ETV Bharat / state

বর্ষার বিদায়লগ্নেও ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গে বৃষ্টি, বেশ কয়েকটি জেলায় সতর্কতা

শরতের আগমনেও আকাশে কালো মেঘের ঘনঘটা ৷ ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের উত্তর থেকে দক্ষিণের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা ৷

IMD FORECASTS RAIN IN BENGAL
বেশ কয়েকটি জেলায় সতর্কতা (ফাইল চিত্র, ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : September 15, 2025 at 7:29 AM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 15 সেপ্টেম্বর: পশ্চিম রাজস্থানের কিছু অংশ থেকে বিদায় নিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ৷ সময়ের আগেই বিদায় নিতে শুরু করেছে বর্ষা ৷ সাধারণত 17 সেপ্টেম্বর বর্ষা বিদায় নিতে শুরু করে ৷ এবার দিনতিনেক আগে বর্ষা এবারের মত পাততাড়ি গোটাতে শুরু করেছে ৷ যদিও বাংলা থেকে বর্ষা বিদায়ের কোনও খবর দেয়নি আলিপুর আবহাওয়া দফতর ৷ বরং ইঙ্গিত দেওয়া হয়েছে বিশ্বকর্মা পুজোর আগে এবং পুজোর দিনেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গে ৷ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে চলতি সপ্তাহে দুর্যোগ অব্যাহত।

আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়া সংক্রান্ত বিশেষ বুলেটিনে বলা হয়েছে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ অঞ্চলটি তেলেঙ্গানার উত্তর দিকে সরে গিয়েছে ৷ ফলে হায়দরাবাদে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ৷ এই নিম্নচাপ অঞ্চলের প্রত্যক্ষ প্রভাব পশ্চিমবঙ্গের ওপর নেই ৷ তবে ঘূর্ণাবর্ত ঘনিয়ে উঠেছে ৷ সেই কারণে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করেছে বঙ্গের বাতাসে ৷ ফলে রাজ্যের উত্তর থেকে দক্ষিণের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

আজ আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 এবং 26 ডিগ্রির আশেপাশে থাকবে ৷

দক্ষিণবঙ্গে আগামী বুধবার পর্যন্ত কলকাতা-সহ সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ৷ ওই জেলাগুলিতে হতে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। আজ, সোমবার মূলত পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হতে পারে ভারী (7 থেকে 11 সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ৷

মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ চলতি সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টি চলবে। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী (7 থেকে 20 সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে। তাই জারি হয়েছে কমলা সতর্কতা। বাকি তিন জেলা দুই দিনাজপুর, মালদায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ মঙ্গলবারও সমতলের ওই তিন জেলায় রয়েছে হলুদ সতর্কতা ৷ শনিবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে চলবে ভারী বৃষ্টি ৷

রবিবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 0.6 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 1.7 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 97 শতাংশ এবং সর্বনিম্ন 76 শতাংশ।