ETV Bharat / state

বন্ধ বিদ্যাসাগর সেতু , বিকল্প পথের সন্ধান দিল পুলিশ

বেশ খানিকটা সময়ের জন্য বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ থাকবে ৷ এমতাবস্থায় কোন পথে গন্তব্যে পৌঁছবেন তা বলে দিল পুলিশ ৷

vidyasagar setu
বেশ খানিকটা সময়ের জন্য বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ থাকবে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : October 10, 2025 at 9:24 AM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 10 অক্টোবর : মেরামতির জন্য শনি ও রবিবার খানিকক্ষণ বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু ৷ শনিবার মানে 11 অক্টোবর ভোর 5টা থেকে সকাল 9টা পর্যন্ত সেতু বন্ধ রাখা হবে ৷ আবার রবিবার দুপুর 3টে থেকে রাত 9টা পর্যন্ত সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ থাকতে চলেছে বলে জানা গিয়েছে ৷ এই সময়ের মধ্যে সেতুতে স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল ও বিয়ারিংস বসানোর কাজ হবে ৷

কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, এই দুই সময়ে বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে সমস্ত ধরনের যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। যানবাহন চলাচলের জন্য বিকল্প রুট নির্ধারণ করা হয়েছে। কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের তরফ থেকেও বলা হয়েছে, শনি ও রবিবার দুটি নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যাসাগর সেতু বন্ধ থাকবে ৷ ফলে সেই সময় যাত্রীদের কয়েকটি বিকল্প রাস্তা ব্যবহার করতে হবে ৷

Vidyasagar Setu to remain close
মেরামতির কারণে শনি ও রবিবার খানিকটা সময়ের জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (ইটিভি ভারত)

এজেসি বোস বোস রোড থেকে বিদ্যাসাগর সেতুর দিকে আসা গাড়িগুলিকে টার্ফভিউ হয়ে হেস্টিংস ক্রসিং থেকে সেন্ট জর্জ গেট রোড–স্ট্র্যান্ড রোড–হাওড়া ব্রিজ পর্যন্ত যেতে হবে ৷ হেস্টিংস ক্রসিং থেকে ডানদিকে ঘুরে কেপি রোড দিয়েও যাতায়াত করা যাবে। আবার কেপি রোড থেকে আসা পশ্চিমমুখী গাড়ি 11 ফারলং গেট থেকে হেস্টিংস ক্রসিং হয়ে একই পথে হাওড়ার দিকে যেতে পারবে।

খিদিরপুর দিক থেকে সিজিআর রোড হয়ে বিদ্যাসাগর সেতুর দিকে আসা গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে বাঁদিকে ঘুরে সেন্ট জর্জ গেট রোড-স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়ার দিতে যেতে হবে। ওয়াই-পয়েন্ট থেকে কেপি রোড ধরে বিদ্যাসাগর সেতুর র‌্যাম্প ব্যবহার করা যানবাহনগুলিকে 11 ফারলং গেট হয়ে রেড রোড-হাওড়ার দিকে যেতে হবে।

বিদ্যাসাগর সেতুর মতো গুরুত্বপূর্ণ একটি রাস্তা বন্ধ থাকায় কলকাতার বিভিন্ন প্রান্তে তীব্র যানজট ছড়াতে পারে বলে আশঙ্কা ৷ তার ফলেই কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের তরফ থেকে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। লালবাজার সূত্রের খবর, ওই সময় রাস্তায় পর্যাপ্ত পরিমাণে ট্রাফিক সার্জেন্ট থেকে শুরু করে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের কর্মীরা থাকবেন ৷ পাশাপাশি একাধিক উচ্চ পদস্থ আধিকারিকদেরও রাস্তায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে । তবে যে দুটি সময় মেরামতির কাজ হবে তখন গাড়ির চাপ খুব বেশি থাকবে না বলে মনে করছে লালবাজার ৷ সেদিক থেকে বিকল্প রাস্তা ধরলে গন্তব্যে পৌঁছতে কাউকে খুব বেশি সমস্যায় পড়তে হবে না বলেই মনে করা হচ্ছে ৷