আরজি করের মেয়েটি বিচার পাক, বিধানসভায় সরব মমতা
বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় তিনি দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন, এমনকী সওয়াল করেছেন মৃত্যুদণ্ডের পক্ষেও।

Published : March 19, 2025 at 8:59 PM IST
কলকাতা, 19 মার্চ: আরজি কর মেডিক্য়াল কলেজের আন্দোলন অনেকটা স্তিমিত হলেও পুরোপুরি থামেনি। ডাক্তারদের একটা বড় অংশ এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে বিধানসভায় স্বাস্থ্য দফতরের বাজেট আলোচনায় অংশ নিয়ে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরাও চাই আরজি করের মেয়েটি বিচার পাক।”
বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, ঘটনায় তিনি মর্মাহত। তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রথম থেকেই তিনি দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন, এমনকী মৃত্যুদণ্ডের পক্ষেও সওয়াল করেছেন। এই ধরনের ঘটনার জন্য তিনি নতুন আইনও এনেছিলেন, যা এখনও রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তবে নিম্ন আদালত দোষীকে ফাঁসির পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার আদালতে আপিল করেছিল, তবে আদালত রাজ্যের যুক্তি গ্রহণ করেনি। এই পরিস্থিতিতে বিধানসভায় মুখ্যমন্ত্রীর মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷
এদিন বাজেট আলোচনায় তিনি বলেন, "আগে হাসপাতালে ঢোকার গেট ছোটো ছিল, ওয়ার্ডে ইঁদুর-বিড়াল ঘুরে বেড়াত। এখনও কিছু জায়গায় হয়তো এমন দেখা যায়, তবে সর্বত্র নয়।" বাংলার স্বাস্থ্য ব্যবস্থা এখন দেশের মধ্যে সেরা বলে দাবি করে তিনি জানান, ইতিমধ্যে 14 হাজার নতুন চিকিৎসক নিয়োগ করা হয়েছে ৷ স্বাস্থ্য পরিষেবার জন্য 70 হাজার কোটি টাকা খরচ করা হয়েছে। এরপরই মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, "হিরের উপর জিএসটি নেই কারণ এটি গুজরাতের শিল্প। অথচ বাংলার জিরের উপর জিএসটি বসানো হয়েছে।"
তিনি বলেন, "এখনও পর্যন্ত 43টি মাল্টি-সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে। যার টাকা আছে সে চেন্নাই বা তামিলনাড়ু যেতে পারে, কিন্তু বাংলায় বিনামূল্যে চিকিৎসা হয় ৷ এমনকী বাইরের রাজ্যের মানুষও এখানে এসে চিকিৎসা করান।" আয়ুষ্মান ভারত প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, "এটি সবার জন্য নয়, একটি নির্দিষ্ট শ্রেণির মানুষের জন্য। কিন্তু স্বাস্থ্য সাথী প্রকল্প সকলের জন্য ৷ যেখানে ইতিমধ্যে ন'কোটি মানুষ এই পরিষেবা পেয়েছেন। বেসরকারি হাসপাতালে এক কোটিরও বেশি মানুষ স্বাস্থ্য সাথীর সুবিধা নিয়েছেন।"
মুখ্যমন্ত্রী আরও জানান, এসএসকেএম ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে অত্যাধুনিক ক্যান্সার সেন্টার তৈরি করা হচ্ছে। চিকিৎসকদের বেতন বৃদ্ধি করা হয়েছে এবং রাজ্যে 99 শতাংশ টিকাকরণের কাজ সম্পন্ন হয়েছে। এর পাশাপাশি নিয়োগ প্রসঙ্গে বিরোধীদের আক্রমণ করে এদিন মমতা বলেন, "বিরোধীরা বারবার নিয়োগ আটকাতে আদালতে যাচ্ছে। ওবিসি সংক্রান্ত বিষয়ে আদালত একটি নির্দেশ দিয়েছে, যা ইতিবাচক। সমস্যা মিটে গেলে দ্রুত নিয়োগ হবে। নিয়োগ আটকানোর খেলা না খেলে ফুটবল বা ক্রিকেট খেলুন।"

