এয়ার গান হাতে দোকান ভাঙচুর ! দুই নাবালককে দড়ি দিয়ে বেঁধে মারধরের অভিযোগ
নেশায় আসক্ত ছিল দুই নাবালক ! তাদের বিরুদ্ধে অসামাজিক কাজে যুক্ত থাকার অভিযোগ ৷

Published : July 12, 2025 at 2:24 PM IST
দাঁতন, 12 জুলাই: আগ্নেয়াস্ত্র হাতে দোকান ভাঙার চেষ্টা নেশায় আসক্ত দুই নাবালকের ! তার পাল্টা অভিযুক্ত দুই নাবালককে দড়ি দিয়ে বেঁধে মারধরের অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে ৷ ঘটনা পশ্চিম মেদিনীপুরের দাঁতন 2 নম্বর ব্লকের রসুলপুর গ্রামের ৷ জানা গিয়েছে, দোকানে দেশলাই কিনতে গিয়েছিল তারা ৷ অভিযোগ, দোকান বন্ধ থাকায় দু’টি আগ্নেয়াস্ত্র বের করে হুমকি ও ভাঙচুরের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে ৷ যদিও, পুলিশ জানিয়েছে দুই নাবালকের কাছে এয়ার গান ছিল ৷ সেগুলি আসল নয় ৷
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত দুই নাবালাক নেশা করে এলাকায় ঘুরে বেরায় ৷ শুক্রবার দুপুরে গ্রামের একটি দোকানে দেশলাই কিনতে যায় তারা ৷ কিন্তু, দোকান সেই সময় বন্ধ ছিল ৷ আর তাই দেখে চিৎকার শুরু করে ওই দুই নাবালক ৷ অভিযোগ, কোনও সাড়া না-পেয়ে দোকানের দরজা ভাঙার চেষ্টা করে তারা ৷ সঙ্গে থাকা দু’টি আগ্নেয়াস্ত্র বের করে হুমকিও দিতে থাকে ৷
ভর দুপুরে চিৎকার শুনে স্থানীয় লোকজন বেরিয়ে আসে ৷ দোকানে ভাঙচুরের চেষ্টা ও আগ্নেয়াস্ত্র দেখে দুই নাবালকের উপর ঝাঁপিয়ে পড়ে স্থানীয়রা ৷ প্রথমে তাঁদের নিরস্ত্র করা হয় ৷ এরপর দড়ি দিয়ে দোকানের পোস্টের সঙ্গে বাঁধা হয় ৷ অভিযোগ উঠেছে, এরপরেই দুই নাবালককে মারধর শুরু করেন তাঁরা ৷ চুলের মুঠি ধরে চলতে থাকে কিল, চড়, ঘুষি ৷ কিছুক্ষণের মধ্যেই সেখানে লোকজনের ভিড় জমে যায় ৷ এরই মাঝে দড়ি ছিঁড়ে পালানোর চেষ্টাও করে তারা ৷
খবর পেয়ে দাঁতন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ স্থানীয়দের বুঝিয়ে দুই নাবালককে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় ৷ তবে পুলিশ জানিয়েছে, দুই নাবালকের কাছে থাকা আগ্নেয়াস্ত্র দু’টি আসল নয় ৷ সেগুলি এয়ার গান ৷ কিন্তু, তাদের কাছে এয়ার গান কীভাবে এল ? এমনকি তারা দোকান কেন ভাঙচুর করছিলেন, তা জানতে দু’জনকে আটক করেছে পুলিশ ৷
এ নিয়ে জেলা পুলিশের এক আধিকারিক বলেছেন, "দুই নাবালককে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে ৷ যে দু’টি বন্দুক দেখা গেছে, সেগুলি এয়ার গান ৷ তবে, তদন্ত শেষ না-হলে কিছু বলা যাবে না ৷" এই ঘটনাকে অনভিপ্রেত বলে দাবি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷ তবে, বিরোধী বিজেপি রাজ্যের আইনশৃঙ্খলা ও যুবসমাজের অবক্ষয়ের অভিযোগে প্রশাসনকে নিশানা করেছে ৷
ঘটনায় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে ৷ দুই নাবালকের বিরুদ্ধে আগে কোনও অসামাজিক কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তাকারীরা ৷ পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে লোকজনকে ভয় দেখাতেই ওই এয়ার গান দু’টি নিয়ে ঘোরে তারা ৷ এলাকায় চুরি-ছিনতাইয়ের ঘটনাতেও এই দু’জন জড়িত বলে সন্দেহ করছে পুলিশ ৷ তবে, বিষয়টি তদন্ত সাপেক্ষ বলে পুলিশের তরফে জানানো হয়েছে ৷

