ETV Bharat / state

বেহাল রাস্তা নিয়ে অবরোধ, লক্ষ্মীর ভাণ্ডার থেকে নাম কেটে দেব, বিডিও'র মন্তব্যে ক্ষেপে লাল গ্রামবাসী

লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেলে নাকি বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে অবরোধ করা যাবে না । বিডিও-র আজব যুক্তিতে বিক্ষোভ গ্রামবাসীদের ।

JALPAIGURI NEWS
বিডিও-র সঙ্গে বচসায় গ্রামবাসীরা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 1, 2025 at 7:19 PM IST

3 Min Read
Choose ETV Bharat

জলপাইগুড়ি, 1 অগস্ট: লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন ? তাহলে আপনারা রাস্তা অবরোধ করছেন কেন ? বাড়ি যান । রাস্তা অবরোধকারীদের এমনই ধমক দিলেন বিডিও ।

বাসিন্দাদেরও পাল্টা দাবি, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা লাগবে না । রাস্তা লাগবে । এই কথা শুনেই মেজাজ হারালেন বিডিও । তাঁর দাবি, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা না লাগলে বলবেন কেটে দেব । সেই টাকা দিয়ে রাস্তা হয়ে যাবে । বিডিওর মুখে এমন কথা শুনে হতবাক বাসিন্দারা ।

বিডিও-কে ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভ, দেখুন ভিডিয়ো (ইটিভি ভারত)

জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের বিডিও-র বিরুদ্ধে এভাবেই কথা বলার অভিযোগ । শুক্রবার তাঁকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের । তার জেরে মেজাজ হারান বিডিও প্রশান্ত বর্মন । দীর্ঘদিন ধরেই বেহাল রাস্তা । রাস্তার সংস্কারের দাবিতে বেলাকোবায় স্থানীয় বাসিন্দাদের পথ অবরোধ তুলতে গিয়ে এই বিতর্কিত মন্তব্য করেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন ।

প্রায় 20-25 বছর ধরে জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের বেলাকোবার নর্থবেঙ্গল ফার্ম এলাকার তিন কিলোমিটার রাস্তা বেহাল । বার বার আবেদন নিবেদন করেও রাস্তার সমস্যা মেটেনি । গ্রামবাসীরা বেলাকোবায় রাস্তায় বাঁশ বেঁধে অবরোধ করেন । ঘটনাস্থলে ছুটে আসেন বেলাকোবা ফাঁড়ির পুলিশ । অবরোধস্থলে আসেন বিডিও প্রশান্ত বর্মন । বিডিও আশ্বাস দেন এই রাস্তা মেরামত করতে যে টাকা লাগবে সেটা গ্রাম পঞ্চায়েত বা ব্লক প্রশাসন করতে পারবে না । এটা জেলা পরিষদ বা বিধায়ক, সাংসদের ফান্ড থেকে এই রাস্তা মেরামত করতে হবে ।

রাস্তা অবরোধ তুলতে বিডিও মহিলাদের উদ্দেশ্য করে বলেন, "আপনারা রাস্তায় কেন এসেছেন । বাড়ি যান । আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের অনেক টাকা পান ৷ এখন বাড়ি যান ।" এই কথা শুনেই বিডিওকে মহিলারা উত্তর দেন, তাঁদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা লাগবে না । রাস্তা চাই ।

এরপরেই বিডিও বলেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা না-লাগলে বলবেন কেটে দেব । সেই টাকা দিয়ে রাস্তা হয়ে যাবে ৷ বিডিও'র মুখ থেকে এই কথা শুনে চটে যান বাসিন্দারা । বিডিওকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা । দীর্ঘ সময় বাদে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।

এদিকে অবরোধকারী সুমিত্রা রায় ও সাগর দাসরা বলেন, "আমাদের লক্ষ্মীর ভাণ্ডার চাই না । আমরা রাস্তা চাই । বিডিও বলছেন লক্ষ্মীর ভাণ্ডার না লাগলে কেটে দেবেন । আগে যখন লক্ষ্মীর ভাণ্ডার ছিল না, তখন কি আমরা ছিলাম না ? উনি কেন বললেন লক্ষ্মীর ভাণ্ডার না লাগলে কেটে দেবেন ?"

বিডিও প্রশান্ত বর্মন বলেন, "আমরা এই রাস্তা মেরামতের জন্য চেষ্টা করছি খুব দ্রুত কাজ হবে । এই রাস্তাটি গ্রাম পঞ্চায়েত স্তরে হবে না । কারণ এটি করতে অনেক টাকা চাই । আমি বিডিও হয়ে আসার পর অনেক রাস্তা করেছি ।"