ETV Bharat / state

নির্বিঘ্নেই সম্পন্ন মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা, জানালেন পর্ষদ সভাপতি

রাজ্যজুড়ে মোটের উপর ভালোভাবেই শেষ হল মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা ৷ প্রশাসন ও পুলিশকে ধন্যবাদ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির ৷

Madhyamik 2025
মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা ভালোভাবে শেষ হওয়ায় খুশি পর্ষদ সভাপতি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 10, 2025 at 5:32 PM IST

2 Min Read
Choose ETV Bharat

মধ‍্যমগ্রাম, 10 ফেব্রুয়ারি: দু-একটি ছোট ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা । সোমবার দুপুরে উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের মাইকেলনগরে একটি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের পর এমনটাই জানালেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় ।

সফলভাবে প্রথম ভাষার পরীক্ষা শেষ হওয়ার জন্য এদিন তিনি রাজ্য প্রশাসন ও পুলিশ-সহ পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত সকলকেই শুভেচ্ছা জানিয়েছেন। এ বছর 9 লক্ষেরও বেশি পরীক্ষার্থী মাধ‍্যমিক পরীক্ষা দিচ্ছে। তার জন্য ত্রিস্তরীয় ব্যবস্থাপনা রাখা হয়েছে পর্ষদের তরফে। এর মধ্যে দিয়েই পরিচালিত হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা ।

মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা শেষে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য (ইটিভি ভারত)

সুষ্ঠুভাবে জীবনের প্রথম বড় পরীক্ষা পরীক্ষার্থীরা দিতে পারছে কি না, তা দেখতে পর্ষদের পক্ষ থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনও করা হচ্ছে । সেরকমই একটি কেন্দ্রে সোমবার পরিদর্শন করে পরীক্ষার ব্যবস্থাপনা খতিয়ে দেখেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় । এদিন ছিল মাধ্যমিকের প্রথম ভাষা বাংলা পরীক্ষা । প্রথম দিনেই তিনি পরিদর্শনের জন্য বেছে নিয়েছিলেন মধ‍্যমগ্রামের মাইকেলনগর শিক্ষা নিকেতন(উচ্চ বিদ্যালয়)। এদিন পরীক্ষা কেন্দ্রের ভিতরের পরিবেশ এবং ব্যবস্থাপনা দেখে সন্তুষ্ট হন পর্ষদ সভাপতি ।

এরপর বাইরে বেরিয়ে তিনি বলেন,"দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এদিন মোটের উপর ভালোভাবেই মিটেছে প্রথম ভাষার পরীক্ষা । কোথাও কোনও বড় ধরনের সমস্যা হয়নি । তবে, আলিপুরদুয়ারে পরীক্ষা কেন্দ্রের ভিতর থেকে একটা মোবাইল উদ্ধার হয়েছে । কলকাতার একটি স্কুলে নকল অ্যাডমিট কার্ড নিয়ে এক পরীক্ষার্থী প্রবেশ করেছিল । একটি পরীক্ষা কেন্দ্রে বোনের জায়গায় পরীক্ষা দিতে এসেছিল তার দিদি । এই ধরনের ঘটনাগুলি সব স্কুলই যথেষ্ট দক্ষতার সঙ্গে দেখে শুনে মাধ‍্যমিকের পরীক্ষা ব্যবস্থা পরিচালনা করেছে ।"

Madhyamik 2025
মাইকেলনগরে স্কুল পরিদর্শন করে বেরোচ্ছেন পর্ষদ সভাপতি (ইটিভি ভারত)
পর্ষদ সভাপতি আরও বলেন, "শান্তিপূর্ণভাবে পরীক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য পর্ষদের পক্ষ থেকে আমরা ত্রিস্তরীয় ব্যবস্থা করেছি । ছেলেমেয়েদের পরীক্ষা দিতে যাতে কোথাও কোনও অসুবিধা না হয় সে সব ব্যবস্থা আমরা তৈরি রেখেছি । সঙ্গে রয়েছে আমাদের ইমারজেন্সি রেসপন্স টিম ।"