ETV Bharat / state

নিম্নচাপ ক্ষেত্রের প্রভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস বঙ্গে - West Bengal Weather Forecast

Weather Update: বৃষ্টিতে এখনই বিরাম নয় ৷ বঙ্গোপসাগরে উপরে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে আগামী 4-5 দিনে রাজ্যের সর্বত্রই বৃষ্টি হবে ৷ পরবর্তী 24 ঘণ্টায় ভারী বৃষ্টির হতে পারে দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে ৷

Weather
আবহাওয়ার পূর্বাভাস (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 24, 2024 at 7:08 AM IST

|

Updated : August 24, 2024 at 7:18 AM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 24 অগস্ট: নিম্নচাপ বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের উত্তর দিকে সরে এসেছে ৷ বাংলাদেশের উপরে একটি নিম্নচাপ রয়েছে ৷ এরই সঙ্গে একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে ৷ এই দুইয়ের প্রভাবে আগামী 4-5 দিন রাজ্যের কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও ভারী বৃষ্টিপাত হবে ৷ শনিবার কলকাতা ও তার আশপাশের অঞ্চলে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি এবং 26 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে ৷

আগামী কয়েকদিনের আবহাওয়া নিয়ে জানালেন আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস (ইটিভি ভারত)

আগামী 24 ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস ৷ উত্তর 24 পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ অতি ভারী বৃষ্টি হবে মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া ও দুই বর্ধমানের কিছু জায়গায় ৷ আগামী তিন-চার দিন উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে ৷ কলকাতাতেও আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷

কেন এই বৃষ্টি ?

আলিপুরে অবস্থিত আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস বলেন, "উত্তর বঙ্গোপসাগরের 5.8 কিলোমিটার উপরে একটি চক্রবৎ ঘূর্ণাবর্ত রয়েছে ৷ অন্যদিকে উত্তর বাংলাদেশ এবং তার আশপাশের অঞ্চলের উপরে গতকাল যে নিম্নচাপ ক্ষেত্রটি ছিল, তা এখন পশ্চিমবঙ্গের উত্তর ভাগে এবং উত্তর-পূর্ব ঝাড়খণ্ডে সরে এসেছে ৷ ঘূর্ণাবর্তটি আগামী 24 ঘণ্টায় পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঝাড়খণ্ডের দিকে যাবে ৷ এর পাশাপাশি সমুদ্র পৃষ্ঠের ওপর সক্রিয় মৌসুমী অক্ষরেখা বিকানের, সিকার, ওরাই, চুর্ক, দেহরির উপর দিয়ে অতিক্রম করে এরপর পূর্ব-দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্ষেত্রে পরিণত হবে এবং সমুদ্র পৃষ্ঠের 0.9 কিলোমিটার উপর পর্যন্ত বিস্তৃ থাকবে ৷"

এই নিম্নচাপ ক্ষেত্রের প্রভাবে সমুদ্রে ঝোড়ো হাওয়া বইবে ৷ গতিবেগ ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার পর্যন্ত হবে ৷ সর্বোচ্চ হাওয়ার বেগ ঘণ্টায় 55 কিলোমিটার পর্যন্ত হতে পারে ৷ মৎস্যজীবীদের আগামিকাল, 25 অগস্ট পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷ হাওয়া অফিস সূত্রে খবর, গত 24 ঘণ্টায় রাজ্যের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ৷ বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিও হয়েছে ৷ পশ্চিম বর্ধমানের আসানসোলে বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি ৷

শুক্রবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3.6 ডিগ্রি কম ৷ বৃষ্টি পরিস্থিতির কারণেই সর্বোচ্চ তাপমাত্রা এতটা কমে গিয়েছে ৷ বৃষ্টি কমলেই ভাদ্র মাসের প্যাচপ্যাচে অস্বস্তিকর গরম অনুভূত হবে ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে 1.1 ডিগ্রি কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97 শতাংশ ও সর্বনিম্ন 94 শতাংশ ৷

Last Updated : August 24, 2024 at 7:18 AM IST