বাড়ি তৈরি করা নিয়ে কাকা-ভাইপো বিবাদ, যুবককে রড দিয়ে পিটিয়ে খুন !
আবাস যোজনার টাকায় বাড়ি তৈরি করছিলেন ওই যুবক ৷ অভিযোগ, সেই নিয়েই আপত্তি জানায় মৃতের কাকা ৷ এরপরই তাঁকে খুন করা হয় বলে অভিযোগ ৷

Published : August 3, 2025 at 8:19 PM IST
বজবজ, 3 অগস্ট: ভাইপোকে রড দিয়ে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার কাকা ৷ রবিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বজবজের নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের ভাসা মনসাতলায় ৷ জানা গিয়েছে, পারিবারিক জমিতে আবাস যোজনার টাকায় বাড়ি তৈরি করছিলেন বছর 35-এর দেবাশিস খাঁ ৷ কিন্তু, সেই বাড়ি তৈরি করা নিয়েই কাকা মানিক খাঁ এবং তাঁর পরিবারের সঙ্গে বিবাদ চলছিল তাঁর ৷ অভিযোগ, সেই আক্রশে দেবাশিসকে পিটিয়ে হত্যা করা হয়েছে ৷
পুলিশ সূত্রে খবর, আবাস যোজনার টাকায় তৈরি হওয়া বাড়ির ছাদ ঢালাই ছিল এদিন ৷ অভিযোগ, সকাল আটটা নাগাদ সেই কাজ শুরু হতেই মানিক খাঁ অশান্তি শুরু করেন ৷ দেবাশিসের বাড়ির কার্নিশ তাঁদের অংশে চলে এসেছে- এই দাবিতে কাজ বন্ধ করতে বলেন ৷ কিন্তু, দেবাশিস সেই কথার গুরুত্ব দেন না ৷ এরপরেই দু’তরফে চরম অশান্তি শুরু হয় ৷ অভিযোগ, তারপরেই রড দিয়ে দেবাশিসকে বেধড়ক মারধর শুরু করেন মানিক খাঁ এবং তাঁর ছেলে আশিস খাঁ ৷
এ নিয়ে ডায়মন্ডহারবার পুলিশ জেলার অতিরিক্ত সুপার মিতুন কুমার দে বলেন, "জায়গা-জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে গণ্ডগোলের জেরে খুন হয়েছেন দেবাশিস খাঁ ৷ এই ঘটনা তদন্তে নেমে বজবজ থানার পুলিশ মানিক ও তাঁর ছেলে আশিসকে গ্রেফতার করেছে ৷ বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ৷ খুব তাড়াতাড়ি বাকিদের গ্রেফতার করতে পারব বলেই আশা করছি ৷"
ঘটনায় গুরুতর জখম দেবাশিসকে বজবজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন ৷ এরপর দেবাশিসের পরিবারের তরফে বজবজ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ৷ অভিযোগের ভিত্তিতে পুলিশ কাকা মানিক এবং তাঁর ছেলে আশিসকে গ্রেফতার করেছে পুলিশ ৷ অন্যদিকে, ঘটনার পর থেকে নিহত যুবকের কাকিমা কাকন খাঁ পলাতক বলে অভিযোগ ৷ তাঁর বিরুদ্ধে পুরো ঘটনায় মদত দেওয়ার অভিযোগ উঠেছে ৷
জানা গিয়েছে, দেবাশিস এবং তাঁর কাকা মানিক একই বাড়িতে থাকতেন ৷ কিন্তু, জায়গার অভাবে পাশের জমিতে বাড়ি করার কথা চিন্তা করেন দেবাশিস ৷ সেই মতো বাংলা আবাস যোজনায় বাড়ি তৈরির আবেদন করেন তিনি ৷ সেই আবেদন মঞ্জুর হয়ে যায় ৷ সেই টাকায় পুরনো বাড়ির পাশের জমিতেই ঘর তৈরি করতে শুরু করেন ৷ অভিযোগ, তখন থেকেই দেবাশিস ও তাঁর পরিবারের সঙ্গে বিবাদ শুরু হয় মানিক খাঁ-র পরিবারের ৷ এমনকী একাধিকবার এ নিয়ে দু’ই পরিবারের অশান্তিও হয় বলে জানা গিয়েছে ৷

