ETV Bharat / state

সিগারেটের ছ্যাঁকার ক্ষত-গলায় কালসিটে ! তরুণীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, গণধর্ষণের অভিযোগ

বৃহস্পতিবার স্কুলে যাওয়ার নাম করে বেরিয়ে আসানসোল আসে তরুণী, দাবি পরিবারের ৷ প্রেমিকের সঙ্গে দেখা করতে এসেই কি খুন ! গ্রেফতার অভিযুক্ত প্রেমিক ৷

YOUNG WOMAN BODY RECOVERED
আসানসোল প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে খুন দুর্গাপুরের তরুণী ৷ (নিজস্ব ছবি ৷)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 30, 2025 at 3:03 PM IST

4 Min Read
Choose ETV Bharat

আসানসোল/দুর্গাপুর, 30 অগস্ট: দেহে সিগারেটের ছ্যাঁকার ক্ষত, গলায় কালসিটে দাগ, মুখে রক্ত বের হওয়ার চিহ্ন ৷ এই অবস্থায় শুক্রবার আসানসোল দক্ষিণ থানার ডামরা এলাকায় পলাশডাঙার জঙ্গলে একটি ঝোপের মধ্যে উদ্ধার করা হয় এক তরুণীর দেহ ৷ অভিযোগ, প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে মর্মান্তিক পরিণতি হয়েছে ওই তরুণীর ৷

পুলিশ অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করেছে ৷ ধৃতের নাম রাকেশ সিং ৷ তবে পরিবারের দাবি, মেয়েটিকে গণধর্ষণের পর খুন করা হয়েছে ৷ যদিও, এই নিয়ে কোনও লিখিত অভিযোগ এখনও দায়ের করেনি পরিবার ৷ পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলে তবেই মৃত্যুর আসল কারণ জানা যাবে ৷

আসানসোল প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে খুন দুর্গাপুরের তরুণী ৷ (ইটিভি ভারত)

ওই তরুণী দুর্গাপুরের গোপাল মাঠ এলাকার বাসিন্দা ৷ নিহত তরুণীর পরিবারের দাবি, বৃহস্পতিবার সকালে স্কুলে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি ৷ অভিযোগ, দশম শ্রেণির ছাত্রী ওই তরুণী গত বৃহস্পতিবার স্কুল পালিয়ে রাকেশ সিং নামে এক যুবকের সঙ্গে দেখা করতে এসেছিলেন আসানসোলে ৷ কিন্তু, বিকেল 5টা বেজে গেলেও বাড়ি না-ফেরায়, স্কুলে গিয়ে খোঁজ নেয় পরিবার ৷ জানা যায়, সেদিন স্কুলেই যাননি তিনি ৷

এরপর শুক্রবার সকালে স্থানীয় পুলিশ ফাঁড়িতে মেয়ের নিখোঁজের অভিযোগ দায়ের করে পরিবার ৷ আর বিকেলে পরিবারের কাছে খবর আসে তাঁদের মেয়ের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, শুক্রবার পলাশডাঙার জঙ্গল এলাকায় ঝোপের মধ্যে লতাপাতা দিয়ে চাপা দেওয়া অবস্থায় একটি মেয়ের দেহ দেখতে পান স্থানীয়রা ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে ৷ শনিবার ওই তরুণীর দেহের ময়নাতদন্ত হবে ৷

জানা যায়, তরুণীর দেহে সিগারেটের ছ্যাঁকার ক্ষত ছিল ৷ তাঁর গলায় কালসিটে দাগ পাওয়া গিয়েছে ৷ মুখ থেকে রক্ত বেরিয়েছে ৷ তবে, পরিবারের দাবি অনুযায়ী, তাঁর সঙ্গে সত্যিই ধর্ষণ বা গণধর্ষণ হয়েছে কি না, তা নিয়ে পুলিশ কোনও মন্তব্য করতে চায়নি ৷ ময়নাতদন্তের রিপোর্ট এলেই বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ ৷

Young Woman Body Recovered
আসানসোলে যুবতীর দেহ উদ্ধারের ঘটনার তদন্তে পুলিশ ৷ (নিজস্ব ছবি)

এই নিয়ে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটরে ডিসি (সেন্ট্রাল) ধ্রুব দাস বলেন, "এক তরুণীর দেহ উদ্ধার করা হয়েছিল ডামরা থেকে ৷ পরে তাঁর পরিচয় জানা গিয়েছে ৷ পরিবারের অভিযোগের ভিত্তিতে এক যুবককে গ্রেফতার করা হয়েছে ৷ পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে ৷"

স্থানীয় সূত্রে খবর, রাকেশ পাসওয়ানের সঙ্গে তরুণীর একটি পারিবারিক অনুষ্ঠানে আলাপ হয়েছিল ৷ সেখানেই তাঁদের পরিচয় হয় ৷ এরপর মোবাইল নম্বর এক্সচেঞ্জ করে দু’জনে ৷ যদিও, ওই তরুণীর নিজের মোবাইল ছিল না ৷ তাঁর বাবার ফোন থেকেই রাকেশের সঙ্গে কথা বলতেন ৷ বিষয়টি জানতে পেরে মেয়েকে বকাবকিও করেছিল পরিবার ৷

তবে, বৃহস্পতিবার মেয়ের খোঁজ না-পেয়ে মোবাইল ফোন ঘেঁটে তরুণীর বাবা জানতে পারেন, সকাল সাড়ে 9টা নাগাদ রাকেশের সঙ্গে কথা বলেছিলেন তিনি ৷ তরুণীর দেহ উদ্ধারের পর পুলিশকে সেই তথ্য জানান পরিবারের সদস্য়রা ৷ তার ভিত্তিতেই রাকেশকে গ্রেফতার করে পুলিশ ৷

YOUNG WOMAN BODY RECOVERED
অভিযুক্ত রাকেশ পাসওয়ানকে গ্রেফতার করেছে পুলিশ ৷ (নিজস্ব ছবি ৷)

নিহত তরুণীর বাবার দাবি, "স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল মেয়ে ৷ তারপর আর বাড়ি ফেরেনি ৷ এদিক ওদিক খোঁজাখুঁজির পরেও মেয়ের কোনও সন্ধান পাইনি ৷ পরেরদিন জানতে পারি মেয়ের দেহ উদ্ধার হয়েছে ৷ এরপর আমার ফোন চেক করে দেখি, বাড়ি থেকে বেরনোর আগে রাকেশের সঙ্গে কথা হয়েছে মেয়ের ৷ আমার মেয়ের দেহের যে অবস্থা ছিল, তাতে আমরা নিশ্চিত ওকে গণধর্ষণ করে খুন করা হয়েছে ৷ আমাদের দৃঢ় বিশ্বাস ওই ছেলে আমার মেয়েকে খুন করেছে ৷ তার আগে অনেকে মিলে ওকে ধর্ষণ করেছে ৷ অভিযুক্তদের ফাঁসির দাবি জানাচ্ছি আমরা ৷"

মেয়েটির মা বলেন, "মাঝেমধ্যেই ছেলেটির ফোন আসতো ওর বাবার মোবাইলে ৷ আসলে মেয়ের কাছে কোনও ফোন ছিল না ৷ জিজ্ঞাসা করলে বলতো বন্ধু ফোন করেছে ৷ এমন ঘটনা ঘটে যাবে আন্দাজ করতে পারিনি ৷ স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে এমন পরিণতি হল মেয়ের ৷"