ETV Bharat / state

ঝড়ের তাণ্ডবে উপড়ে গেল একাধিক গাছ! চাপা পড়ে মৃত 2

ঝড়ের তাণ্ডবে বাড়ির উপর গাছ পড়ে প্রাণ গেল বারাসতের এক যুবকের। অন্যদিকে, বেহালার পর্ণশ্রী এলাকায় গাছ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে এক মহিলার ৷

Storm Kills 2
ঝড়ের তাণ্ডবে উপড়ে গেল গাছ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 2, 2025 at 7:54 AM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 2 মে: ঝড়ের তাণ্ডবে বাড়ির উপর গাছ পড়ে প্রাণ গেল যুবকের। মৃতের নাম গোবিন্দ বৈরাগী (30)। বৃহস্পতিবার রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনা জেলার সদর শহর বারাসতের ইন্দিরা কলোনিতে। জানা গিয়েছে, প্রবল ঝড়বৃষ্টির সময় ওই যুবক ঘরে শুয়ে ছিলেন। তখনই ঘরের উপর ভেঙে পড়ে একটি গাছ। স্থানীয় বাসিন্দারা গাছ কেটে ঘর থেকে তাঁকে বার করে বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকেরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। বারাসতের আদিবাসী পাড়াতেও গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ঘরবাড়ি। তবে হতাহতের কোনও খবর মেলেনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবল ঝড়বৃষ্টি শুরু হয় কলকাতা ও তার পাশ্ববর্তী এলাকায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় প্রায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে থাকে। ঝড়ের দাপটে কলকাতা ও দুই 24 পরগনার একাধিক জায়গায় গাছ ভেঙে পড়ে। উপড়ে পড়ে বিদ্যুতের খুঁটিও। এর ফলে বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হলেও রাত পর্যন্ত বিদ্যুৎ ফিরে আসেনি বহু এলাকায়।

ঝড়বৃষ্টির জেরে এদিন ব্যাহত হয় ট্রেন পরিষেবাও। শিয়ালদহের বিভিন্ন শাখায় ট্রেন চলাচল সাময়িক ভাবে থমকে যায়। কোথাও লাইনের উপর গাছ ভেঙে পড়ে। কোথাও আবার ওভারহেড তারের উপর। লাইনে গাছ ভেঙে পড়ায় সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আটকে পড়ে আপ নৈহাটি লোকাল। পৌঁছোন রেলকর্মীরা। প্রায় এক ঘণ্টার চেষ্টায় উপড়ানো গাছ সরিয়ে আবার লাইনে ট্রেন চলাচল শুরু করা সম্ভব হয়।

বনগাঁ শাখাতেও একই ঘটনা ঘটে। মধ্যমগ্রাম ও বিরাটির মাঝে ওভারহেড তারে গাছের ডাল ভেঙে পড়ে। সাময়িক ভাবে ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। প্রিন্সেপ ঘাট ও বিবাদী বাগ স্টেশনের মধ্যেও গাছ ভেঙে আটকে পড়ে চক্ররেল। শেষমেশ রেলকর্মীদের তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে রাত পর্যন্তও পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়নি।

এদিকে, বৃহস্পতিবার রাতে বেহালার পর্ণশ্রীর ইউনিক পার্ক এলাকায় কৃষ্ণচূড়া গাছ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে এক মহিলার৷ মৃতার নাম মিনা ঘোষ, বয়স আনুমানিক 45 বছর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে,প্রবল ঝড়বৃষ্টির সময় ওই মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখনই আচমকা একটি কৃষ্ণচূড়া গাছ তাঁর উপরে ভেঙে পড়ে। গুরুতর জখম হন ওই প্রৌঢ়া। স্থানীয়েরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানেই কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রে খবর, ওই ঘটনায় আরও এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি আপাতত চিকিৎসাধীন হাসপাতালে।

বঙ্গজুড়ে ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা, দুর্যোগ আর কতদিন ?