পরিস্থিতি অনুকূল, আগামী সপ্তাহেই রাজ্য থেকে বর্ষার বিদায় !
উত্তরবঙ্গের ক্ষেত্রে এখন আর ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। বৃষ্টি কমবে দক্ষিণেও ৷

Published : October 10, 2025 at 9:56 AM IST
কলকাতা, 10 অক্টোবর: দক্ষিণ বাংলাদেশের উপর থাকা ঘুর্ণাবর্তটি এখনও সক্রিয় রয়েছে। উত্তর ওড়িশাতেও অবস্থান করছে অন্য একটি ঘূর্ণাবর্ত । এই জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গের আকাশে হালকা বৃষ্টির রেশ । যা আরও কয়েকদিন থাকবে বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। তবে আগামী সপ্তাহের মধ্যেই রাজ্য থেকে বর্ষার বিদায়ের প্রক্রিয়া শুরু হতে পারে ৷
আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক সৌরিশ বন্দ্যোপাধ্যায় শুক্রবার সকালে জানিয়েছেন, বিহার, ঝাড়খণ্ডে শনিবার থেকেই শুষ্ক আবহাওয়া দেখা যাবে। বেশ কিছু অংশে বর্ষা বিদায়ের সম্ভাবনাও রয়েছে চলতি সপ্তাহে। তবে ওড়িশা এবং বাংলা থেকে বর্ষা বিদায়ের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। রবিবারের পর থেকে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কমবে। ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হবে। আগামী সপ্তাহে শুষ্ক আবহাওয়ার দিকেই এগোবে বাংলাও। ইতিমধ্যে মধ্যপ্রদেশ থেকে বর্ষার বিদায় পর্ব শুরু হয়ে গিয়েছে বলেও জানিয়েছেন তিনি।
উত্তরবঙ্গের ক্ষেত্রে এখন আর ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতাও আর থাকছে না উত্তরবঙ্গের জেলাগুলির জন্য ৷ উত্তরবঙ্গের আট জেলার কোনও অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার পর্যন্ত। খুব কম সময়ের সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত আর নেই। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। আংশিক মেঘলা আকাশ থাকবে ৷ বাতাসে জলীয়বাষ্পের পরিমাণও ক্রমশ কমবে।
শুক্রবার দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় হতে পারে বৃষ্টি ৷ বৃষ্টির সঙ্গেই দমকা হাওয়াও বইতে পারে এই জেলাগুলিতে ৷ শনিবারে বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ৷ এখানেও বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে ৷
বৃহস্পতিবার কলকাতা এবং তার আশপাশের এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1.1 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 0.7 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 97 শতাংশ ও সর্বনিম্ন 76 শতাংশ। আজ শুক্রবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। কয়েক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 31 ডিগ্রি এবং 25 ডিগ্রির আশেপাশে থাকতে পারে।

