চড়ছে পারদ, ভরা বসন্তে গ্রীষ্মের ছোঁয়ায় বাড়ছে অস্বস্তি
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও নাতিশীতোষ্ণ আবহাওয়া উধাও ৷ বদলে শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই।

Published : March 9, 2025 at 7:50 AM IST
কলকাতা, 9 মার্চ: দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়ার দাপট বাড়তে শুরু করেছে। নাতিশীতোষ্ণ আবহাওয়া আর নেই। চড়ছে তাপমাত্রার পারদও। সর্বোচ্চ তাপমাত্রা ফের বাড়তে চলেছে। সোমবারের পর থেকে পারদ আরও কিছুটা বাড়বে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
আগামী সপ্তাহের প্রথম থেকেই চড়া গরমের অস্বস্তি বোধ হতে শুরু করবে বলেই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী পাঁচদিন দুই থেকে চার ডিগ্রি বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। স্বাভাবিকভাবে, দোল বা রঙের উৎসবের আগে বাতাসে ঠান্ডার হালকা শিরশিরানি থাকে। এবার তার বালাই থাকবে না বলেই আবহাওয়াবিদরা মনে করছেন। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। এবার বেশ কিছুটা উপরে থাকার সম্ভাবনা রয়েছে। পারদ বেশ কিছুটা বেড়ে যাবে বলেও মনে করা হচ্ছে।
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও বসন্তকালের নাতিশীতোষ্ণ আবহাওয়া নেই ৷ বদলে মূলত শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে আগামী কিছুদিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা আগামী চার পাঁচ দিনে নেই বললেই চলে।
শনিবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 0.7 ডিগ্রি কম ৷ অর্থাৎ, সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুই তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 93 শতাংশ সর্বনিম্ন 27 শতাংশ। রবিবার দিনের আকাশ পরিস্কার থাকবে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি এবং 22 ডিগ্রির আশেপাশে থাকবে। অর্থাৎ, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুটোই বাড়বে। ফলে বসন্তের বিদায়ে দুয়ারে ফের অস্বস্তিকর গরম।

