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে ছিলেন ৷ এক নেশাগ্রস্ত যাত্রী তাঁকে দরজা থেকে সরে যেতে বলে ৷ কিন্তু তরুণী তাতে তিনি রাজি হননি ৷ তখন চলন্ত ট্রেন থেকে মদ্যপ যাত্রী তরুণীকে ধাক্কা মেরে বাইরে ফেলে দেয় বলে অভিযোগ ৷ আহত মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ তিনি এখন আইসিইউ-তে চিকিৎসাধীন ৷ তবে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর ৷ অন্যদিক, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷

পুলিশের কাছে দায়ের করা অভিযোগ অনুযায়ী, সুরেশ কুমার নামে বছর পঞ্চাশের এক ব্যক্তি শ্রীকুট্টি নামের ওই তরুণীকে রাগের বশে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ৷ এই ঘটনায় আহত তরুণীর বন্ধু অর্চনার অভিযোগের ভিত্তিতে সুরেশ কুমারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে তিরুবনন্তপুরম রেলওয়ে পুলিশ ৷ অভিযুক্তের বিরুদ্ধে বিএনএস-এর 19 নম্বর ধারার আওতায় খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে ৷

তরুণী শ্রীকুট্টি ও তাঁর বন্ধু অর্চনা কেরল এক্সপ্রেসের একটি অসংরক্ষিত কামরায় সফর করছিলেন ৷ তাঁরা আলুভু থেকে তিরুবনন্তপুরম যাচ্ছিলেন ৷ এফআইআরে জানানো হয়েছে, শ্রীকুট্টি ট্রেনের দরজা থেকে সরতে না-চাওয়ায় রাগের মাথায় তাঁকে পিছন দিক থেকে লাথি মারে সুরেশ ৷ সেই ধাক্কায় চলন্ত ট্রেন থেকে শ্রীকুট্টি চলন্ত ট্রেন থেকে বাইরে পড়ে যান ৷ এই পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে তাঁর বন্ধু অর্চনা সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন ৷ তখন তাঁকেও ট্রেনের বাইরে ফেলে দেওয়ার চেষ্টা করে অভিযুক্ত সুরেশ ৷ পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মদ্যপ অবস্থায় ছিল ৷ স্বাস্থ্য পরীক্ষায় তা প্রমাণিত হয়েছে ৷ সুরেশ কোট্টায়াম থেকে অসংরক্ষিত কামরায় উঠেছিল ৷ কেরল এক্সপ্রেস ভারাকাল স্টেশন ছাড়ার পরপরই ঘটনাটি ঘটে ৷