অনুব্রত 'ঘনিষ্ঠ' শিক্ষক সংগঠনের নেতাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ
তৃণমূল মাধ্যমিক শিক্ষা সমিতির জেলা সভাপতি ও চেয়ারপার্সনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করল শিক্ষক সংগঠনের একাংশ ৷ সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বীরভূমের তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন ৷

Published : June 7, 2025 at 1:05 PM IST
রামপুরহাট, 7 জুন: অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ শিক্ষক সংগঠনের জেলা সভাপতি ও চেয়ারপার্সনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ ৷ শুক্রবার এই অভিযোগ তুলে বীরভূমের তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন আশিস বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হলেন রাজ্য তৃণমূল মাধ্যমিক শিক্ষা সমিতির সহ-সভাপতি সমেত প্রায় 85 সদস্য । রামপুরহাটে তাঁর বাড়িতে এসে তাঁরা একটি লিখিত অভিযোগ জমা দেন । শিক্ষক সংগঠনের দাবি, চেয়ারপার্সন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক ।
মূলত বীরভূমের জেলা সভাপতির পদ থেকে আগেই সরিয়ে দেওয়া হয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের 'অতি ঘনিষ্ঠ' অনুব্রত মণ্ডলকে । তারপর বোলপুর থানার আইসি'কে কদর্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে অনুব্রত কোনঠাসা । এবার অনুব্রত 'ঘনিষ্ঠ' বীরভূমের মাধ্যমিক শিক্ষা সমিতির চেয়ারপার্সন প্রলয় নায়েককে সরাতে পথে নেমেছেন দলের শিক্ষক সংগঠন ।
জানা গিয়েছে, প্রলয় নায়েকের তত্বাবধানে এবং 'আধিপত্যয়' চলে বীরভূমে তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠন । তাঁর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে দলের চেয়ারপার্সনের দ্বারস্থ হওয়ায়, ফের অনুব্রত মণ্ডলের আরও একটি 'ডানা ছাঁটার' প্রক্রিয়া শুরু হল বলে গুঞ্জন বীরভূমের রাজনৈতিক মহলে ৷
মাধ্যমিক শিক্ষা সমিতির জেলা সহ-সভাপতি প্রবাল সামন্ত বলেন, "আমাদের সংগঠনের জেলা চেয়ারপার্সন প্রলয় নায়েক, সভাপতি অভিজিৎ নন্দ সকলকে নিয়ে কাজ করছেন না । তাঁরা অগণতান্ত্রিক পদ্ধতিতে সংগঠন পরিচালনা করছে । জেলার বিভিন্ন অনুষ্ঠানে আমাদের জানানো হচ্ছে না । যেমন, সংগঠনের ব্যানারে ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হচ্ছে কিন্তু আমরা জানতে পারছি না ।"

সংগঠনের সম্পাদক সন্দীপকুমার মণ্ডল বলেন, "আমরা বহু বিষয়ে সংগঠনের কাজ থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি । আমাদের দাবি, সকলকে নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে যিনি সংগঠন পরিচালনা করতে পারবেন তাকেই দায়িত্ব দেওয়া হোক । বিষয়টি আমরা আশিস বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছি, উনি আমাদের বিষয়টি কোর কমিটিতে আলোচনা করার আশ্বাস দিয়েছেন ।"
এদিকে তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার চেয়ারপার্সন আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, "শিক্ষক সংগঠনের একাংশ আমার কাছে কিছু সমস্যার কথা লিখিতভাবে জানিয়েছেন । আমি বিষয়টি কোর কমিটির বৈঠকে আলোচনা করে সমাধান করার চেষ্টা করব ।"

