9 মাসে গর্ভবতী 341 নাবালিকা ! ঘুম ছুটেছে প্রশাসনের
এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে এত সংখ্যক নাবালিকার গর্ভবতী হওয়ার কারণ জানতে অনুসন্ধান শুরু করছে রাজ্য প্রশাসন ৷

Published : December 12, 2025 at 5:35 PM IST
মহসেনা (গুজরাত), 12 ডিসেম্বর: মাত্র ন'মাসে গর্ভবতী একটি জেলার 341 জন নাবালিকা ৷ তার মধ্যে একজনের বয়স মাত্র 12 ৷ 76 জনের বয়স 16 বছরের কম ৷ 17 বছরের কম এমন নাবালিকার সংখ্যা 229 ৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গুজরাতের মহসেনায় ৷
রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত একটি রিপোর্টে এই পরিসংখ্যানটি তুলে ধরা হয়েছে ৷ প্রশাসনের কর্তাদের প্রাথমিক অনুমান, বাল্যবিবাহের কারণে এত সংখ্যক নাবালিকা সন্তানসম্ভবা হয়েছে ৷ রিপোর্টে আরও বলা হয়েছে, 2025 সালের এপ্রিল থেকে ডিসেম্বের মধ্যে এই নাবালিকাদের গর্ভবতী হওয়ার ঘটনাগুলি ঘটেছে ৷
রাজ্য প্রশাসনকে আলাদা করে ভাবাচ্ছে 12 বছর বয়সি এক নাবালিকার গর্ভবতী হওয়ার বিষয়টি ৷ পরিবার তার বিয়ে দিয়েছিল বলে অনুমান প্রশাসনের ৷ আপাতত সেই তথ্য সংগ্রহের কাজ চলছে ৷ পর্যাপ্ত প্রমাণ হাতে পেলে বাবার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে ৷ এত কম বয়সে শরীর সন্তান ধারনের জন্য তৈরি হয় না ৷ তাই রক্তাল্পতার মতো নানা ধরনের জটিলতা দেখা দেয় ৷ প্রসবের সময় মায়ের মৃত্যুর আশঙ্কা থেকে যায় পুরোমাত্রায় ৷
ওই নাবালিকার পরিবারের সম্মতি নিয়ে তাঁর গর্ভপাত করা হয়েছে 4 ডিসেম্বর ৷ আপাতত তাকে একটি হোমে নিয়ে যাওয়া হয়েছে ৷ সেখানেই তার শিক্ষার ব্যবস্থাও হবে বলে জানা গিয়েছে ৷ জেলার অতিরিক্ত স্বাস্থ্য অধিকর্তা ঘনশ্যাম গাদভি বলেন, "নাবালিকা তার শরীরে সন্তান রাখতে চায়নি ৷ আমাদের দফতরের আধিকারিকরা তার সঙ্গে দীর্ঘ আলোচনা করেছে ৷ পরে সমস্তরকম সাবধনতা অবলম্বন করে তার গর্ভপাত হয়েছে ৷ সে একটি ছেলের সঙ্গে থাকত বলে আমরা জানতে পেরেছি ৷"
সামাজিক সুরক্ষা আধিকারিক আরতিবেন বলেন, "নাবালিকার সঙ্গে কথা বলে জানতে পেরেছি, সে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশুনো করেছে ৷ তারপর কোনও কারণে পড়াশুনো ছেড়ে দেয় ৷ তখন থেকে সে এক নাবালকের সঙ্গে থাকত ৷ কিন্তু দুজনের বিয়ে হয়েছে কিনা সেই সংক্রান্ত তথ্য এখনও আমাদের হাতে এসে পৌঁছয়নি ৷ বিয়ে হয়েছিল কি না তা জানতে আমরা পরিবারের আত্মীয় থেকে শুরু করে পরিচিতদের সঙ্গে কথা বলছি ৷ আপাতত নাবালিকাকে অন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছে ৷ বাদবাকি পঠনপাঠন এখানেই হবে ৷"
জেলার মধ্যে দুটি মহকুমা কারি (88) এবং মহসেনায় (80) সবচেয়ে বেশি সংখ্যক নাবালিকা গর্ভবতী হয়ে পড়েছে বলে জানা গিয়েছে রিপোর্ট থেকে ৷ আলাদা করে এর কারণ অনুসন্ধান করছে প্রশাসন ৷ পাশাপাশি এই দুটি এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে ৷ এখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে সচেতনতা বাড়ানো উদ্যোগও নেওয়া হবে ৷ তাছাড়া আরও কয়েকটি মহকুমা থেকে পাওয়া পরিসংখ্যানও চিন্তায় রেখেছে প্রশাসনকে ৷ এমনিতে এই 341 জনে নাবালিকার শরীর কেমন আছে তা জানতে নজর রাখছে প্রশাসন ৷ মহকুমার স্বাস্থ্য় আধিারিকরা নিয়মিত সেই কাজ করে চলেছেন ৷ তাঁরা নিয়মিত বাড়ি বাড়ি গিয়ে খোঁজ-খবর নিচ্ছেন, তথ্য় সংগ্রহ করছেন ৷ কারও শরীরে কোনও জটিলতা দেখা দিলেই তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হচ্ছে ৷

