আসনে বসে ই-সিগারেট খেয়েছেন তৃণমূল সাংসদ, স্পিকারকে চিঠি অনুরাগের
চিঠিতে কারও নাম না করে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দাবি, এই ঘটনায় সংসদের মর্যাদাহানী হয়েছে ৷ আর তাই স্পিকারের উচিত উপযুক্ত তদন্ত করে ব্যবস্থা নেওয়া ৷

By PTI
Published : December 12, 2025 at 8:44 PM IST
নয়াদিল্লি, 12 ডিসেম্বর: অধিবেশন চলাকালীন নিজের আসনে বসে ই-সিগারেট খেয়েছেন এক তৃণমূল সাংসদ ৷ এমন অভিযোগ জানিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিলেন বিজেপি নেতা অনুরাগ ঠাকুর ৷
চিঠিতে কারও নাম নেননি হামিরপুরের সাংসদ ৷ শুধু এটুকু জানিয়েছেন, ওই সাংসদ তৃণমূলের ৷ তাঁকে আসনে বসে ই-সিগারেট খেতে দেখেছেন অনেকে ৷ একসময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করা অনুরাগ জানান, এভাবে সংসদের গরিমায় আঘাত হেনেছেন তৃণমূলের ওই সাংসদ ৷ স্পিকারকে ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার অনুরোধ অনুরাগের ৷
চিঠিতে তিনি লিখেছেন, "সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এক সাংসদকে অধিবেশন কক্ষে নিজের আসনে বসে ই-সিগারেট খেতে দেখা গিয়েছে ৷" ঘটনাস্থলে উপস্থিত অনেক সাংসদ এই ঘটনার সাক্ষী বলে তাঁর দাবি ৷ ই-সিগারেট ভারতে নিষিদ্ধ ৷ এ কথা মনে করিয়ে অনুবাগ জানান, ওই সাংসদ যা করেছেন তা শুধু সংসদের পক্ষে নয়, গণতন্ত্রের জন্যও অমর্যাদাকর ৷
দেশের সংসদে এক সাংসদের এই কাণ্ডের কুপ্রভাব যুবসমাজের উপর পড়বে বলে মনে করেন এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ৷ চিঠিতে তিনি লিখেছেন, "যেভাবে প্রকাশ্যে আইন ভাঙা হয়েছে তার যথাযথ তদন্ত হওয়া উচিত ৷ সংশ্লিষ্ট সাংসদ সংসদের শৃঙ্খলা ভঙ্গ করেছেন বলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা দরকার ৷"
চিঠি লেখার আগে বৃহস্পতিবার লোকসভার জিরো আওয়ারে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন অনুরাগ ৷ তিনি জানান, গোটা দেশে ই-সিগারেটে উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে ৷ তবু এক তৃণমূল সাংসদ নিজের আসনে বসে ই-সিগারেট খেয়েছেন ৷ এখানে স্পিকারের কাছে তাঁর প্রশ্ন, তিনি কি সংসদে ই-সিগারেট ব্যবহারের উপর ছাড়পত্র দিয়েছেন ৷ ওম বিড়লা জানান, এমন কোনও ছাড়পত্রই তিনি দেননি ৷ পাশাপাশি স্পিকার আরও জানান, লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখবেন ৷ সেই মতো এদিন চিঠি লিখলেন অনুরাগ ৷
লোকসভায় যখন তিনি এ সংক্রান্ত অভিযোগ করছেন তখনও কারও নাম নেননি ৷ তবে দমদমের তৃ়ণমূল সাংসদ সৌগত রায় জানান, অধিবেশন কক্ষের ভিতরে নয়, বাইরে তিনি ই-সিগারেট খেয়েছেন ৷ পরে সংবাদ মাধ্যমে প্রবীণ সাংসদের প্রতিক্রিয়া, অধিবেশন কক্ষের বাইরের চত্বরের জন্য কোনও নিয়ম নেই ৷ তিনি নিজের আসনে বসে এ ধরনের কোনও কিছু করেননি ৷ যা করেছেন সবটাই বাইরে ৷
অন্যদিকে, বিজেপি নেতা সংসদের সময় নষ্ট করছেন বলে অভিযোগ করেছেন লোকসভায় তৃণমূল আর এক সাংসদ কীর্তি আজাদ ৷ 1983 সালের ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য জানান, কারও বিরুদ্ধে এ ধরনের মন্তব্য করতে হলে নির্দিষ্ট প্রমাণ থাকা চাই ৷ কিন্তু অনুরাগ যা বলছেন তার সপক্ষে কোনও প্রমাণ দেখাতে পারেননি ৷ অতএব জিরো আওয়ারে এ ধরনের অভিযোগ এনে সংসদের সময় নষ্ট করতে চাইছেন অনুরাগ ৷

