ETV Bharat / state

'সম্পূর্ণ প্রস্তুত বোর্ড', কবে জয়েন্টের ফলপ্রকাশ ? যা বললেন চেয়ারম্যান

জয়েন্টের ফলপ্রকাশের জন্য বোর্ড সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানালেন বোর্ডের চেয়ারম্যান সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় ।

ETV BHARAT
আপাইয়ের প্রি-কাউনসেলিং শুরু (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : July 4, 2025 at 6:17 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 4 জুলাই: চলতি বছর 27 এপ্রিল পরীক্ষা হয়েছিল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের । দু'মাস কেটে গিয়েছে ৷ কিন্তু এখনও প্রকাশিত হয়নি এই বছরের ফলাফল । তবে ফলপ্রকাশের জন্য বোর্ড একেবারে প্রস্তুত । তারা শুধু ফল প্রকাশের নির্দেশের অপেক্ষায় রয়েছে । শুক্রবার এমনই দাবি করলেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় ।

এদিনই শুরু হয়েছে আপাইয়ের প্রি-কাউনসেলিং প্রক্রিয়া । সেখানে তিনি বলেন, "সংরক্ষণের বিষয়টি বর্তমানে বিচারাধীন । যখনই নির্দেশ পাব, তখনই ফলাফল প্রকাশ করব । পদ্ধতিগত ভাবে আমরা সম্পূর্ণ প্রস্তুত । শুধুমাত্র নীতিগত নির্দেশের অপেক্ষায় আছি ।"

সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় (নিজস্ব ভিডিয়ো)

নেতাজি ইনডোর স্টেডিয়ামে শুক্রবার শুরু হয় আপাই প্রি-কাউন্সেলিং প্রক্রিয়া । সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান ছাড়াও রেজিস্টার-সহ আরও অনেক বিশিষ্টরা ।

সেখানে উপস্থিত হয়ে বোর্ডের চেয়ারম্যান সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেন, "ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রাস বোর্ড 27 এপ্রিল পরীক্ষা নিয়েছিল । বোর্ড পরিকল্পনা করেছিল যে, জুন মাসের পাঁচ তারিখ ফল প্রকাশ করবে । সেইমতো বোর্ড প্রস্তুতিও নিয়েছিল । তবে এর মধ্যে ওবিসি সংরক্ষণের বিষয়টি বিচারাধীন হয়ে পড়ে । জয়েন্ট এন্ট্রাস বোর্ড শুধু পরীক্ষা নেয় । 2014 সালের আইন অনুযায়ী বোর্ড পরিচালিত হয় । সেই আইন অনুযায়ী সংরক্ষণ বিষয়টি বোর্ডের এক্তিয়ারভুক্ত নয় । কোন সংরক্ষণ সূত্র মেনে ফলাফল প্রকাশিত হবে, তা ঠিক করার ক্ষমতা বোর্ডের নেই ।"

জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ফলপ্রকাশ দেরিতে হওয়ায় আসন সংখ্যা ফাঁকা থাকার আশঙ্কা করছেন বিভিন্ন বেসরকারি কলেজ কর্তৃপক্ষ । আপাইয়ের প্রেসিডেন্ট তরণজিৎ সিং বলেন, "পঠন পাঠনে একটা ফাঁক তৈরি হচ্ছে । পড়ুয়ারা ধৈর্য রাখতে পারবে না । রাজ্যের বাইরেও যেতে পারে । যে কলেজে তারা সুযোগ পাবে সেখানে চলে যাবে । একবার ভর্তি হয়ে যাওয়ার পর হয়তো আর ফিরে আসবে না ।"

যদিও আপাইয়ের সাধারণ সম্পাদক সত্যম রায় চৌধুরী বলেন, "আশা করছি জুলাই মাসের মধ্যেই ফলাফল প্রকাশ করে অগস্ট থেকে ক্লাস শুরু হয়ে যাবে । আমার মনে হচ্ছে না, রাজ্যের বাইরে পড়ুয়ারা যাবে ।"