ETV Bharat / state

বৃষ্টির 'হলুদ' সতর্কতা আবহাওয়া দফতরের, ভাসবে কোন কোন জেলা ?

এখনই সরছে না বৃষ্টির ভ্রুকুটি ৷ সেইসঙ্গে, আরও বাড়বে তাপমাত্রা ৷ আর কী কী জানাল আলিপুর আবহাওয়া দফতর ?

WEATHER FORECAST
বঙ্গের আবহাওয়ার পূর্বাভাস (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 23, 2025 at 7:20 AM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 23 মার্চ: আশঙ্কা ছিল ৷ যদিও, তা মিথ্যে প্রমাণিত করে ইডেনে নির্বিঘ্নে আইপিএল-এর উদ্বোধন এবং ম্যাচ অনুষ্ঠিত হল ৷ তবে এখনই বৃষ্টি থেকে রেহাই মিলবে না ৷ বরং, সপ্তাহের শেষ দিনে বঙ্গের প্রায় সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর ৷ সেই সঙ্গে, রয়েছে হলুদ সতর্কতাও ৷

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ বিশেষ করে পূর্বদিকের জেলা মুর্শিদাবাদ, নদিয়া, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর এবং উত্তরবঙ্গের সব ক'টি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷

কী জানালেন আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা ? (ইটিভি ভারত)

সোমবার রাজ্যের সব জেলার আবহাওয়া মোটের ওপর থাকবে শুষ্ক । পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই ।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে । তবে, মঙ্গলবার থেকে পরবর্তী তিনদিনে সর্বোচ্চ ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা ৷ সোমনাথ দত্তের কথা, সর্বোচ্চ তাপমাত্রা 3-5 ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা রয়েছে ৷

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তামপাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ৷ দিনের আকাশ থাকবে মেঘলা ৷ কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷

শনিবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 9.2 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 3 ডিগ্রি কম । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 96 শতাংশ ও সর্বনিম্ন 54 শতাংশ ।

পড়ুন: ছুটির দিনেও কি ঘোর বিপদের শঙ্কা ! রবির রাশিফল কী বলছে ?