জলপাইগুড়ি থেকে রাতে কলকাতায় আসা আরও সহজ হল, শিয়ালদাগামী ট্রেনের সূচনা শীঘ্রই
জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদাগামী ট্রেনটিতে মোট 21টি কোচ থাকছে । সাপ্তাহিক ট্রেনটি শনিবার করে জলপাইগুড়ি রোড স্টেশন থেকে ছেড়ে শিয়ালদা যাবে ।

Published : June 11, 2025 at 7:11 PM IST
জলপাইগুড়ি, 11 জুন: বহু প্রতীক্ষার অবসান । কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিটে বেঞ্চের স্থায়ী পরিকাঠামোর উদ্বোধনের আগেই জলপাইগুড়ি রোড স্টেশন থেকে শিয়ালদাগামী নতুন ট্রেনের উদ্বোধন হতে চলেছে । আগামী 14 জুন 03116 শিয়ালদাগামী স্পেশাল ট্রেনের সূচনা হবে ।
জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদাগামী ট্রেনটি চালু হলে জলপাইগুড়ি তথা ডুয়ার্সের পর্যটনে যেমন বিকাশ হবে, তেমনই আর্থসামাজিক উন্নয়ন হবে । ডুয়ার্সে আসা পর্যটকরা এই ট্রেনটিতে করে জলপাইগুড়িতে আসতে পারবেন । পাশাপাশি কলকাতা থেকে জলপাইগুড়িতে আসা অনেকটাই সহজ হবে বলে মত ওয়াকিবহাল মহলের ।
জলপাইগুড়ি রোড থেকে শিয়ালগামী ট্রেনটিতে মোট 21টি কোচ থাকছে । 14 জুন উদ্বোধনের দিন জলপাইগুড়ি রোড স্টেশন থেকে ট্রেনটি শনিবার দুপুর 2টোয় ছেড়ে যাবে শিয়ালদার উদ্দেশে । রবিবার শিয়ালদা স্টেশনে পৌঁছবে ভোর 4টে 15 মিনিটে । রেল সূত্রে খবর, বিশেষত ট্রেনের মাধ্যমে জলপাইগুড়ি থেকে এবার রাতেও কলকাতায় যাওয়া আরও সহজ হল । কারণ, রাতে জলপাইগুড়ি থেকে কোনও ট্রেন ছিল না । নতুন সাপ্তাহিক ট্রেন পাওয়া খুশি জলপাইগুড়িবাসী ।
রেল দফতরের তরফে জানা গিয়েছে, সাপ্তাহিক ট্রেনটি শনিবার করে জলপাইগুড়ি রোড স্টেশন থেকে ছেড়ে শিয়ালদা যাবে । শিয়ালদা থেকে ট্রেনটি প্রতি শুক্রবার রাত 11টা 40 মিনিটে ছেড়ে জলপাইগুড়ি রোড স্টেশনে পৌঁছবে দুপুর 12টা 15 মিনিটে । অন্যদিকে শনিবার জলপাইগুড়ি রোড থেকে 8টা 30 মিনিটে ছেড়ে শিয়ালদা পৌঁছবে রবিবার সকাল 8টা 10 মিনিটে । জলপাইগুড়ি রোড থেকে ছেড়ে যাওয়ার পথে গুরুত্বপূর্ণ নিউ জলপাগুড়ি স্টেশন, মালদা টাউন, ফারাক্কা জংশন, বহরমপুর কোর্ট, কৃষ্ণনগর জংশন, রানাঘাট জংশন ও নৈহাটিতে স্টপেজ দেবে ট্রেনটি ৷
এই বিষয়ে জলপাইগুড়ির সাংসদ জয়ন্তকুমার রায় বলেন, "জলপাইগুড়ি রোড স্টেশন থেকে কলকাতাগামী ট্রেনের দীর্ঘদিনের দাবি ছিল । খুব শীঘ্রই কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামো চালু হয়ে যাবে । কলকাতা থেকে জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের আধিকারিক, আইনজীবী ও বিচারকরা আসবেন । ফলে জলপাইগুড়ি রোড স্টেশন গুরুত্বপূর্ণ । এই ট্রেনটি হলে অনেক সুবিধা হবে ।"
তিনি আরও বলেন, "বিভাগীয় শহরের হেডকোয়ার্টার, জলপাইগুড়ির প্রশাসনিক কার্যালয়, জলপাইগুড়ি গভর্মেন্ট মেডিক্যাল কলেজ, জলপাইগুড়ি গভর্মেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রী ও ফ্যাকাল্টিদেরও যাতায়াতের সুবিধা হবে । উত্তরবঙ্গের বিখ্যাত শৈবতীর্থ জল্পেশ মন্দির, জটিলেশ্বর মন্দির, ভামরি দেবী মন্দির, দেবী চৌধুরানি মন্দিরকে কেন্দ্র করে এই এলাকায় ধর্মীয় পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে । জলপাইগুড়ি রোড থেকে ট্রেনটি চালু হলে কোচবিহার জেলার মেখলিগঞ্জ, হলদিবাড়ি-সহ বিস্তীর্ণ এলাকার মানুষজন চিকিৎসা, শিক্ষা, ব্যবসা বাণিজ্য ও পর্যটনের ক্ষেত্রে গুরুত্ব অপরিসীম হবে ।"
শিয়ালদা-দমদম ক্যান্টনমেন্টের মধ্যে অতিরিক্ত লোকাল ট্রেন
শিয়ালদা ও দমদম ক্যান্টনমেন্টের মধ্যে যাতায়াতকারী যাত্রীদের ভিড় সামাল দিতে অতিরিক্ত লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ । একটি বনগাঁ-দমদম ক্যান্টনমেন্ট ইএমইউ স্পেশাল ট্রেন বনগাঁ থেকে সকাল 7টা 41 মিনিটে ছেড়ে দমদম ক্যান্টনমেন্ট পৌঁছবে সকাল 9টা 16 মিনিটে । একটি দমদম ক্যান্টনমেন্ট–বারাসত ইএমইউ স্পেশাল ট্রেন দমদম ক্যান্টন থেকে সকাল 9টা 45 মিনিটে ছেড়ে সকাল 10টা 15 মিনিটে বারাসত পৌঁছবে ।
একটি বারাসত–দমদম ক্যান্টনমেন্ট ইএমইউ স্পেশাল ট্রেন বারসত থেকে সন্ধ্যা 6টা 37 মিনিটে ছেড়ে দমদম ক্যান্টনমেন্টে পৌঁছবে সন্ধ্যা 6টায় । একটি দমদম ক্যান্টনমেন্ট–বনগাঁ ইএমইউ স্পেশাল ট্রেন দমদম ক্যান্টনমেন্ট থেকে সন্ধ্যা 6টা 26 মিনিটে ছেড়ে 8টা 10 মিনিটে বনগাঁ পৌঁছবে । আরেকটি বনগাঁ–বারাসত ইএমইউ স্পেশাল ট্রেন বনগাঁ থেকে রাত 8টা 20 মিনিটে ছেড়ে 11টা 15 মিনিটে বারাসত পৌঁছবে ।

