কেন্দ্রীয় শিক্ষানীতি চালু হবেই, দায়িত্ব নিয়েই 'চ্যালেঞ্জ' গ্রহণ বিশ্বভারতীর স্থায়ী উপাচার্যের
16 মাস পর স্থায়ী উপাচার্য পেল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ৷ শুরুতেই জাতীয় শিক্ষানীতি চালু করার বার্তা প্রবীরকুমার ঘোষের ৷

Published : March 19, 2025 at 8:00 PM IST
বোলপুর, 19 মার্চ: 16 মাস পর বুধবার স্থায়ী উপাচার্য পেল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ৷ আর দায়িত্ব নিয়েই এবার জাতীয় শিক্ষানীতি চালু করার কথা জানালেন উপাচার্য প্রবীরকুমার ঘোষ ৷ তাঁর কথায়, এর আগে তিনি যে-যে দায়িত্ব পেয়েছেন, তা পালন করছেন ৷ এবার বিশ্বভারতীর উপাচার্য হিসাবে সবরকম চ্যালেঞ্জ নিতে তিনি প্রস্তুত ৷
উপাচার্য প্রবীরকুমার ঘোষ বলেন, "জাতীয় শিক্ষানীতি আমি চালু করব ৷ এই নিয়ে একটি কমিটি বানানো হয়েছে ৷ সেই কমিটির সঙ্গে আমি বসব, কতদূর কী কাজ হয়েছে দেখব ৷ ডেফিনেটলি টেকআপ করব ৷ আমি চ্যালেঞ্জকে গ্রহণ করি ৷ আমি 3টে প্রতিষ্ঠানে ডিরেক্টর ও সহ-উপাচার্য ছিলাম ৷ যা দায়িত্ব দেওয়া হয়েছিল, পালন করে এসেছি ৷ এখানেও আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি করে দেখাব ৷ সব থেকে গুরুত্বপূর্ণ এটা আমার রাজ্যের বিশ্ববিদ্যালয় ৷"
পাশাপাশি, বিশ্বভারতীয় ব়্যাংকিং নিয়ে তাঁর বক্তব্য, "স্থায়ী উপাচার্য হিসাবে আমাকে প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী যে দায়িত্বটা দিয়েছেন, আমি তা গ্রহণ করেছি ৷ আমি আপনাদের এবং আমার স্টাফদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ব়্যাংক বাড়ানোর জন্য, যা-যা করতে হয় করব ৷ রবীন্দ্রনাথ ঠাকুরের একটা আদর্শ রয়েছে ৷ সেই মতো কাজ করব ৷"
এ দিন নতুন উপাচার্যকে স্বাগত জানান ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেন ৷ প্রসঙ্গত, এর আগের স্থায়ী উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী এবং রাজ্য সরকারের মধ্যে একাধিক বিষয়ে সংঘাত তৈরি হয়েছিল ৷ তা পৌষমেলার আয়োজন হোক, বা অমর্ত্য সেনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৷ এমনকি বিশ্ববিদ্যালয়ের প্যাডে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'কান দিয়ে দেখেন' বলে লিখেছিলেন তৎকালীন উপাচার্য ৷

পড়ুয়াদের সাসপেন্ড করা, কখনও রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বাদ দিয়ে ফলক বসিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন বিদ্যুৎ চক্রবর্তী ৷ তাঁর সময়কালে রাজ্য সরকারের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ৷ 2023 সালের 8 নভেম্বর বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষ হয় ৷ তারপর থেকে বিশ্বভারতীর কলাভবনের অধ্যাপক সঞ্জয়কুমার মল্লিক, শিল্প সদনের অধ্যাপক অরবিন্দ মণ্ডল, পল্লি সংগঠন বিভাগের অধ্যাপক বিনয় কুমার সরেন ভারপ্রাপ্ত হিসাবে উপাচার্যের পদ সামলে আসছিলেন ৷ 16 মাস পর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করল কেন্দ্রীয় সরকার ৷ বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র, অধ্যাপক প্রবীরকুমার ঘোষকে উপাচার্য পদে নিয়োগ করা হয়েছে ৷

