হিন্দমোটর স্টেশনে তরুণীর শ্লীলতাহানি ! বিহারের যুবককে ঝাঁটা পেটা-জুতোর মালা নিত্যযাত্রীদের
অভিযুক্ত যুবকের বাড়ি বিহারে । হুগলির হিন্দমোটর এলাকায় তাঁর কাকার ফুচকার দোকানে কাজ করেন তিনি ৷

Published : July 19, 2025 at 8:22 PM IST
হিন্দমোটর, 19 জুলাই: রেল স্টেশনে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে থাকা তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ৷ যুবককে ধরে বেধড়ক মারধর করল নিত্যযাত্রী থেকে মহিলারা ৷ তারপর ঝাঁটা পেটা করে তাঁর গলায় পরিয়ে দেওয়া হয় জুতোর মালা । ঘটনাটি ঘটেছে হুগলির হিন্দমোটর স্টেশনে অস্থায়ী টিকিট কাউন্টারে । উত্তরপাড়া থানার পুলিশ ওই যুবককে পরে আটক করে ।
এই ঘটনায় চন্দননগর কমিশনারেটের ডিসিপি অর্ণব বিশ্বাস বলেন, "স্থানীয় বাসিন্দারা এক যুবককে ধরে পুলিশের কাছে দিয়েছে । যে মেয়েটির সঙ্গে ঘটনা ঘটেছে সে চলে যায় । অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে । পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে ।"
হিন্দমোটর স্টেশনের পাশে বিদ্যাসাগর রোডের কাছে একটি রেলের অস্থায়ী টিকিট কাউন্টার রয়েছে । স্থানীয় সূত্রে খবর, শনিবার ভোরে সেই টিকিট কাউন্টারে টিকিট কাটতে যান এক তরুণী । অভিযোগ, সেই সময় তরুণীর শ্লীলতাহানি করে এক যুবক । হঠাৎ ওই যুবক সাইকেল নিয়ে টিকিট কাউন্টারের সামনে এসে দাঁড়ান । এরপরেই ওই যুবক তরুণীর উপর ঝাঁপিয়ে পড়েন বলে অভিযোগ । ঘটনায় আতঙ্কিত হয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করে দেন তরুণী । তখনই স্টেশনের নিত্যযাত্রীরা যুবককে ধরে বেঁধে মারধর করে ।
জানা গিয়েছে, অভিযুক্তের বাড়ি বিহারে । হুগলির হিন্দমোটর এলাকায় তাঁর কাকার ফুচকার একটি দোকান রয়েছে । যুবক ফুচকার দোকানে কাজ করেন । হঠাৎ কেন এই ধরনের কাজ করলেন তিনি, তা তদন্ত করে দেখছে পুলিশ ।
এদিনের ঘটনার বিষয়ে স্থানীয় বাসিন্দা সীমা সাহা বলেন, "এটা লজ্জাজনক ঘটনা । এভাবে চলতে থাকলে মেয়েরা বাড়ির বাইরে বেরতে পারবে না । বিপজ্জনক ব্যাপার । সকলকেই রাস্তায় বেরতে হবে । কেউ সুরক্ষিত নয় । হিন্দমোটরে আগে এরকম ঘটনা ঘটেনি । এদিনের ঘটনায় অভিযুক্তকে যথাযথ শাস্তি দেওয়া হোক ।"
উত্তরপাড়া পুরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর কংস বণিক বলেন, "তরুণীকে শ্লীলতাহানি করার ঘটনার কথা শুনেছি ৷ এই ঘটনা খুব দুর্ভাগ্যজনক । এ ধরনের ঘটনা অতীতে আমাদের এখানে কোনোদিন ঘটেনি । স্থানীয়রা ওই যুবককে ধরে ফেলে । ঘটনাস্থলে পুলিশ এলে অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যায় ।"
গণপিটুনি
গণপিটুনি একটি সামাজিক ব্যাধি । আমরা জানি হিংসা কোনও সমস্যার সমাধান নয় । আইন নিজের হাতে তুলে নেবেন না । কোনও গুজবে প্রভাবিত হবেন না । কোথাও কোনও সমস্যা হলে সরাসরি পুলিশ ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন । সুরক্ষিত থাকুন । সমাজকে সুরক্ষিত রাখার ভার আপনারও ।

