মিথ ভাঙতে চন্দ্রগ্রহণের সময় বিয়ের পিঁড়িতে 19 দম্পতি
গতকাল বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী থেকে বিশ্বের একাংশ ৷ এই সময় কোনও শুভ কাজ না-করাই প্রচলিত ধারণা ৷ এর বিরুদ্ধে বিয়ের আসর বসল কর্ণাটকে ৷

Published : March 4, 2026 at 5:20 PM IST
গাডাগ (কর্ণাটক), 4 মার্চ: চন্দ্রগ্রহণের সময় বিয়ের মতো কোনও শুভ কাজ করা উচিত নয় ৷ এই মিথ ভাঙলেন 19 দম্পতি ৷ চন্দ্রগ্রহণের সময় বিয়ে না-করার মতবাদকে চ্যালেঞ্জ করে গতকাল ওই সময়েই বিয়ে সারলেন তাঁরা ৷ এই বিয়ের আসর বসেছিল কর্ণাটকের গাডাগে ৷ গাডাগ-এ লিঙ্গায়ত সন্ন্যাসী পণ্ডিত পুত্তারাজা গাওয়াই-এর 112তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে এই আন্তঃধর্মীয় মেগা বিয়ের আয়োজন করা হয় ৷
লিঙ্গায়ত ধর্মগুরুর জন্মবার্ষিকী অনুষ্ঠানে এপিএমসি এলাকায় হাজার হাজার ভক্ত জড়ো হন ৷ পণ্ডিত পুত্তারাজা গাওয়াইকে 'উত্তর কর্ণাটকের চলমান ঈশ্বর' বলে উল্লেখ করা হয় ৷ মঙ্গলবার দুপুরে 3.20 মিনিট থেকে বছরের প্রথম চন্দ্রগ্রহণ শুরু হয় ৷ শেষ হয় সন্ধ্যা 6.47 মিনিটে ৷ প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই সমকালের মধ্যে বিয়ে বা অন্য কোনও শুভ কাজ করা উচিত নয় ৷ বিয়েতে এর কুপ্রভাব পড়ে ৷ বিয়ে ভেঙে যেতে পারে বলে মনে করা হয় ৷
এই কুসংস্কারকে চ্যালেঞ্জ জানিয়ে সমাজে ব্যতিক্রমী বার্তা দিতে এই বিয়ের আয়োজন করা হয়েছিল ৷ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্যের প্রতীক হিসাবে হিন্দু ও মুসলিম- বিভিন্ন ধর্মের পরিবার এই বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়েছিল ৷ সদ্যবিবাহিত দম্পতিদের বিনামূল্যে মঙ্গলসূত্র ও জামাকাপড় দেওয়া হয় ৷
সকালে পণ্ডিত পুত্তারাজা গাওয়াইয়ের ছবি নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় জাঁকজমকপূর্ণ মিছিল করা হয় ৷ এরপর হয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠান ৷ এই উদযাপনের অংশ হিসাবে 112 কেজির একটি কেক আনুষ্ঠানিকভাবে কাটা হয় ৷ 1 হাজার 12 জন বিবাহিত মহিলাদের নিয়ে কুমকুম কলস মিছিল হয় ৷
গতকাল বিরল চন্দ্রগ্রহণের সাক্ষী ছিল বিশ্বের একাংশ ৷ বছরের প্রথম চন্দ্রগ্রহণটি দুপুরে 3.20 মিনিট থেকে শুরু হয়ে সন্ধ্যা 6.47 মিনিট পর্যন্ত স্থায়ী হয়েছিল ৷ সবমিলিয়ে মোট 5 ঘণ্টা 39 মিনিট ধরে চলেছিল এই গ্রহণ ৷ পৃথিবী, সূর্য ও চাঁদের মাঝখানে চলে এলে এবং তিন জন একই সরলরেখায় থাকলে, তখন চন্দ্রগ্রহণ হয় ৷ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়েছে 4.34 মিনিট থেকে 5.33 মিনিট পর্যন্ত ৷ 59 মিনিট ধরে আকাশে দেখা গিয়েছিল লাল চাঁদ, যা বিরল ৷ এরপর 2028-29 সালের বর্ষবরণের রাতে এই বিরল গ্রহণ ফের দেখা যাবে ৷

