বন্ধ হবে কল রেকর্ডিং, আইফোন ব্যবহারকারীদের জন্য নয়া সিদ্ধান্ত এই অ্যাপের
অপরিচিত নম্বরের তথ্য খোঁজার জনপ্রিয় অ্যাপ ট্রুকলার ৷ বেশিরভাগই মানুষ অ্যান্ড্রয়েড-আইফোনে Truecaller ব্যবহার করেন। কিন্তু এবার তাতে আর কল রেকর্ডিং করা যাবে না ৷

Published : August 5, 2025 at 5:01 PM IST
হায়দরাবাদ, 5 অগস্ট: অচেনা নম্বর থেকে ফোন এলে অনেকেই প্রথমে তা ধরেন না। কিন্তু কে ফোন করেছেন, সেটা জানার জন্য রয়েছে ট্রু কলার অ্যাপ। এখন সিংহভাগের ফোনেই এই অ্যাপ রয়েছে। অচেনা নম্বর থেকে ফোন এলেই ট্রু কলার-এ ভেসে ওঠে সেই ব্যক্তির নাম। এর ফলে কোন ফোন ধরবেন আর কোনটি ধরবেন, তা সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। কিন্তু এর পাশাপাশি এই অ্যাপ আরও একটি কারণে ব্যবহার করেন গ্রাহকরা ৷ তা হল- কল রেকর্ডিং ৷ সেই সুবিধা এবার আইফোন ব্যবহারকারীদের জন্য বন্ধ করে দিতে চলেছে Truecaller ৷
এবার থেকে ট্রু কলারে আর কল রেকর্ডিং-এর সুবিধা মিলবে না ৷ তবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এই নিষেধাজ্ঞা নিয়ে এখনও কিছু জানানো হয়নি ৷ রিপোর্ট অনুযায়ী, Truecaller আগামী 30 সেপ্টেম্বর থেকে আইফোনে কল রেকর্ডিংয়ের এই ফিচার বন্ধ করে দেবে ।
তাই যদি আইফোন ব্যবহারকারীরা ইতিমধ্যেই তাঁদের ফোনে Truecaller অ্যাপে কল রেকর্ডিং সংরক্ষণ করে থাকেন, তাহলে 30 সেপ্টেম্বরের পরে আর তা অ্যাক্সেস করতে পারবেন না । কিন্তু কেন এই কল রেকডিং ফিচারটি বন্ধ করছে Truecaller ? তার কারণও উল্লেখ করা হয়েছে এই অ্যাপের তরফে ৷
আমেরিকার এক ডিজিটাল সংবাদমাধ্যম টেকক্রাঞ্চে প্রকাশিত খবরে জানা গিয়েছে ট্রুকলারের এই সিদ্ধান্তের কথা ৷ সেখানেই প্রথম উল্লেখ করা হয়, আগামী 30 সেপ্টেম্বর থেকে ট্রুকলার আইফোনে কল রেকর্ডিং ফিচারটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে কথা বলতে গিয়ে, ট্রুকলারের iOS প্রোডাক্ট ডিরেক্টর নকুল কাবরা জানিয়েছেন, কোম্পানি এখন কল রেকর্ডিং ফিচারকে মনোযোগ সরিয়ে স্প্যাম কলগুলির সঙ্গে লড়াই করতে তাঁদের যে ব্যবস্থা আছে তাকে আরও উন্নত করার উপর জোর দিচ্ছে ৷
স্প্যাম কলের বিরুদ্ধে লড়াইয়ের উপর জোর দেওয়া হবে
- আইফোনে স্প্যাম কল এড়াতে এবং সিস্টেমকে উন্নত করার জন্য ট্রুকলার কিছু বিশেষ পরিকল্পনা করেছে।
লাইভ কলার আইডি - লাইভ কলার আইডি সুবিধা হল, অপরিচিতি নম্বর থেকে কেউ কল করলেই ভার্চুয়াল সহকারী সিরির মাধ্যমে ফোন কল করা ব্যক্তির পরিচয় জানতে পারবেন আইফোন ব্যবহারকারীরা । এ জন্য বাড়তি কোনও কষ্টও করতে হবে না, অপরিচিত নম্বর থেকে ফোন কল আসার পর 'হাই সিরি সার্চ ট্রুকলার' বললেই আইফোনের পর্দায় সেই ব্যক্তির নাম-পরিচয় দেখা যাবে । অ্যান্ড্রয়েড ফোনে অনেকদিন আগে থেকেই লাইভ কলার আইডি ব্যবহার করা যায় ৷
আইফোনে এতদিনের রেকর্ডিংগুলি কী হবে ?
আপনি যদি আইফোন ব্যবহারকারী হন এবং Truecaller অ্যাপে যদি কল রেকর্ড করে রাখেন তাহলে আপনার মনে অবশ্যই এই প্রশ্নটি আসছে যে সেই রেকর্ডিংগুলির কী হবে । Truecaller তার পেজে আইফোন ব্যবহারকারীদের জন্য তিনটি বিকল্পের অপশন দিয়েছে ৷
- ব্যবহারকারীরা রেকর্ডিংগুলি ডাউনলোড করে ফোনে সংরক্ষণ করতে পারবেন ।
- ই-মেইল বা যে কোনও মেসেজিং অ্যাপের মাধ্যমে রেকর্ডিং শেয়ার করতে পারবেন ।
- ব্যবহারকারীরা TrueCaller থেকে iCloud-এ রেকর্ডিংয়ে স্থানান্তরিত হতে পারবেন ৷
আইফোন ও অ্যান্ড্রয়েডে ট্রুকলারে কল রেকর্ডিংয়ের ব্যবস্থা আলাদা
Truecaller-এর কল রেকর্ডিং ফিচারটি আইফোন এবং অ্যান্ড্রয়েডে আলাদা আলাদাভাবে কাজ করে ৷ তবে আইফোনে রেকর্ডিং ফিচারটি একটু কঠিন । আইফোনে Truecaller-এর মাধ্যমে কল রেকর্ড করতে গেলে, প্রথমে রেকর্ডিংটা খুলতে হবে এবং তারপর ফোন কলকে রেকর্ড করতে হয় ৷ কিন্তু অ্যান্ড্রয়েডে Truecaller-এর মাধ্যমে কল রেকর্ড করতে, ব্যবহারকারীদের কেবল ডায়াল লিস্টের রেকর্ডিং বোতাম চিপলেই তা শুরু হয়ে যায় ৷ তবে, ব্যবহারকারীরা আইফোনের ডিফল্ট ডায়ালার থেকে কল করেন, তাহলে তার জন্য একটি ফ্লোটিং অ্যাকশন বাটন (FAB) থাকে, তবে 30 সেপ্টেম্বরের পরে তা কাজ করবে না ৷ কারণ তখন আইফোনে রেকর্ডিংয়ের সুবিধা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে । তবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এই নিষেধাজ্ঞা নিয়ে এখনও কিছু জানানো হয়নি ৷

