ঘুমের মধ্যে হুড়মুড়িয়ে পড়ল দেওয়াল, চাপা পড়ে মৃত্যু ভাইবোনের
একরত্তি ভাইবোন রাতে ঘরে শুয়েছিল ৷ তখনই প্রতিবেশীর দেওয়াল ভেঙে পড়ে তাদের কাঁচা বাড়ির উপর। দুই সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা ৷

Published : August 13, 2025 at 12:52 PM IST
শিলিগুড়ি, 13 অগস্ট: রাতভর প্রবল বৃষ্টিতে বাড়ির দেওয়াল ভেঙে প্রাণ গেল একই পরিবারের দুই শিশুর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি শহরে । মঙ্গলবার রাত থেকে পাহাড়-সহ সমতলে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে ৷ তার জেরে জলমগ্ন শহরের একাধিক এলাকা ৷ এর মধ্যেই মর্মান্তিক ঘটনা শিলিগুড়ি সংলগ্ন সাহুডাঙি এলাকায়।
শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীন ভোরের আলো থানার অন্তর্গত সাহুডাঙির পাঘালুপাড়া এলাকার একই পরিবারের দুই শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ব্যাপক বৃষ্টিপাতের জেরে প্রতিবেশীর বাড়ির দেওয়াল ধসে পড়ে পরিমল মহন্তর কাঁচা বাড়ির উপর। সেই সময় ঘরে শুয়েছিল তাঁর ছেলেমেয়ে ৷ তখনই ঘটে বিপত্তি। ঘর ভেঙে ঢুকে যায় দেওয়াল। চাপা পড়ে যায় পরিমল মহন্তর ছেলে ও মেয়ে। দেওয়ালের ভাঙা অংশ চাপা পড়ে মৃত্যু হয় তাঁর তিন বছরের মেয়ে মধুমিতা মহন্ত ও দেড় বছরের ছেলে দেবায়ন মহন্তর।
এলাকাবাসীরা তড়িঘড়ি তাঁদের কোনওরকমে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷ এই বিষয়ে প্রতিবেশী গোবিন্দ রায় বলেন, "রাতে খাওয়া-দাওয়ার পর ঘুমিয়ে ছিল বাচ্চারা । আচমকা ওই দেওয়াল ভেঙে পড়ে বাড়ির উপর। দুই শিশুই দেওয়াল চাপা পড়ে যায়। আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু চিকিৎসক জানান ওদের মৃত্যু হয়েছে । পরিমলবাবুদের দুটোই সন্তান ছিল। দুজনেই মারা গেল। খুবই দুর্ভাগ্যজনক।"
এদিকে রাতে প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন হয়েছে শিলিগুড়ি পুরনিগমের প্রায় প্রত্যেকটি ওয়ার্ড। পাশাপাশি, জলমগ্ন হয় ফুলবাড়ি 1 ও 2 এবং ডাবগ্রাম 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকা।
উল্লেখ্য, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সমুদ্রে আজ তৈরি হতে চলেছে নিম্নচাপ অঞ্চল ৷ এর প্রভাবে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ হাওয়া অফিসের বিশেষ বুলেটিন জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা ভাতিন্ডা, পাতিয়ালা ও দেরাদুনের উপর দিয়ে পূর্ব-দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে ৷ তাই উত্তরবঙ্গের একাধিক অঞ্চলে ইতিমধ্যেই হলুদ, কমলা এবং লাল সতর্কতা জারি করা হয়েছে ।

