ETV Bharat / state

ভোররাতের কালবৈশাখীতে লন্ডভন্ড দুই দিনাজপুর, রায়গঞ্জে আহত 2

আচমকা ঝড়ের তাণ্ডবে ভেঙেছে বেশকিছু ঘরবাড়ি ৷ খুঁটি উপড়ে বিদ্যু বিচ্ছিন্ন একাধিক গ্রাম ৷ আশ্রয়হীন হয়ে প্রতিবেশীর বাড়িতে ঠাঁই অনেকের ৷

NORWESTER HITS DINAJPUR
ভোররাতের কালবৈশাখীতে লন্ডভন্ড দুই দিনাজপুরের বিস্তীর্ণ এলাকা ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 13, 2025 at 7:01 PM IST

3 Min Read
Choose ETV Bharat

গঙ্গারামপুর ও রায়গঞ্জ, 13 এপ্রিল: ঘুমের মধ্যেই উড়ে গেল মাথার ছাদ ৷ রবিবার ভোররাতে আচমকাই কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ও উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের বিস্তীর্ণ এলাকা ৷ ঘটনায় দুই জেলার দুই ব্লকে বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ রায়গঞ্জে দু’জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷

গঙ্গারামপুর

দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের উদয় গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ী, পালশা-সহ একাধিক এলাকায় কালবৈশাখীর দাপটে ঘরের টিনের চাল উড়ে গিয়েছে ৷ এমনকি গাছের ডাল ভেঙে ঘরের ভিতরে ঢুকে যায় ৷ সেই সময় ঘরের মধ্যে তিনমাসের সন্তানকে নিয়ে ঘুমোচ্ছিলেন সাবিনা খাতুন ৷ কোনও মতে কোলের শিশুকে নিয়ে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন ৷ বিদ্যুতের খুঁটিও উপড়ে গিয়েছে ঝড়ের তাণ্ডবে ৷ বেশ কয়েকটি গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ৷

ভোররাতের কালবৈশাখীতে লন্ডভন্ড গঙ্গারামপুরের একাধিক গ্রাম ৷ (ইটিভি ভারত)

যদি আবারও ঝড়বৃষ্টি হয়, তাহলে আশ্রয়হীন হয়ে পড়তে হবে বলে আশঙ্কাপ্রকাশ করেছেন গ্রামবাসীরা ৷ ক্ষতিগ্রস্ত বাসিন্দা মর্জিনা বিবি বলেন, "গতকাল রাতের ঝড়ে টিনের চাল উড়ে গিয়েছে ৷ দু’টো টিন এখনও খুঁজে পাইনি ৷ কোথায় নিয়ে গিয়ে ফেলেছে দেখতে হবে ৷ এলাকার আরও কয়েকটি বাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ ইলেকট্রিক পোল ভেঙে গেছে, ঘরে কারেন্ট নেই ৷ আজ রাতেও এ ধরনের ঘটনা ঘটলে আমরা কোথায় যাব !"

Norwester Hits Dinajpur
গঙ্গারামপুর কালবৈশাখী ঝড়ে উড়ে গিয়েছে টিনের ছাদ ৷ (ইটিভি ভারত)

উদয়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অসিত বরন কুন্ডু বলেন, "গতকাল রাতের ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বাড়ি ৷ ইলেকট্রিক পোল ভেঙেছে ৷ যে সমস্ত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা তাদের পাশে রয়েছি ৷ সরকারের পক্ষ থেকে তাঁদের সাহায্য করার কথা বলেছি ৷"

Norwester Hits Dinajpur
ঝড়বৃষ্টিতে ভিজেছে বইপত্র ৷ (ইটিভি ভারত)

রায়গঞ্জ

অন্যদিকে, রায়গঞ্জ ব্লক ও শহরে কালবৈশাখী ঝড়ে বেশকিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে ৷ রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি-1 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পিরোজপুর গ্রাম ঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছে ৷ সেখানে একাধিক কাঁচাবাড়ির দেওয়া ধসে পড়েছে ৷ সেই সঙ্গে ছাদ ঝড়ের দাপটে উড়ে গিয়েছে ৷

Norwester Hits Dinajpur
রায়গঞ্জ ব্লকে কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়েছে দেওয়াল ৷ (ইটিভি ভারত)

সেই সঙ্গে বৃষ্টির জেরে ঘরের জিনিসপত্র সব নষ্ট হয়েছে বলে অভিযোগ করেছেন গ্রামবাসীরা ৷ বইপত্র, বিছানা, জামাকাপড় সব বৃষ্টিতে ভিজে গিয়েছে ৷ মাথার উপরে ছাদ না-থাকায় আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামবাসীরা ৷ পিরোজপুরের পাশাপাশি পশ্চিম কর্ণজোড়ার একাংশে প্রচুর ক্ষতি হয়েছে বলে খবর ৷ কেগু রায় নামে এক গ্রামবাসী বলেন, "রাত তিন'টের পরে প্রবল ঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছে গোটা গ্রাম ৷ একাধিক বাড়ি ভেঙে পড়েছে ৷ এই পরিস্থিতিতে প্রশাসন অবিলম্বে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত ৷"

Norwester Hits Dinajpur
ঝড়ের তাণ্ডবে টিনের ছাউনি উড়ে নষ্ট ঘরের আসবাবপত্র ৷ (ইটিভি ভারত)

সৌমিতা রায় নামে এক মহিলা বলেন, "রাতে মেয়েদের নিয়ে ঘুমোচ্ছিলাম ঘরে ৷ হঠাৎ শুরু হয় ঝড়বৃষ্টি ৷ বাড়ির দেওয়াল ভেঙে পড়ে ৷ বাচ্চাদের বই-খাতা, খাবার সব ভিজে নষ্ট হয়ে গেছে ৷" পাশাপাশি, ঝড়বৃষ্টিতে চাষেরও ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন একাংশ গ্রামবাসী ৷