ETV Bharat / state

উচ্চমাধ্যমিকের সেমেস্টার-3 পরীক্ষার সময়সীমা বাড়ানোর ভাবনা শিক্ষা সংসদের

এবারের সেমেস্টার পরীক্ষার পর অভিযোগ ওঠে, গণিত ও হিসাবশাস্ত্র মতো বিষয়গুলির জন্য 75 মিনিট সময় খুবই কম । সময় আরও বাড়ানো হোক ৷

Higher Secondary Semester
উচ্চমাধ্যমিক সেমেস্টার-3 পরীক্ষার সময়সীমা বাড়ানোর ভাবনা শিক্ষা সংসদের (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : October 13, 2025 at 5:26 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 13 অক্টোবর: এবার সেমেস্টার-3 পরীক্ষার সময়সীমা বাড়ানোর বিষয়ে ভাবনা-চিন্তা শুরু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । পরীক্ষার্থীদের ও অভিভাবকদের অভিযোগ, বর্তমান সময়সীমা কিছু বিষয়ের জন্য যথেষ্ট নয় ।

সেমেস্টার পদ্ধতিতে সংসদ নির্ধারিত নিয়ম অনুযায়ী, একাদশের সেমেস্টার ওয়ান এবং দ্বাদশের সেমেস্টার 3 পরীক্ষা নেওয়া হয় এমসিকিউ ভিত্তিক । যেখানে উত্তর দিতে হয় ওএমআর শিটেই । এই বছর প্রথমবারের মতো নতুন পদ্ধতিতে দ্বাদশের শিক্ষার্থীরা 8 থেকে 22 সেপ্টেম্বরের মধ্যে সেমেস্টার 3 পরীক্ষা দিয়েছে ।

Higher Secondary Semester
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (নিজস্ব ছবি)

পরীক্ষা শুরুর পর থেকেই ছাত্রছাত্রী ও অভিভাবকদের তরফে অভিযোগ ওঠে, 75 মিনিটের নির্ধারিত সময় বিশেষ করে গণিত ও অ্যাকাউন্টেন্সির মতো হিসাবনির্ভর বিষয়গুলির জন্য খুবই কম । তাঁদের বক্তব্য, এমসিকিউ ফরম্যাটে দ্রুত উত্তর দেওয়ার দক্ষতা যাচাই হলেও, যেসব প্রশ্নে বিশদ হিসাবের প্রয়োজন হয়, সেখানে সময় সীমাবদ্ধতা সমস্যা তৈরি করছে ।

সংসদ সূত্রে খবর, এরপরেই পরীক্ষার সময়সীমা বাড়ানোর কথা ভাবা হচ্ছে ৷ মূলত, দু’টি প্রস্তাব বর্তমানে আলোচনায় রয়েছে । প্রথম প্রস্তাব অনুযায়ী, পরীক্ষার সময় 15 মিনিট বাড়িয়ে 90 মিনিট করা হতে পারে এবং পরীক্ষার 10 মিনিট আগে বিতরণ করা হবে ওএমআর শিট । তবে এই সিদ্ধান্তে কিছু অসুবিধা রয়েছে বলেই মনে করছেন সংসদের একাধিক আধিকারিক । তাঁদের কথায়, কিছু বিষয়ে অতিরিক্ত সময়ের প্রয়োজন পড়ে না । ফলে সব বিষয়ে সমানভাবে সময় বাড়ালে সেই বিভাগের ছাত্রছাত্রীরা আগে শেষ করে ফেলতে পারে, যা হলে পরীক্ষাকক্ষে অযথা চলাফেরা ও বিঘ্ন ঘটতে পারে ।

অন্য একটি প্রস্তাব অনুযায়ী, পরীক্ষার সময় না-বাড়িয়ে পরীক্ষার 15 মিনিট আগে ওএমআর শিট বিতরণের কথা ভাবা হচ্ছে । এতে শিক্ষার্থীরা আগেই ব্যক্তিগত তথ্য পূরণ করে নিতে পারবে এবং পরীক্ষার উত্তর দেওয়ার জন্য 75 মিনিটই থাকবে । সংসদের এক আধিকারিক বলেন, "বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে, তবে এখনই কিছু চূড়ান্ত নয় । বেশ কয়েকটি নামী বিদ্যালয়ের মতামত নিয়ে তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ।"

প্রসঙ্গত, এই বছর প্রথম উচ্চমাধ্যমিক পরীক্ষা হল সেমেস্টার পদ্ধতিতে ৷ সেমেস্টার পদ্ধতিতে নজির গড়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ । বিগত 10 বছরের মধ্যে এই বছর উচ্চ মাধ্যমিকে অনুপস্থিতির হার সব থেকে কম । পরীক্ষার শেষ দিনে সাংবাদিক বৈঠকে এমনটাই জানানো হয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে ।