দেশের প্রথম প্রবাল প্রাচীর গবেষণা কেন্দ্র, তৈরি হচ্ছে আন্দামানে
আন্দামানে 120 কোটি টাকা ব্যয় করে প্রবাল প্রাচীর গবেষণা কেন্দ্রটি তৈরি করতে চলেছে কেন্দ্র সরকার ৷

By PTI
Published : November 30, 2025 at 8:20 PM IST
শ্রীবিজয়পুরম, 30 নভেম্বর: দেশের প্রথম প্রবাল প্রাচীর গবেষণা কেন্দ্র (এনসিআরআরআই) তৈরি হতে চলেছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ৷ এক শীর্ষ আধিকারিক জানান 120 কোটি টাকা খরচ করে উন্নত গবেষণা, সংরক্ষণ এবং ব্যবস্থাপনা কেন্দ্রটি তৈরি করতে চলেছে কেন্দ্র সরকার ৷ দেশজুড়ে প্রবাল প্রাচীর গবেষণার জন্য নোডাল এবং পর্যবেক্ষণ সংস্থা হিসেবে কাজ করবে এই কেন্দ্রটি ৷
শীর্ষ আধিকারিক জানান, দক্ষিণ আন্দামানের চিড়িয়াটাপু এই ধরনের কেন্দ্রটি প্রথম তৈরি করা হবে পরিবেশ মন্ত্রকের তরফে ৷ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারতীয় জুয়োলজিক্যাল সার্ভের আঞ্চলিক কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্তা শিবাপেরুমান বলেন, "প্রবাল প্রাচীরের গুরুত্ব অপরিসীম ৷ উপকূলীয় অঞ্চলে সুরক্ষায় প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে ৷ উপকূলীয় অঞ্চলকে অনেকাংশে ঢেউয়ের হাত থেকে রক্ষা করে বড় বড় এই প্রাচীরগুলি ৷ এককথায়, উপকূলীয় অঞ্চলে জীবন ও সম্পত্তির ক্ষয় রোধ করতে প্রবাল প্রাচীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ৷" এই আবহে কেন্দ্রের এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান শিবাপেরুমান ৷
শিবাপেরুমান জানান, শ্রী বিজয় পুরমের জেডএসআই জাদুঘরে একটি কিউআর কোড-ভিত্তিক সিস্টেম চালু করা হবে ৷ এর মাধ্যমে জাদুঘরে প্রদর্শিত সকল প্রজাতির ছবি এবং তথ্য ডিজিটালি পেয়ে যাবেন দর্শকরা ৷ এই প্রসঙ্গে জেডএসআই (ZSI)-এর প্রাক্তন পরিচালক কৈলাস চন্দ্র জানান, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের চারটি জীববৈচিত্র্যের হটস্পটের মধ্যে অন্যতম ৷ এই জাদুঘরে পরিযায়ী এবং একক, উভয় প্রজাতির জীব সংগ্রহ করে রাখা রয়েছে ৷
শুক্রবার সন্ধ্যায় কোস্টাল অ্যান্ড মেরিন বায়োডাইভার্সিটি অফ আইল্যান্ড ইকোসিস্টেম-এর অনুষ্ঠানে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এবং তাপমাত্রা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন কৈলাস চন্দ্র ৷ সেই সঙ্গে সামুদ্রিক জীব এবং প্রবাল প্রাচীরের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাবও তুলে ধরেন তিনি ৷ বলেন, "দেশের সরকার নতুন আবিষ্কৃত প্রজাতির নামকরণের সুযোগ প্রদান করে জীববৈচিত্র্য নিয়ে মানুষদের সক্রিয়ভাবে উৎসাহিত করে তুলছে । পাশাপাশি, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কৃষি এবং জীববৈচিত্র্যের মধ্যে সংযোগে স্থাপনের চেষ্টা করা হচ্ছে সরকারের তরফে ৷"
উল্লেখ্য, বৃহস্পতিবার কোস্টাল অ্যান্ড মেরিন বায়োডাইভার্সিটি অফ আইল্যান্ড ইকোসিস্টেম-এর কর্মশালাটি শুরু হয় ৷ শনিবার ছিল কর্মশালার তৃতীয় তথা শেষদিন ৷ কর্মশালায় ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, আইএনএস জারাওয়া, ভারতীয় সেনাবাহিনী, আন্দামান ও নিকোবর পুলিশ-সহ বিভিন্ন সংস্থার মোট 20 জন কর্মী অংশগ্রহণ করেন ৷

