ETV Bharat / state

মদের আসরে পিটিয়ে খুন ! যুবকের রক্তাক্ত দেহ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর বাড়িতে

প্রাক্তন পুলিশ কর্মীর ছেলে ও তাঁর মা এবং দুই বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে । খুন না অন্য কিছু তা খতিয়ে দেখছে পুলিশ ।

Madhyamgram murder case
যুবকের রক্তাক্ত দেহ মিলল অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর বাড়িতে (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : September 8, 2025 at 7:28 PM IST

3 Min Read
Choose ETV Bharat

মধ্যমগ্রাম, 8 সেপ্টেম্বর: অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর বাড়িতে মিলল যুবকের রক্তাক্ত দেহ ৷ মৃতের নাম বুদ্ধদেব মণ্ডল । অভিযোগ, মদের আসরে ওই যুবককে পিটিয়ে খুন করা হয়েছে । অভিযোগের আঙুল যুবকের বন্ধুদের দিকেই । বচসা, হাতাহাতি চলাকালীন বছর 24-এর এই যুবককে বন্ধুরা মিলে খুন করেছে বলে দাবি স্থানীয়দেরও ।

ঘটনার জেরে সোমবার শোরগোল পড়ে গিয়েছে উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের হুমাইপুরে । এই ঘটনায় প্রাক্তন পুলিশ কর্মীর ছেলে আজাদ রহমান ও তাঁর মা এবং দুই বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে । এটি খুন না অন্য কোনও ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ । তবে যুবকের শরীরে আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে পুলিশও মনে করছে এটি খুনের ঘটনা । যদিও বিষয়টি নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের দিকেই তাকিয়ে তদন্তকারীরা । ঘটনার তদন্তে নেমেছে মধ্যমগ্রাম থানার পুলিশ ।

মদের আসরে পিটিয়ে খুন ! যুবকের রক্তাক্ত দেহ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর বাড়িতে (ইটিভি ভারত)

অভিযোগ, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী মতিয়ার রহমানের ছেলে আজাদ বাড়িতে প্রায় দিনই মদের আসর বসাতেন । স্থানীয়দের একাংশের দাবি, সেই মদের আসরে নিয়মিত চলত ঝগড়াঝাটি । কখনও কখনও চিৎকারও ভেসে আসত তাঁদের কানে । সোমবারও আজাদ এবং তাঁর বন্ধুরা মদের আসর বসিয়েছিল । সেই সময় হঠাৎ তাঁদের মধ্যে শুরু হয় তুমুল ঝগড়া । চলে কথা কাটাকাটিও । যা পরবর্তীতে গড়ায় হাতাহাতিতে । সেখানে হাজির ছিলেন বুদ্ধদেবও । ওই মদের আসরে উপস্থিত অন‍্যরা এই যুবককে পিটিয়ে খুন করেছে বলেই অভিযোগ উঠেছে ।

এদিন সকালে মতিয়ার রহমানের বাড়ির বাগানে বুদ্ধদেবের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা । যুবকের গলায় এবং শরীরের বিভিন্ন অংশে ছিল আঘাতের চিহ্ন । তা দেখে মধ্যমগ্রাম থানায় খবর দেন তাঁরা । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবকের দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠায় বারাসত মেডিক্যাল কলেজে । এই ঘটনায় প্রাক্তন পুলিশ কর্মীর ছেলে, স্ত্রী ও আজাদের দুই বন্ধুকে আটক করেছে ।

Madhyamgram murder case
মৃত বুদ্ধদেব মণ্ডল (নিজস্ব ছবি)

গোটা ঘটনায় আজাদ ও তাঁর পরিবারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন এলাকার লোকজন । স্থানীয় বাসিন্দা জামাইল ইসলাম বলেন, "প্রতিদিন সন্ধ্যায় বাড়ির ভিতরে নেশার আসর বসাতেন আজাদ । সেই আসরে ভিড় জমাতেন বাইরের লোকজনও । এ নিয়ে বলেও কোনও সুরাহা হয়নি । রবিবার সন্ধ্যাতেও সেখানে মদের আসর বসেছিল । সম্ভবত সেই আসরেই যুবককে খুন করে দেহ পরের দিন সকালে ফেলে দেওয়া হয়েছে । পুলিশ চার জনকে ধরে নিয়ে গিয়েছে । আমরা চাই, দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হোক । যাতে কেউ এই ধরনের ঘটনা ঘটানোর আগে দু'বার ভাবে !"

Madhyamgram murder case
মদের আসরে পিটিয়ে খুনের অভিযোগ যুবককে (নিজস্ব ছবি)

এদিকে, বিষয়টি নিয়ে বারাসত পুলিশ জেলার পদস্থ এক পুলিশ কর্তা বলেন, "গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে । কেন মদের আসরে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে । খুনের ঘটনাস্থল ঘিরে দেওয়া হয়েছে । আটকদের জিজ্ঞাসাবাদ চলছে । জেরায় সন্দেহজনক কিছু মিললেই তাঁদের গ্রেফতার করা হতে পারে ।"