রবিবার বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে হাওড়া-কলকাতায় যাতায়াত ?
খিদিরপুরের দিক থেকে সার্কুলার গার্ডেনরিচ রোড ধরে আসা সব গাড়ি হেস্টিংস ক্রসিং থেকে বাঁ-দিকে ঘুরিয়ে স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ যাবে।

Published : August 30, 2025 at 10:38 AM IST
হাওড়া, 30 অগস্ট: চলতি সপ্তাহের রবিবারও দিনভর হাওড়ায় চলবে কড়া ট্রাফিক নিয়ন্ত্রণ। এইচআরবিসি (HRBC) দ্বারা কোনা এক্সপ্রেসওয়ের সাঁতরাগাছি বাস টার্মিনাসের কাছে স্টিল পোর্টাল বিম বসানো এবং বিদ্যাসাগর সেতুর কেবল ও বিয়ারিং বদলের কাজের জন্য ভোর 4টা থেকে রাত 9টা 30মিনিট পর্যন্ত একাধিক রাস্তা বন্ধ ও ঘুরপথে যান চলাচল করবে। হাওড়া সিটি পুলিশ শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছে ৷
ট্রাফিক পুলিশের নির্দেশ অনুযায়ী-কোলাঘাট কিংবা ডানকুনি থেকে কলকাতামুখী গাড়ি কোনওভাবেই কোনার এক্সপ্রেসওয়ে বা বিদ্যাসাগর সেতু ব্যবহার করতে পারবে না। তাঁদের বিকল্প পথ হিসেবে ধুলাগড়–নিবড়া–সলপ হয়ে বিবেকানন্দ সেতু ধরতে হবে। একইভাবে কলকাতা থেকে হাওড়ামুখী গাড়ি দ্বিতীয় হুগলি সেতু ব্যবহার করতে চাইলে, হাওড়া ব্রিজ বা নিবেদিতা সেতু ধরে ঘুরতে হবে।
কোলাঘাটমুখী ছোট গাড়ির জন্য খোলা রাখা হয়েছে কাজীপাড়া–জিটি রোড–আন্দুল রোড হয়ে NH16। আর ডানকুনিমুখী ছোট গাড়ির জন্য নির্দিষ্ট করা হয়েছে হ্যাং সাং ক্রসিং–শৈলেন মান্না সরণি–আমতা রোড–সলপ হয়ে সিসিআর ব্রিজ–মৈতীপাড়া পর্যন্ত রুট । তবে বিকল্প হিসেবে কাজীপাড়া হয়ে বালি–জিরো পয়েন্ট হয়ে ডানকুনি যাওয়ার পথও খোলা থাকবে।

সাঁতরাগাছি স্টেশনে পৌঁছনোর জন্য আলাদা নির্দেশ দেওয়া হয়েছে । নিবড়া দিক থেকে আসা ছোট গাড়ি জগাছা–মাহিয়ারি রোড ব্যবহার করতে পারবে। আর কাজীপাড়া বা হ্যাং সাং ক্রসিং থেকে আসা ছোট গাড়িকে বিশেষ অনুমতি দিয়ে সাঁতরাগাছি স্টেশন পর্যন্ত কোনার এক্সপ্রেসওয়েতে ঢুকতে দেওয়া হবে।
জিরাট আইল্যান্ডের দিক থেকে এজেসি বোস রোড হয়ে আসা গাড়গুলিকে টার্ফ ভিউ থেকে ঘুরিয়ে দেওয়া হবে। সেগুলির হেস্টিংস ক্রসিংয়ে এসে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ যাবে ৷ অথবা হেস্টিংস থেকে ডান দিকে ঘুরে খিদিরপুর রোড ধরবে ৷
জে অ্যান্ড এন আইল্যান্ড থেকে খিদিরপুর রোড হয়ে আসা সব গাড়ি 11 ফার্লং গেট থেকে ঘুরিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে নিয়ে যাওয়া হবে। সেগুলি সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ যাবে।
পুলিশ জানিয়েছে, রবিবার সারাদিন এই নিয়ন্ত্রণ কার্যকর থাকবে। যাত্রী ও চালকদের অগ্রিম সতর্ক থেকে বিকল্প রুট বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ৷ এর আগে 24 অগস্ট, রবিবারও ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত বন্ধ ছিল বিদ্যাসাগর সেতু। এর আগে 24 অগস্ট, রবিবারও 17 ঘণ্টা বন্ধ ছিল দ্বিতীয় হুগলি সেতু ৷ ডানকুনি থেকে কলকাতাগামী গাড়িগুলোকেও বিকল্প হিসেবে নিবেদিতা সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল ৷

