'মুক্তি পেলেন বাসন্তী দি', অভিনেত্রীর মৃত্যুতে আবেগী ভাস্বর থেকে প্রসেনজিতরা
মঙ্গলবার রাত 10টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাসন্তী চট্টোপাধ্যায় ৷ বর্ষীয়ান অভিনেত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া ৷ শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর ৷

Published : August 13, 2025 at 12:23 PM IST
কলকাতা, 13 অগস্ট: প্রয়াত হয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। গতকাল রাত 10টা নাগাদ নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাসন্তী চট্টোপাধ্যায়। তাঁর মৃত্যুতে অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় বলছেন, মনে হচ্ছে উনি বেঁচে গিয়েছেন।
বর্ষীয়ান অভিনেত্রীর বয়স হয়েছিল প্রায় 88 বছর। অভিনেত্রীর শেষ ধারাবাহিক 'গীতা এলএলবি'। সেখানে বাড়ির কর্ত্রীর ভূমিকায় ছিলেন তিনি। তাঁকে দেখানো হয় আইনজীবীর চরিত্রেও অর্থাৎ এক সময় তিনিও আইনজীবী ছিলেন তেমনটাই বলা হয় গল্পে। দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছিলেন তিনি। তাই নিয়েও মনের জোরে কাজ করে চলছিলেন তিনি। উত্তর কলকাতার বাড়িতে একাই থাকতেন বাসন্তী চট্টোপাধ্যায়।

অসুস্থতার কারণে একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। যুদ্ধ করেছেন মারণ রোগ ক্যানসারের সঙ্গে। সুস্থ হয়ে বাড়ি ফিরে ফের শ্যুটিং ফ্লোরে গিয়েছেন। কিন্তু এবার আর শেষ রক্ষা হল না। ক্যানসারের পাশাপাশি কিডনির সমস্যাতেও ভুগছিলেন বাসন্তী চট্টোপাধ্যায়। ফলে, নানা ধরনের শারীরিক সমস্যায় জর্জরিত ছিলেন অভিনেত্রী। খুব স্নেহ করতেন ভাস্বর চট্টোপাধ্যায়কে। 'গীতা এলএলবি'তে ভাস্বর তাঁর ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন।
প্রবীণ টেলিভিশন অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যুতে আমাদের শিল্প ও বিনোদনের জগতে এক অপূরণীয় ক্ষতি হল।
— Mamata Banerjee (@MamataOfficial) August 13, 2025
আমি তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অনুরাগীদের প্রতি সমবেদনা জানাই।
মমতার শোকপ্রকাশ -
বাসন্তী চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি এক্সে লিখেছেন, "প্রবীণ টেলিভিশন অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যুতে আমাদের শিল্প ও বিনোদনের জগতে এক অপূরণীয় ক্ষতি হল। আমি তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অনুরাগীদের প্রতি সমবেদনা জানাই।"
ভাস্বর চট্টোপাধ্যায়ের শোকপ্রকাশ -
- অভিনেত্রীর মৃত্যুতে ভাস্বর বলেন, "বাসন্তী দি'র চলে যাওয়াটা নিঃসন্দেহে খারাপই। কিন্তু একদিক থেকে মনে হচ্ছে উনি বেঁচে গিয়েছেন। যা কষ্ট পেয়েছেন সারা জীবন। বিশেষ করে শেষ জীবনটা। শেষ 6 মাস তো শয্যাশায়ী ছিলেন। এই অবস্থায় বেঁচে থাকাটা খুব কঠিন। তবে, গীতা এলএলবি-তে আমার মা হয়েছিলেন। তার উপরে সেই 'আলো' ছবি থেকে বাসন্তী দি'র সঙ্গে আমার আলাপ। 22 বছর ধরে আমি ওনাকে চিনি। ওনার দীর্ঘ অভিনয় জীবনের অনেক কথা ও গল্প শুনেছি। কতবার বাড়ি গিয়েছি, গল্প হয়েছে। বাসন্তীদেবীর বই বের করার উদ্যোগ নিই এবং তা শেষমেশ বেরিয়েছিল ৷ তার জন্য উনি খুব খুশিও হন।"
- ভাস্বরের কথায়, "অদ্ভুত ঘটনা, ক'দিন আগে সম্পূর্ণার বাবা, মারা গেলেন ৷ উনি গীতা এলএলবি-তে আমার দাদা হয়েছিলেন। আর বাসন্তী দি মা। দু'জনে দু'সপ্তাহের মধ্যে চলে গেলেন, এটা খুব আশ্চর্য লাগছে।"
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের শোকপ্রকাশ -
বর্ষীয়ান অভিনেত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লিখেছেন, "আমাদের সকলের প্রিয় বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্য়ায় পরলোক গমন করেছেন। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি...তুমি যেখানেই থেকো ভালো থেকো।"

টলিপাড়ায় শোকস্তব্ধ -
- অভিনেত্রী মৈত্রেয়ী মিত্র সোশাল মিডিয়ায় লিখেছেন, "অনেক কষ্ট পেয়েছ তুমি, এবার শান্তিতে ঘুমোও বাসন্তী দি। আবার দেখা হবে কোথাও, কোনও জন্মে, তোমার স্নেহ, তোমার আদর, তোমার ভালবাসায় আবার কোলে টেনে নেবে জানি.... এবার ভালো থেকো।"
- অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য বর্ষীয়ান বাসন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি ভাগ শেয়াক করে লিখেছেন, "আমার যোদ্ধা নারী আমি তোমাকে সবসময় ভালোবাসি।"

