ETV Bharat / state

উত্তরে বিপর্যয় ! দক্ষিণবঙ্গে বৃষ্টি-বিরতিতে বাড়বে ভ্যাপসা গরমের অস্বস্তি

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে, তার থেকেও বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। উত্তরবঙ্গে টানা বৃষ্টি, দূর্যোগ চলবে।

Bengal Weather Forecast
দক্ষিণবঙ্গে বৃষ্টি-বিরতিতে বাড়বে ভ্যাপসা গরমের অস্বস্তি (ফাইল ছবি: ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 5, 2025 at 7:39 AM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 5 অগস্ট: দক্ষিণবঙ্গে বৃষ্টি চললেও তা এখন বিরতির পথে। দক্ষিণবঙ্গে খাপছাড়া বৃষ্টি হলেও উত্তরবঙ্গে টানা বৃষ্টির ভ্রুকুটি। ফলে উত্তরে দূর্যোগ চলবে। চলতি সপ্তাহজুড়েই একই পরিস্থিতি থাকবে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেছেন, “মৌসুমী অক্ষরেখা বিহারের ছাপড়া থেকে জলপাইগুড়ির উপর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে।”

উত্তরবঙ্গে টানা বৃষ্টি, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে (ফাইল ছবি: ইটিভি ভারত)

উত্তরবঙ্গের বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার পর্যন্ত উত্তরের পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়বে। তিস্তা, তোর্সা, জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

দার্জিলিং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। মঙ্গলবার ও বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বাকি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে । বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে। কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্রবার, শনিবার এবং রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে।

দক্ষিণবঙ্গের বৃষ্টির পূর্বাভাস

চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে তাপমাতা, সঙ্গে আর্দ্রতাজনিত চরম অস্বস্তি। সেইসঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সোমবার, বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে কয়েক জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণের সব জেলাতে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান এবং নদীয়া জেলাতে ৷ দক্ষিণের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই সঙ্গে সেখানে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে।

বৃহস্পতিবারেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায়৷ এরই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা বাতাস বইবে।

শুক্রবার থেকে রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দুই এক পশলা বৃষ্টি সম্ভাবনা থাকবে। এই সময় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা সামান্য বাড়বে, তার থেকেও বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকাতেই অস্বস্তি বাড়বে।

কলকাতা ও সংলগ্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস

সোমবার কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 0.8 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 0.4 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 97 শতাংশ, সর্বনিম্ন 81 শতাংশ। আজ মঙ্গলবার দিনের আকাশ অধিকাংশ সময় মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।