ETV Bharat / bharat

হরিয়ানার গায়ক অঙ্কিত খুনে অভিযুক্তদের 'এনকাউন্টার', মৃত্যু দুই শার্প শুটারের

ধৃতদের খোঁজ দিতে পারলে মাথাপিছু 50 হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল ৷ সোমবার শামলিতে পুলিশের সঙ্গে গোলাগুলি চলার সময় তাদের মৃত্যু হয় ৷

Singer Ankit Baliyan Murder Case
এনকাউন্টারে মৃত দুই শার্পশুটার মোহিত ও সুমিত (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 31, 2026 at 9:35 AM IST

3 Min Read
Choose ETV Bharat

শামলি, (উত্তরপ্রদেশ), 31 অগস্ট: 'এনকাউন্টারে' মৃত্যু হল হরিয়ানার গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ান হত্যা মামলায় জড়িত দুই অভিযুক্তের ৷ এই দুই শার্প শুটারের মাথাপিছু 50 হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল ৷ সোমবার শামলিতে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে তাদের মৃত্যু হয় ৷ দুই শুটারকে এনকাউন্টারের ঘটনাকে স্বাগত জানিয়েছেন অঙ্কিতের বাবা সতবীর সিং । তবে তিনি দাবি করেছেন যে বাকি অভিযুক্তদেরও যেন হত্যা করা হয়, কারণ তাঁরা এখনও কেবল অর্ধেক ন্যায়বিচার পেয়েছে ।

শামলি পুলিশের দেওয়া বিবৃতি অনুযায়ী, অভিযুক্ত দু'জন হল মোহিত (22) ও সুমিত (24) ৷ দু'জনেই হরিয়ানার সোনিপতের বাসিন্দা । কাইরানা রোডে একটি গ্যাস গুদামের কাছে পুলিশের পাল্টা গুলিবর্ষণে তারা প্রথমে আহত হয় । পুলিশ জানায়, আহত অভিযুক্তদের শামলির জেলা যৌথ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন ।

এই এনকাউন্টারের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অঙ্কিতের বাবা সংবাদসংস্থা পিটিআইকে বলেন, "এই পদক্ষেপের জন্য আমরা পুলিশকে ধন্যবাদ জানাই । তবে, আমরা অর্ধেক ন্যায়বিচার পেয়েছি, বাকিটাও শীঘ্র পাওয়া উচিত । কারণ, এই ঘটনায় চারজন জড়িত ছিল এবং তাদের মধ্যে অর্ধেক এখনও পলাতক । তাদের সবাইকে হত্যা করা উচিত । তবেই আমরা ন্যায়বিচার পাব ।"

তিনি জানান, সোমবার সকালে তাঁকে খবর দেওয়া হয় যে তাঁর ছেলের হত্যাকাণ্ডে জড়িত দুই অভিযুক্ত নিহত হয়েছে । তবে, পুলিশি পদক্ষেপে পরিবার সন্তুষ্ট হলেও তারা মনে করছে, বাকি সন্দেহভাজনদের খতম করলেই ন্যায়বিচার পুরোপুরি নিশ্চিত হবে ।

জানা গিয়েছে, শামলি জেলার বান্টি খেড়া গ্রামে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন বেশ কয়েকজন রাজনৈতিক ও সামাজিক নেতা । ভারতীয় কিষাণ ইউনিয়নের (বিকেইউ) জাতীয় মুখপাত্র রাকেশ টিকাইতও রবিবার অঙ্কিতের পরিবারের সঙ্গে দেখা করেন । তিনি এই মামলার বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য 2 সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেন এবং উল্লেখ করেন যে, এরপর বিকেইউ তাদের পরবর্তী কর্মপন্থা বিবেচনা করবে ।

গত 26 অগস্ট সন্ধ্যা পৌনে সাতটার দিকে শামলির কোতোয়ালি এলাকার একটি জিম থেকে বেরিয়ে আসার সময় বালিয়ানের উপর হামলা চালানো হয় ৷ দু'টি মোটর সাইকেলে আসা চারজন হামলাকারী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে । তিনি গুরুতর আহত হন এবং দ্রুত স্থানীয় কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন । হামলার একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ৷ যেখানে দেখা যায় জিম থেকে বেরিয়ে বালিয়ান তাঁর গাড়ির দিকে হেঁটে যাওয়ার সময় ঘটনাটি ঘটে ।

তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্টে নিশ্চিত হওয়া গিয়েছে গায়ক ও ইউটিউবার বালিয়ানের শরীরে পাঁচটি গুলির আঘাত ছিল, যার মধ্যে দু'টি মাথায় । সেই কারণে দ্রুত তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়েন ৷

গায়কের পরিচিতি ও কেরিয়ার

তিনি মূলত হরিয়ানভি গান, রিলস এবং অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন । বালিয়ানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে 4 লাখ 20 হাজারের বেশি ফলোয়ার ছিল। তাঁর গাওয়া 'ভরি কোর্ট মে গোলি মারেঙ্গে মেরি জান', 'বেবি বদমাশ', 'গেনার', 'উত কসুত' এবং 'PTI'-এর মতো গানগুলি হরিয়ানার সঙ্গীতপ্রেমীদের মধ্যে বেশ জনপ্রিয়। তিনি মূলত হরিয়ানভি পপ এবং 'গ্যাংস্টার স্টাইল' বা 'দেশি সোয়্যাগ' ঘরানার গান গেয়ে যুবসমাজের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন ৷

বালিয়ান হরিয়ানভি আঞ্চলিক সঙ্গীত এবং বিনোদন জগতের এক উদীয়মান তারকা ছিলেন । তাঁর গানগুলিতে মূলত গ্রামীণ হরিয়ানার জীবনযাত্রা, সাহসিকতা এবং যুবসমাজের ট্রেন্ড ফুটিয়ে তোলা হতো। অঙ্কিত শুধু একজন গায়কই ছিলেন না, তিনি নিজের প্রায় প্রতিটি মিউজিক ভিডিয়োতে মূল অভিনেতার ভূমিকায় ক্যামেরার সামনে আসতেন ৷ তাঁর চশমা পরা লুক এবং অভিনয় দক্ষতা দর্শকদের আকৃষ্ট করত ।