ETV Bharat / state

সপ্তাহের শুরুতে বিদায়ের পথে বর্ষা, বাজির উৎসবে বাধা দেবে না বৃষ্টি

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যের বেশ কিছু অংশে বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে । সোমবার থেকে সেই প্রক্রিয়া শুরু হয়ে যাবে ৷

a Yellow taxi on kolkata road during Durga Puja
বঙ্গে বর্ষার বিদায় (ফাইল ছবি, পিটিআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : October 13, 2025 at 8:47 AM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 13 অক্টোবর: দুর্গাপুজো মিটে গিয়েছে ৷ মিটেছে লক্ষ্মীপুজোও ৷ এবার কালীপুজো ও দীপাবলি উজ্জাপনের জন্য প্রস্তুতি নিচ্ছে বঙ্গবাসী ৷ দুর্গাপুজোর আগে একরাতের বৃষ্টিতে জলমগ্ম হয়ে পড়ে শহর কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চল ৷ কালীপুজোর আগে তেমনটা হবে না তো ? প্রশ্ন ঘুরছিল সকলের মনে ৷ উত্তরে সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর ৷ সোমবার থেকেই বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানাল হাওয়া অফিস ৷ শুধু তাই কালীপুজোর সময়ও বৃষ্টির তেমন সম্ভাবনা দেখছে না হাওয়া অফিস ৷

মেঘমুক্ত আকাশ ৷ বাতাসে হালকা ঠাণ্ডার অনুভূতি ৷ রোদের তেমন তেজও নেই ৷ এককথায়, শীতের আগমনী বার্তা দিচ্ছে হেমন্তের হিমের পরশ ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যের বেশ কিছু অংশে বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে । উত্তর ভারতের রক্সৌল, বারাণসী, জবলপুর, আকোলা, আলিবাগ থেকে ইতিমধ্যেই বর্ষা বিদায় নিয়েছে । এবার বাংলাতেও শুরুর পথে সেই প্রক্রিয়া ৷

মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিহারের বাকি অংশ, গোটা ঝাড়খণ্ড, ছত্তীসগঢ় এবং পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, তেলেঙ্গানার কিছু অংশ থেকেও বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে । হাওয়া অফিসের পূর্বাভাস, সোমবার থেকে এই এলাকাগুলিতে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হতে চলেছে ৷

বৃষ্টি থেকে মুক্তি

রবিবার রাতে জারি হওয়া হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে । এর প্রভাবে সোমবার উত্তরবঙ্গের দু-এক জায়গা হালকা বৃষ্টি হতে পারে । তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । রবিবার দক্ষিণবঙ্গের দু-এক জায়গায় বৃষ্টি হয়েছে । তবে, সোমবার থেকে দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই । সমস্ত জেলা থাকবে শুষ্ক । ফলে, রৌদ্রজ্বল দিন এবং বাতাসে হালকা ঠাণ্ডার অনুভূতি পাওয়া যেতে পারে ।

উত্তরবঙ্গে সোমবার উপরের 5টি জেলার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের দু’-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে । বাকি জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের প্রায় সব জায়গাতেই বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস ।

কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে । দিনের আকাশ থাকবে আংশিক মেঘলা ৷

রবিবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.6 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে যা 0.1 ডিগ্রি সেলসিয়াস কম । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল যথাক্রমে সর্বোচ্চ 95 শতাংশ এবং সর্বনিম্ন 56 শতাংশ ।

পড়ুন: সোমে মিলবে ভোলা মহেশ্বরের আশীর্বাদ, হাতে আসবে ভূরি ভূরি টাকা; বলছে রাশিফল