ঘূর্ণাবর্তের বৃষ্টিতে ভিজবে বাংলা, আরও কমবে তাপমাত্রা
বর্ষার শুরু থেকেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হচ্ছে রাজ্যের সর্বত্র ৷ কলকাতায় জল-যন্ত্রণা ৷ পরিস্থিতির হাত থেকে এখনই মুক্তির আশা দেখছে না হাওয়া অফিস ৷

Published : August 1, 2025 at 7:16 AM IST
কলকাতা, 1 অগস্ট: বৃষ্টির হাত থেকে এখনই মুক্তি নেই ৷ আগামী কয়েকদিন রাজ্য়ের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বৃষ্টি হবে বলে জানা গিয়েছে ৷ কোথাও হালকা থেকে মাঝারি আবার কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হবে ৷
দেশে বর্ষার আসা এবং চলে যাওয়াকে কয়েকটি পর্যায়ে বিভক্ত করা হয় ৷ জুন এবং জুলাই মাস নিয়ে হয় প্রথম পর্যায় ৷ অগস্ট থেকে শুরু হয় দ্বিতীয় পর্যায় ৷ এবার শুরু থেকেই দেশের দক্ষিণ দিকের কয়েকটি রাজ্য ছাড়া সর্বত্র স্বাভাবিকের থেকে বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছে ৷ দিল্লির মৌসম ভবন জানিয়েছে, বর্ষার দ্বিতীয় পর্যায়ে আরও বেশি পরিমাণে বৃষ্টি হতে পারে দেশের বিভিন্ন রাজ্যে ৷
অগস্ট মাসের শুরুতে বঙ্গের আবহাওয়াও সে কথাই বলছে ৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে ৷ তাছাড়া মৌসুমি অক্ষরেখা এখন শ্রীগঙ্গানগর, রোহতক, বান্দা, সিদ্ধি, রাঁচি, ডায়মন্ড হারবার হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত গিয়েছে। এর ফলে আগামী দু'দিন রাজ্যের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে। কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

অন্যদিকে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় 2 আগস্ট শনিবার থেকে বুধবার 6 আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গে কিছু জেলার কয়েকটি জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে। শুক্রবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এরপর শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমলেও উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে।
উত্তরবঙ্গে দুর্যোগ
আজ উত্তরবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টি (৭-১১ সেমি)-ও হতে পারে ৷ মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙে অন্য জেলাগুলির থেকে বেশি বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে ৷ শনিবার আটটি জেলার প্রায় সব জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি (7-11 সেমি) হতে পারে। একইভাবে রবিবার প্রায় সব জেলার সব জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ৷
ফেলে আসা দিন...
এর আগে বৃহস্পতিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.3 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে 4.2 ডিগ্রি কম। টানা বৃষ্টির কারণেই সর্বোচ্চ তাপমাত্রার এই পতন। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস৷ স্বাভাবিকের চেয়ে 0.9 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 99 শতাংশ এবং সর্বনিম্ন 95 শতাংশ।

