ঋণের কিস্তি আদায়ের নামে মহিলাকে ধর্ষণ, ভিডিয়ো রেকর্ড করে বারবার নির্যাতন ব্যাঙ্ককর্মীর
ঋণের কিস্তি আদায়ের নাম করে মহিলাকে ধর্ষণ ৷ ঘটনার ভিডিয়ো রেকর্ড করে অভিযুক্ত ব্যাঙ্ক কর্মী বারবার ধর্ষণ করে ৷ আজ অভিযুক্তকে গ্রেফতার করা হয় ৷

Published : October 10, 2025 at 7:32 PM IST
শিলিগুড়ি, 10 অক্টোবর: ঋণের কিস্তি আদায়ের অজুহাতে এক বিবাহিত মহিলাকে ধর্ষণের অভিযোগ ৷ ঘটনায় গ্রেফতার এক ব্যাঙ্ক কর্মী। শিলিগুড়ি মহিলা থানার পুলিশ অভিযান চালিয়ে ওই অভিযুক্ত ব্যাঙ্ক কর্মীকে গ্রেফতার করেছে ৷ লিখিত অভিযোগ দায়েরের প্রায় মাস দুই পর পুলিশ অভিযুক্তকে ধূপগুড়ি থেকে গ্রেফতার করে শিলিগুড়িতে নিয়ে আসে।
এই বিষয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি রাকেশ সিং বলেন, "ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে । সব খতিয়ে দেখা হচ্ছে ।" পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি পুরনিগমের 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই বিবাহিতা মহিলা ৷ তাঁর সঙ্গে লোন সংক্রান্ত বিষয় নিয়ে অভিযুক্ত সাগর মণ্ডলের পরিচয় হয়। অর্থনৈতিক সঙ্কটে থাকা ওই মহিলা সাগর মণ্ডলের সাহায্যে ব্যাঙ্ক থেকে 30,000 টাকার ঋণ নেন। দুই মাস পর্যন্ত সাগর নিয়মিত ওই মহিলার বাড়িতে গিয়ে ঋণের কিস্তি আদায় করত ৷
মহিলার অভিযোগ, গত 23 মার্চ সাগর মণ্ডল ফোন করে তাঁকে ভক্তিনগর থানার অন্তর্গত জ্যোতিনগর এলাকায় কিস্তি দেওয়ার জন্য ডাকে ৷ মহিলা সেখানে পৌঁছলে সাগর তাঁকে ধর্ষণ করে এবং সেই ঘটনার ভিডিয়ো রেকর্ড করে । এরপর ওই ভিডিয়ো দেখিয়ে সাগর মণ্ডল বারবার তাঁকে ভয় দেখিয়ে ধর্ষণ করতে থাকে । ঘটনার পর সামাজিক লজ্জা ও ভয়ের কারণে মহিলা অনেকদিন কাউকে কিছু জানাননি। কিন্তু গত 6 অগস্ট শিলিগুড়ি মহিলা থানায় সাগর মণ্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা।

অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। কিন্তু অভিযুক্ত পালিয়ে যায়। এরপর পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে । শুক্রবার শিলিগুড়ি মহিলা থানার পুলিশ অভিযুক্তকে ধর্ষণের মামলায় আদালতে পেশ করে। আদালত তাকে 14 দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়।
অন্যদিকে, উত্তর 24 পরগনার স্বরূপনগরের চাকরি দেওয়ার নাম করে বাড়িতে ডেকে গৃহবধূকে একাধিকবার ধর্ষণের অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে ৷ ঘটনায় ধর্ষণের পাশাপাশি কয়েক লক্ষ টাকা ওই মহিলার থেকে হাতিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ । নির্যাতিতার অভিযোগের পরই গা-ঢাকা দেয় অভিযুক্ত যুবক। কিন্তু পুলিশের কাছে খবর আসে তেতুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করতে দেখা গিয়েছে অভিযুক্তকে ৷ তারপরই তাকে গ্রেফতার করা হয় ৷ পুলিশের দাবি, জেরায় অপরাধের কথা স্বীকার করে নেয় ওই যুবক ৷

