ETV Bharat / state

নবম-দশম শ্রেণির নিয়োগ পরীক্ষার উত্তরপত্র প্রকাশ কমিশনের, কতদিনের মধ্যে করা যাবে চ্যালেঞ্জ ?

উত্তর যাচাই করে চ্যালেঞ্জ করার জন্য পাঁচ দিন সুযোগ পাবেন পরীক্ষার্থীরা ৷ আর আগামী 20 সেপ্টেম্বর একাদশ ও দ্বাদশ শ্রেণির মডেল উত্তরপত্র আপলোড করা হবে।‌

WBSSC SLST Answer
নবম-দশম শ্রেণির নিয়োগ পরীক্ষার উত্তরপত্র প্রকাশ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : September 17, 2025 at 7:48 AM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 17 সেপ্টেম্বর: নবম-দশম শ্রেণির নিয়োগের মডেল উত্তরপত্র প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। মঙ্গলবার রাতে এই পরীক্ষার মডেল উত্তরপত্র ওয়েবসাইটে আপলোড প্রকাশ করে কমিশন। উত্তরপত্র নিয়ে কোনও সংশয় থাকলে 20 থেকে 25 সেপ্টেম্বরের মধ্যে তা চ্যালেঞ্জ করতে পারবেন পরীক্ষার্থীরা ৷

তবে চ্যালেঞ্জ করার ক্ষেত্রে প্রতি প্রশ্নের জন্য দিতে হবে 100 টাকা। চ্যালেঞ্জ করে সফলে হলে পরীক্ষার্থী ওই 100 টাকা ফেরত পাবেন। বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছে এসএসসি ৷ 11টি বিষয়ে 60টি করে প্রশ্নের মডেল উত্তর রয়েছে। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আগেই জানিয়েছিলেন, পরীক্ষার্থীরা উত্তর যাচাই করে চ্যালেঞ্জ করার জন্য পাঁচ দিন সুযোগ পাবেন । কোনও পরীক্ষার্থী যদি মনে করে কোন প্রশ্নের উত্তরে চ্যালেঞ্জ করবে তবে, তিনি তা অনলাইনে করতে পারবেন ৷

WBSSC SLST Answer
কতদিনের মধ্যে করা যাবে চ্যালেঞ্জ ? (ইটিভি ভারত)

তারপর বিশেষজ্ঞদের মতামত নিয়ে উৎসব-পর্ব মিটলে অর্থাৎ অক্টোবরের শেষে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে। নভেম্বর থেকে শুরু হবে ইন্টারভিউ ৷ এমনটাই জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । যাঁরা পাশ করবেন, তাঁদের নম্বর-সহ বিস্তারিত তথ্য দেওয়া থাকবে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে । ‌যদিও চাকরিহারা যোগ্য শিক্ষকরা মনে করছেন, কমিশন এমনভাবে provisional answer key upload করেছে, তা উদ্ধার করা বেশ জটিল। সহজ পদ্ধতিতে উত্তর দেওয়া উচিত ছিল ৷ তবে শিক্ষকমহলের মতে, মডেল উত্তরপত্র প্রকাশ করার ফলে অনেকটাই সুবিধা হবে পরীক্ষার্থীদের। তাঁরা আগে থেকেই নিজেদের ফলাফল আন্দাজ করতে পারবেন।

গত 7 সেপ্টেম্বর রাজ্যে দীর্ঘ নয় বছর পর এসএসসি পরীক্ষা হয়েছে। সেই দিন নবম ও দশম শ্রেণির পরীক্ষায় আবেদন করেছিলেন 3 লক্ষ 19 হাজার 961 জন । আর পরীক্ষায় বসেছিলেন 2 লক্ষ 93 হাজার 152 জন। অর্থাৎ উপস্থিতির হার ছিল 91.62 শতাংশ ৷ এর মধ্যে 3 হাজার 685 জন ছিলেন বিশেষভাবে সক্ষম। ভিন রাজ্য থেকে এসে পরীক্ষা দিয়েছিলেন 31 হাজার 362 জন। বেশিরভাগ পরীক্ষার্থী এসেছিলেন উত্তরপ্রদেশ এবং বিহার থেকে ৷

আর 14 সেপ্টেম্বর হয় একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা। সেই পরীক্ষায় 2 লক্ষ46 হাজার 543 জন আবেদন করেছিলেন। কিন্তু পরীক্ষায় বসেছিলেন 2 লক্ষ 29 হাজার 497 জন। অর্থাৎ উপস্থিতির হার ছিল প্রায় 93 শতাংশ । যার মধ্যে 3 হাজার 120 জন ছিলেন বিশেষভাবে সক্ষম।

সুপ্রিম কোর্টের নির্দেশে নবম-দশম এবং একাদশ-দ্বাদশের নতুন করে পরীক্ষা নিয়েছে স্কুল সার্ভিস কমিশন । দুর্নীতির কারণে আগের পুরো প্যানেল বাতিল হয়েছিল। তারপর নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত ৷ এবার স্কুল সার্ভিস কমিশন, স্বচ্ছতা বজায় রাখতে একাধিক পদক্ষেপ করেছিল। তারমধ্যে একটা হল মডেল উত্তরপত্র প্রকাশ। পাশাপাশি, এবারের পরীক্ষার ওএমআর শিট (OMR SHEET) দু'বছর সংরক্ষণ রাখতে হবে কমিশনকে। আর এর কার্বন কপি সংরক্ষণ করা থাকবে 10 বছর।