মাধ্যমিকে বাড়ল পাশের হার, প্রথম দশে 66 জন; মেধাতালিকার শীর্ষে অদ্রিত
মাধ্যমিকের ফল ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ ৷ পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এদিন জানিয়ে দিলেন, মাধ্যমিক 2025-এ প্রথম দশে রয়েছেন 66 জন ৷

Published : May 2, 2025 at 9:53 AM IST
কলকাতা, 2 মে: পরীক্ষার 70 দিনের মাথায় ফল প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। 10 ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হয়েছিল ৷ এবার মেধা তালিকায় ছেলেদের সংখ্যা বেশি মেয়েদের থেকে ৷ 9 লক্ষ 13 হাজার 883 জন পরীক্ষার্থী এবার মাধ্যমিক দিয়েছে ৷ পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর জেলা, দ্বিতীয় স্থানে কালিম্পং, তৃতীয় স্থানে রয়েছে কলকাতা ও চতুর্থ পশ্চিম মেদিনীপুর ৷ প্রথম দশে 66 জন ৷
পরীক্ষায় ছাত্রীদের সংখ্যা ছাত্রদের তুলনায় বেশি ছিল, কিন্তু ফলপ্রকাশে দেখা যাচ্ছে মেয়েদের পাশের হার ছেলেদের তুলনায় কম ৷ ছাত্রদের পাশের হার 89.19 শতাংশ ৷ মেয়েদের পাশের হার 84.39 শতাংশ ৷ মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আজ (শুক্রবার) সকাল 9টা নাগাদ মাধ্যমিকের মেধা তালিকা প্রকাশ করেন ৷ গত বারের তুলনায় পাশের হার সামান্য বেড়েছে। এবছর মাধ্যমিকে পাশের হার 86.56 শতাংশ। গতবার ছিল 86.31 শতাংশ। এবছর 60 শতাংশের বেশি পেয়েছে 1 লাখ 27 হাজার 716 জন ৷
- মাধ্যমিকে এবার প্রথম হয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের অদ্রিত সরকার ৷ সে পেয়েছে 696 (99.43 শতাংশ) ৷
- মালদা রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের অনুভব বিশ্বাস দ্বিতীয় হয়েছে ৷ সে পেয়েছে 694 ৷ বাঁকুড়া বিষ্ণুপুর হাইস্কুলের সৌম্য পালও 694 পেয়ে উভয়ই দ্বিতীয় স্থান অধিকার করেছে ৷
- বাঁকুড়ার কোতুলপুরের ইশানি চক্রবর্তী 693 পেয়েছে তৃতীয় স্থান অধিকার করেছে ৷
- পূর্ব বর্ধমান রিরোল হাইস্কুল মহম্মদ সেলিম 692 পেয়ে চতুর্থ স্থান অধিকার করেছে ৷ সেইসঙ্গে পূর্ব মেদিনীপুরের সুপ্রতিক মান্নাও 692 পেয়ে উভয়ই চতুর্থ স্থান অধিকার করেছে ৷
- এবছর মাধ্যমিকে পঞ্চম হয়েছে 4 জন। তাদের মধ্যে হুগলি থেকেই রয়েছে তিন জন ৷ সিঞ্চন নন্দী, মহম্মদ আসিফ এবং দীপ্তজিৎ ঘোষ। এছাড়া দক্ষিণ 24 পরগনার সোমতীর্থ করণও পঞ্চম হয়েছে। তাদের প্রাপ্ত নম্বর 691।
- প্রথম দশ জনের মেধাতালিকায় মোট 66জনের মধ্যে এক জন কলকাতার। বাগবাজারের রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের ছাত্রী অবন্তিকা রায় অষ্টম স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর 688।

