ETV Bharat / state

জুলাইয়ে রাজ্যের GST আদায়ে 12 শতাংশ বৃদ্ধি ! অর্থনীতির উন্নতি, দাবি মুখ্যমন্ত্রীর

2025-26 অর্থবর্ষে এখনও পর্যন্ত 7.71 শতাংশ জিএসটি আদায় হয়েছে ৷ তথ্য প্রকাশ কেন্দ্রীয় সরকারের ৷

GST COLLECTION INCREASED
নবান্ন ৷ (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 5, 2025 at 5:50 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 5 অগস্ট: চলতি অর্থবর্ষে জুলাইয়ে জিএসটি বা পণ্য ও পরিষেবা কর আদায়ে রেকর্ড গড়ল রাজ্য সরকার ৷ গত অর্থবর্ষের তুলনায় এবছর জুলাই মাসে 12 শতাংশ বেশি রাজস্ব আদায় হয়েছে বলে জানা গিয়েছে ৷ কেন্দ্রের সদ্য প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, 2025-26 অর্থবর্ষে মোট 5 হাজার 895 কোটি টাকা জিএসটি আদায় হয়েছে পশ্চিমবঙ্গ থেকে ৷ গত অর্থবর্ষে সেই পরিসংখ্যানটা ছিল 5 হাজার 257 কোটি টাকা ৷ গতবারের তুলনায় মোট 638 কোটি টাকা বেশি ৷

এই তথ্যকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন ৷ সেখানে তিনি দাবি করেছেন, "আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, পশ্চিমবঙ্গ 2025 সালের জুলাই মাসে পণ্য ও পরিষেবা কর (জিএসটি) আদায়ে বার্ষিক 12 শতাংশ বৃদ্ধি ঘটেছে ৷ ভারত সরকারের আপাতত প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, 5,895 কোটি টাকা কর সংগ্রহ করা হয়েছে ৷ যা একই সময়ে গতবছরে ছিল 5,257 কোটি টাকা ৷"

মমতা লিখেছেন, "এই অর্থবর্ষের জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গের মোট জিএসটি আদায়ে সামগ্রিক 7.71 শতাংশ বৃদ্ধি হয়েছে ৷" তাঁর আরও দাবি, "এ রাজ্যে ব্যবসা ও ভোগব্যয়ের ধারা যে সুস্থ এবং স্থিতিশীল, তারই স্পষ্ট প্রমাণ এই পরিসংখ্যান ৷"

রাজ্যের অর্থ দফতর সূত্রে জানানো হয়েছে, চলতি আর্থিক বছরে রাজ্য আরও বেশি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা স্থির করেছে ৷ আর সেই লক্ষ্যে নতুন শিল্পনীতির মাধ্যমে ব্যবসা সম্প্রসারণে বিশেষ জোর দেওয়া হচ্ছে ৷ সেই প্রেক্ষাপটে জুলাই মাসের জিএসটি আদায়ে 12 শতাংশের বৃদ্ধি নিঃসন্দেহে রাজ্যবাসীর কাছে আশার আলো বলে জানিয়েছে অর্থ দফতর ৷

বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিককালে টাটা, আদানি, রিলায়েন্স-সহ একাধিক বড় শিল্পগোষ্ঠীর সঙ্গে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে ৷ তা বাস্তবায়িত হলে, আগামী দিনে রাজ্যের অর্থনীতি আরও চাঙ্গা হতে পারে ৷