ধূমপান না-করলেও হতে পারে ফুসফুস ক্যানসার ! উপসর্গ কী ? জানুন, জানান
ধূমপান না-করলেও এই রোগ হতে পারে ৷ বিশ্ব ফুসফুস ক্যানসার দিবসে বিশেষজ্ঞ চিকিৎসক কী পরামর্শ দিচ্ছেন, জানতে প্রতিবেদনটি পড়ুন ৷

Published : August 1, 2025 at 8:19 PM IST
কলকাতা, 1 অগস্ট: ফুসফুস ক্যানসারে সারা বিশ্বের মধ্যে ভারতের স্থান চতুর্থ । বহু মানুষ ভোগেন এই কঠিন রোগে ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, সারা দেশে 2022 সালে প্রায় 25 লক্ষ নতুন রোগী শনাক্ত হয় । মৃত্যু হয় 18 লক্ষের । এর মধ্যে অধিকাংশই ধূমপান করেন । তবে যাঁরা ধূমপায়ী নন, তাঁদেরও ফুসফুসে ক্যানসার হওয়ার একাধিক উদাহরণ রয়েছে । বিশ্ব ফুসফুস ক্যানসার দিবসে এই নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে বিস্তারিত কথা বলেছে ইটিভি ভারত ৷
হু-এর তথ্য অনুযায়ী, ভারতে প্রায় 20-30% মানুষ, যাঁরা কখনও সিগারেট পান করেননি, তাঁরা ফুসফুস ক্যানসারে আক্রান্ত হয়েছেন । কলকাতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে সেই পরিমাণ প্রায় 22.3% । যাঁরা ধূমপায়ী নন, তাঁদের ফুসফুস ক্যানসার হওয়ার কারণ কী ?
ফুসফুস বিশেষজ্ঞ চিকিৎসক সুরঞ্জন মুখোপাধ্যায় জানান, "ধূমপায়ী হলে ফুসফুস ক্যানসার হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি । কিন্তু যাঁরা ধূমপায়ী নন, তাঁদেরও ফুসফুস ক্যানসার হয় । এই ক্যানসারকে বলা হয় আডিনোকারসিনোমা । এই ক্যানসার হওয়ার অনেক কারণ আছে । অনেকের ক্ষেত্রে বংশগত ইতিহাস থেকে হয় । আর সেরকম হলে ফুসফুস ক্যানসার হওয়ার সম্ভাবনা বেশি । এছাড়াও খোলা উনুনে রান্না অর্থাৎ জ্বালানিও এর একটি উপসর্গ । কারণ এই ধোঁয়া ধূমপানের ধোঁয়ার সমান । পাশাপাশি রয়েছে বায়ুদূষণ এবং সূর্যের ইউভি রশ্মি । এমনকি অনেক সময় ক্যানসার আক্রান্ত রোগীদের যখন রেডিয়েশন দেওয়া হয়, সেখান থেকেও দ্বিতীয় ক্যানসার তৈরি হতে পারে ।" চিকিৎসকের কথা অনুযায়ী, এটা মূলত বেশি হয় মহিলাদের ।
কী উপসর্গ ?
ফুসফুসে ক্যানসারের অন্যতম একটি উপসর্গ হল কাশি । সেখানে শুকনো অথবা কফের সমস্যা থাকতেই পারে । যদি প্রায় তিন মাস টানা কাশি হতে থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত । কারণ সেক্ষেত্রে হয় টিবি নয়তো ক্যানসার আছে কি না সেটা দেখা হয় । এছাড়াও আচমকাই গলার স্বর ভেঙে যাওয়াও একটি উপসর্গ । কাশির সঙ্গে রক্ত পড়া, খিদের ইচ্ছা না থাকা, তার সঙ্গে ওজন কমে যাওয়া, বুকে যন্ত্রণা - এই উপসর্গগুলো থাকলেও অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত । চিকিৎসক আরও বলেন, "আমরা এই উপসর্গগুলো থাকলে প্রথমে চেস্ট এক্সরে করতে বলি । তারপর দরকার হলে একটা সিটি স্ক্যান করা হয় ।" তবে এই উপসর্গগুলো না থাকলেও 50 ঊর্ধ্ব হলেই সিটি স্ক্যান করার প্রয়োজনীয়তা আছে বলে মনে করছেন চিকিৎসক ।
যাঁদের সিওপিডির সমস্যা অথবা ফুসফুসে কোনও সমস্যা থাকে, তাঁদের ফুসফুসে ক্যানসার হওয়ার সম্ভাবনা বেশি । কিন্তু এই ক্যানসার প্রতিহত করা খুবই কঠিন বলে জানিয়েছেন চিকিৎসক । তিনি বলেন, "এই ক্যানসার ধরা পড়ে একদম শেষ পর্যায়ে গিয়ে । এটি প্রথম পর্যায়ে ধরা পড়লে সেক্ষেত্রে আমরা সার্জারি করে ক্যানসারটা বাদ দিয়ে থাকি । কিন্তু শেষ পর্যায়ে ধরা পড়লে আমাদের সেখানে কিছু করার থাকে না ।"
তাই ফুসফুস ক্যানসার নিয়ে সচেতনতামূলক প্রচার আরও করার উপর জোর দেন চিকিৎসক । তিনি বলেন, "যদি কোনও সমস্যা হয়, কাশির সময় কোথাও ব্যাথা অনুভব করেন, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ।"

