ETV Bharat / state

হাড়ের কিছু রোগকে বিমার আওতায় আনার আবেদন অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের

বয়স্ক মানুষদের হাতে ওষুধ, লাঠি-সহ আরও বিভিন্ন জিনিস তুলে দেওয়া হয়েছে । বেশ কিছু ফ্রি ক্যাম্পেরও আয়োজন করা হয়েছে ডব্লিউবিওএ-এর তরফে ।

West Bengal Orthopaedic Association
বয়স্কদের ওষুধ থেকে লাঠি বিতরণ অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 5, 2025 at 2:30 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 5 অগস্ট: হাড়ের বেশ কিছু রোগকে স্বাস্থ্যবিমার আওতাধীন করা হোক ৷ সরকারের কাছে এমনই আবেদন জানাল ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশন (ডব্লিউবিওএ) ৷

চিকিৎসকদের কথায়, বয়স বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলে বিভিন্ন হাড়ের অসুখ । তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হল, অস্টিওপোরোসিস এবং অস্টিওআর্থ্রাইটিস । অস্টিওপোরোসিসের জেরে হাড়ের ঘনত্ব কমে যায় । আর অস্টিওআর্থ্রাইটিসের কারণে হাড়ের ক্ষয় হয় । এর ফলে সেই সময় বয়স্ক মানুষদের সহজেই হাড় ভেঙে যায় । তখন সেই অস্ত্রোপচারের পাশাপাশি যদি কোমোর্বিটির কোনও সমস্যা থাকে তাহলে চিকিৎসায় জটিলতা সৃষ্টি হয় । তাই সোমবার বোন এবং জয়েন্ট ডে-তে সরকারের কাছে একাধিক দাবি তুলে ধরল ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশন । সেই দাবিগুলির মধ্যে রয়েছে, হাড়ের স্পেশাল স্ক্রিনিংয়ের পাশাপাশি স্বাস্থ্যবিমার উপর নজর ।

West Bengal Orthopaedic Association
ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশন (নিজস্ব ছবি)

অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের সভাপতি চিকিৎসক গৌরগৌতম কর বলেন, "আমরা দেখেছি বয়স একটু বাড়লেই তার সঙ্গে প্রতিবছর স্বাস্থ্যবিমার প্রিমিয়ামও লাফিয়ে বাড়ে । স্বাস্থ্যবিমায় জিএসটি বন্ধ হওয়ার কথা উঠলেও আজ পর্যন্ত সেটা হয়নি । বয়স্ক মানুষ হলে তাদের আয় স্বল্প হয়ে যায় । তখন যদি তাদেরকে আমরা একটা বড় খরচার মধ্যে রাখি তখন তারা সেখান থেকে বেরিয়ে যাবে । তাই সরকারের কাছে আবেদন, সেই দিকটা নজর দেওয়ার । তার সঙ্গে হাড়ের বেশ কিছু রোগ আছে যেগুলো বিমার আওতাধীন নয় । সেগুলোকে বিমার আওতাধীন করতে হবে ।"

এর পাশাপাশি চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন, "সরকারের উচিত অস্টিওপোরোসিস নিয়ে সচেতনতামূলক প্রচার করা । যেভাবে অন্যান্য রোগের সচেতনতামূলক প্রচার করা হয় সেভাবে এই দিকেও নজর রাখা উচিত ।"

চিকিৎসকদের আশঙ্কা, 2021 সালের জনগণনার হিসাবে 60 ঊর্ধ্ব মানুষের সংখ্যা 10.1 শতাংশ । যে হারে জনসংখ্যা বাড়ছে । সেখানে 2036 সালে আমরা দেখব 60 ঊর্ধ্ব মানুষের সংখ্যা দাঁড়াবে 15 শতাংশ । তার মানে এখন প্রতি 10 জনের মধ্যে একজন বৃদ্ধ । সেটাই তখন হবে প্রতি 6 জনের মধ্যে একজন 60 ঊর্ধ্ব । আর বয়স বৃদ্ধির সঙ্গে বাড়বে হাড়ের সমস্যা । ফলে স্বাস্থ্যবিমায় হাড় সংক্রান্ত আরও অপারেশন যুক্ত করা উচিত ।

আর এইসব কথা মাথায় রেখেই ভারতীয় অর্থোপেডিক অ্যাসোসিয়েশন 3 থেকে 10 অগস্ট বোন এবং জয়েন্ট ডে হিসাবে পালন করছে । সেখানে তাদের টিমকেই প্রাধান্যতা দিচ্ছে ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশন । এবারে তাদের থিম, 'Old is Gold: 360 degree Care for the Elderly', ভারতের প্রবীণ নাগরিকদের জন্য একটি সার্বিক, মানবিক অর্থোপেডিক কেয়ার ব্যবস্থার প্রয়োজনীয়তাকে তুলে ধরা । সেই উপলক্ষে রবিবার সংগঠন বয়স্ক মানুষদেরকে হাতে প্রয়োজনমাফিক ওষুধ, লাঠি-সহ আরও বিভিন্ন জিনিস তুলে দেয় । এর পাশাপাশি বেশ কিছু ফ্রি ক্যাম্পেরও আয়োজন করা হয়েছে ।