ETV Bharat / state

আম পাড়ায় কিশোরকে মারধর ! ভেঙেছে চোখের হাড়, স্ক্যানারে অজ্ঞাত পরিচয় টোটোচালক

কিশোরকে মারধরের ঘটনায় টোটো চালকদের দৌরাত্ম্যের অভিযোগ ৷ আশঙ্কাজনক অবস্থায় কলকাতা মেডিক্যালে ভর্তি আক্রান্ত ৷

TEENAGE BOY BEATEN
প্রতীকী ছবি ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 7, 2025 at 8:45 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কোন্নগর, 7 জুন: আম পাড়তে গিয়ে আক্রান্ত কিশোর ৷ এক অজ্ঞাত পরিচয় টোটো চালকের বিরুদ্ধে তাকে মারধরের অভিযোগ ৷ আর তার জেরে চোখের নিচের হাড় ভেঙে গিয়েছে কিশোরের (14) ৷ গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হুগলির কোন্নগরের মাস্টার পাড়ায় ৷ শনিবার তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷

জানা গিয়েছে, বৃহস্পতিবার একটি বাড়ির আম গাছে উঠেছিল দুই কিশোর ৷ তাদের আম পাড়তে দেখে এক অজ্ঞাত পরিচয় টোটো চালক সেখানে চলে আসেন ৷ অভিযোগ, দুই কিশোরকে গাছ থেকে নামান তিনি ৷ সেই সময় এক কিশোর সেখান থেকে পালিয়ে গেলেও, আরেকজন গাছ থেকে পড়ে যাওয়ায়, তাকে ধরে ফেলেন অভিযুক্ত ৷ এরপর তাকে মারধর করা হয় বলে অভিযোগ ৷ মারধরের জেরে গুরুতর আহত হয় সে ৷

Teenage Boy Beaten
সিটি স্ক্যানে ধরা পড়ে কিশোরের চোখের নিচের ভাঙা হাড় ৷ (ইটিভি ভারত)

সেই সময় ওই কিশোরের বন্ধু তার বাড়িতে খবর দেয় ৷ তখন বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরে সেখান থেকে শ্রীরামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু, সেখানে অবস্থার অবনতি হলে কলকাতা মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয় ৷ কিন্তু, প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয় ৷

এরপর শুক্রবার পর্যন্ত বাড়িতেই ছিল কিশোর ৷ কিন্তু, রাতে চোখে অসম্ভব ব্যাথা হওয়ায় তাকে স্থানীয় মাতৃসদন হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে সিটি স্ক্যান করা হয় কিশোরের ৷ তখনই দেখা যায়, চোখের নিচের হাড় ভেঙেছে তার ৷ এমনকি মাথায় আঘাতও লেগেছে ৷ এরপরেই কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে কিশোরকে ৷

অন্যদিকে, এই ঘটনার পরপরই উত্তরপাড়া থানার পুলিশ তদন্ত শুরু করে ৷ যে বাড়ির গাছ থেকে আম পেড়েছিল দুই কিশোর, তার মালিককে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ তবে, তাঁরা মারধরের বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন ৷ পরে আহত কিশোরের সঙ্গে থাকা তার বন্ধুকে দিয়ে ওই বাড়ির মালিকদের শনাক্ত করে পুলিশ ৷ ওই কিশোর জানায়, বাড়ির মালিকরা কেউ মারধর করেনি ৷ বরং যিনি মারধর করেছেন, তিনি একজন টোটো চালক ৷ এরপরেই পুলিশ ওই বাড়ির আশেপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা শুরু করেছে ৷

এ নিয়ে চন্দননগর কমিশনারেটের ডিসিপি (শ্রীরামপুর) অর্ণব ঘোষ বলেন, "আম পাড়ার অভিযোগে এক কিশোর মারধর করেন কোনও এক ব্যক্তি ৷ কিন্তু, পরিবার বা কিশোর অভিযুক্তকে কেউই শনাক্ত করতে পারছে না ৷ তাই অভিযুক্তের খোঁজ চলছে ৷ যেই করুক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ৷"