ETV Bharat / state

পান-গুটখার পিক ফেলা রুখতে আরও কঠোর নবান্ন, মন্ত্রিসভার বৈঠকে নির্দেশ মমতার

পান বা গুটখা খেয়ে যত্রতত্র পিক ফেললে এবার থেকে দিতে হবে ফাইন । আসন্ন বাজেট অধিবেশনে এই সংক্রান্ত বিল নিয়ে আসতে চলেছে রাজ্য সরকার ।

West Bengal Govt to Impose New Rule
পান-গুটখার পিক ফেলা রুখতে আরও কঠোর নবান্ন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 4, 2025 at 10:50 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 4 ফেব্রুয়ারি: গুটকা খেয়ে যত্রতত্র তার পিক ফেলা । এখন সাধারণ মানুষের মধ্যে এই প্রবণতা খুব বেশি করে দেখা যায় ৷ এর ফলে যেখানে গুটকার পিক ফেলা হয় সেই জায়গাটি ক্রমশ বিবর্ণ হতে থাকে, হয় দৃশ্যদূষণও । শুধু তাই নয়, সেই জায়গাটিতে লোহা থাকলে গুটকার পিক ওই লোহার প্রবল ক্ষতি করে ।

ব্রিজ থেকে শুরু করে সরকারি সম্পত্তি, যত্রতত্র গুটকার পিক ফেলার হাত থেকে কোনও জায়গাই নিস্তার পায় না । সরকার যখন শহরকে সুন্দরভাবে সাজানোর উদ্যোগ নিচ্ছে তখন এ ধরনের প্রবণতা অত্যন্ত কুরুচিকর । সাধারণের এই ধরনের প্রবণতায় অত্যন্ত অসন্তুষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পান বা গুটখা খেয়ে যত্রতত্র পিক ফেললে এবার থেকে দিতে হবে ফাইন । আসন্ন বাজেট অধিবেশনে এই সংক্রান্ত বিল নিয়ে আসতে চলেছে রাজ্য সরকার ।

মঙ্গলবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক ছিল ৷ সেই বৈঠকে এই ধরনের প্রবণতা রুখতে ফাইনের সংস্থান রেখে কড়া আইন আনার বিষয়ে আলোচনা হয়েছে । ইতিমধ্যেই পান বা গুটকার পিক ফেলা নিয়ে 1980 সালের পুর আইনের 338 ধারায় জরিমানার সংস্থান রয়েছে । এছাড়াও ‘দ্য ওয়েস্ট বেঙ্গল প্রহিবিশন অফ স্মোকিং অ্যান্ড স্পিটিং অ্যান্ড প্রোটেকশন অফ হেল্থ অফ নন-স্মোকারস অ্যান্ড মাইনর অ্যাক্ট, 2001’ অনুসারে, প্রকাশ্যে প্রথমবার থুতু বা গুটখার পিক ফেললে এক হাজার টাকা জরিমানা হবে । দ্বিতীয়বার ধরা পড়লে দু’হাজার থেকে 5 হাজার টাকা পর্যন্ত হতে পারে । তাতেও কাজ হয়নি । আর সে কারণেই আইন আরও কঠোর করার কথা ভাবছে রাজ্য । যতদূর জানা গিয়েছে, রাজ্যের আনা সংশোধনীতে জরিমানার পরিমাণ আরও বাড়তে পারে ।

জানা গিয়েছে, এদিন মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে বিরক্ত প্রকাশ করেছেন । আর সে কারণেই এই প্রবণতা রুখতে নতুন করে সংশোধনী আনার কথা বলেছেন তিনি । সরকারি আধিকারিকরা বলছেন, সাধারণ নাগরিক যখন শহরের সৌন্দর্যায়নে সতর্ক নয়, যত্রতত্র পানের পিক ফেলে, কড়া আইন বা এই সংশোধনী শেষ পর্যন্ত কতটা লাভদায়ক হবে রাজ্য প্রশাসনের জন্য, সেটাই দেখার ।

আরও পড়ুন