বেলুড় মঠে সুকান্ত মজুমদার, স্বামীজির প্রয়াণ দিবসে সমাবর্তনে যোগ দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী
রামকৃষ্ণ মিশনের অধীনে বিবেকানন্দ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রাক্তন রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ৷

Published : July 4, 2025 at 2:27 PM IST
বেলুড়, 4 জুলাই: স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবসে শুক্রবার বেলুড় মঠ পরিদর্শনে করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। রামকৃষ্ণ মঠ ও মিশনের অধীনে বিবেকানন্দ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (Vivekananda Institute of Education and Research) সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি ৷ আর সেখান থেকেই একাধিক বার্তা দিলেন সুকান্ত মজুমদার।
এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "অনেকদিন পর এখানে এসে আমি অত্যন্ত খুশি। আজ রামকৃষ্ণ মিশন ও বিবেকানন্দ ইনস্টিটিউটের কনভোকেশনের অনুষ্ঠানে অংশ নিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এই বিশ্ববিদ্যালয়, যেখানে রামকৃষ্ণ মিশনের ভাবধারা শিক্ষা ও চেতনার কেন্দ্রবিন্দু ছিল, আজ তা ভারতের শিক্ষাব্যবস্থার এক গুরুত্বপূর্ণ স্তম্ভে পরিণত হয়েছে।" কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী আরও বলেন, "আজ এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা দিবস এবং সমাবর্তন অনুষ্ঠান একই সঙ্গে পালন হচ্ছে ৷ এই দিনে এখানে উপস্থিত থাকতে পারা আমার জীবনে এক অন্যতম আশীর্বাদ।"
এদিনের অনুষ্ঠানে এসে আবেগপ্রবণ হয়ে পড়েন সুকান্ত মজুমদার ৷ তিনি বলেন, "আমি ব্যক্তিগতভাবে মনে করি আজকের দিনে এখানে আসা মানে রামকৃষ্ণদেব, মা সারদা ও স্বামীজির বিশেষ আশীর্বাদ পাওয়া।" এরপরই তিনি স্মরণ করেন স্বামী বিবেকানন্দের মহাপ্রয়াণের বিষয়ে ৷ মহাপ্রয়াণ দিবস প্রসঙ্গে তিনি বলেন, "স্বামীজির যে দিন মহাপ্রয়াণ ঘটেছিল, সেই দিনটি অবশ্যই এক বিশেষ তিথি। সেই বিশেষ দিনেই এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা দিবস এবং সমাবর্তনের আয়োজন করা হয়েছে ৷ এখানে এই দিনে আসা এক দুর্লভ সৌভাগ্য। এই মন্দিরে এসে সেই দিনটিকে স্মরণ করা ও এমন একটি পবিত্র অনুষ্ঠানে অংশ নেওয়ার মধ্যে দিয়ে আমার বিশ্বাস, এটা আমাদের সকলের জন্যই এক মহা আশীর্বাদ। আমাদের সকলের মঙ্গল হবে"
রামকৃষ্ণ মিশনের শিক্ষা ও ভাবধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও শোনা যায় তাঁর কণ্ঠে। একদিন আগেই নয়া সভাপতি পেয়েছে বঙ্গ বিজেপি ৷ ছাব্বিশের ভোটের আগে এ রাজ্যে বিজেপির 'ব্যাটন' সুকান্ত মজুমদারের হাত থেকে শমীক ভট্টাচার্যের হাতে গিয়েছে ৷ রাজ্যসভার এই সাংসদ বঙ্গ বিজেপির সভাপতি হিসেবে ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার ৷ এরপর এদিন প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্তর প্রথম কোনও অনুষ্ঠানে যোগ দিলেন ৷ বেলুড় মঠ থেকে বেরিয়ে একাধিক ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করেন সুকান্ত মজুমদার। তিনি তৃণমূল কংগ্রেসকে হিন্দি সিনেমার গব্বর সিং-এর সঙ্গে তুলনা করে বলেন, “ইউনিয়ন রুম দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে। একসময় কালা পাহাড় যেমন মানুষকে তুলে নিয়ে গিয়ে মারধর করত, আজ তৃণমূল তাই করছে।”
অন্যদিকে, সিদ্দিকুল্লা চৌধুরীর গাড়ি ভাঙচুরের প্রসঙ্গে সুকান্ত বলেন, “তৃণমূল নিজেরাই ভস্মাসুর তৈরি করেছে। আজ সেই ভস্মাসুর তাদেরই ধ্বংস করছে । বজবজে আমাকে আমাকেও চটি-ঝাড়ু দেখানো হয়েছিল। এখন তারাই তা দেখছে।” রথযাত্রা প্রসঙ্গে তিনি বলেন, “রথের চাকা ঘোরেনি, নারকেল ভাঙেনি—এটা অশুভ লক্ষণ। মুখ্যমন্ত্রী বুঝতে পেরে দৈতাপতিকে ঘরে ডেকে পূজা করছেন, তবু জগন্নাথদেবের আশীর্বাদ পাবেন না। হিন্দুরা ঐক্যবদ্ধ হলে বিজেপি লাভবান হবে। আমাদের নীতি—সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। মুসলিম যুবকদের হাতে পাথরের বদলে চাই কম্পিউটার।”

