ETV Bharat / state

চলতি সপ্তাহে বঙ্গে শীতের প্রবেশ, জাঁকিয়ে ঠান্ডা না পড়ার ইঙ্গিত হাওয়া অফিসের

উত্তর ও উত্তর-পশ্চিম দিকে শীতল হাওয়া বইতে ইতিমধ্যে শুরু করেছে। আরও কিছুটা নামতে পারে তাপমাত্রা।

WEATHER FORECAST WINTER
চলতি সপ্তাহে বঙ্গে শীতের প্রবেশ (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 5, 2024 at 7:00 AM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 5 নভেম্বর: জাকিয়ে শীত পড়ার ইঙ্গিত এখনই দিতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর। চলতি মাস অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পারদ স্বাভাবিকের ওপর থাকবে বলেই জানিয়েছেন আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত।

আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা বলেন, “মৌসম ভবনের পূর্বাভাস অনুসারে জাঁকিয়ে শীতের সম্ভাবনা এবার কম রাজ্যে। শৈত্য প্রবাহ কম হতে পারে এ বছর। তাপমাত্রার পতনও এই মরশুমে অন্যান্য বছরের তুলনায় কম হবে বলেই অনুমান। সর্বনিম্ন গড় তাপমাত্রা স্বাভাবিকের সামান্য উপরেই থাকবে।”

চলতি সপ্তাহে বঙ্গে শীতের প্রবেশ (ইটিভি ভারত)

তবে চলতি সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে পারদ পতনের ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতরের। কলকাতায় পারদ পনেরো ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। পশ্চিমের জেলায় সপ্তাহের শেষে শীতের সেকেন্ড স্পেল। শীতের আমেজ ফেরার সম্ভাবনা রয়েছে।

উত্তর ও উত্তর-পশ্চিম দিকে শীতল হাওয়া বইতে ইতিমধ্যে শুরু করেছে। আরও কিছুটা নামতে পারে তাপমাত্রা। শনিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে দক্ষিণবঙ্গের জেলায়। তবে উত্তরবঙ্গের তাপমাত্রা একই রকম থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবও রয়েছে, যার জেরে শুক্রবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়ে ৷ হালকা বৃষ্টি হতে পারে কালিম্পংয়ের পার্বত্য এলাকাতেও। 10 ডিসেম্বর দার্জিলিং, কালিম্পংয়ের সঙ্গে উত্তর দিনাজপুর এবং মালদাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে শনিবার। এর প্রভাবে 7 থেকে 9 ডিসেম্বর উত্তর-পশ্চিমের পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে। উত্তর-পশ্চিমের সমতলে এর প্রভাব পড়বে রবিবার। এর প্রভাবে সিকিম ও সিকিম সংলগ্ন উত্তরবঙ্গের এলাকাতেও বৃষ্টি সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে ৷ সব মিলিয়ে শীত নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই বঙ্গে আসছে ঠিকই তবে, তা শীত-বিলাসীদের মনে আপাতত প্রত্যাশিত মানে পৌঁছবে না।

বুধবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.2 ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.7 ডিগ্রি কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 90 শতাংশ এবং সর্বনিম্ন 47 শতাংশ। বৃহস্পতিবার দিনের আকাশ পরিস্কার থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 27 ডিগ্রি এবং 17 ডিগ্রির আশেপাশে থাকবে।