ETV Bharat / state

তৃণমূল নেতার বাংলাদেশি স্ত্রী'র ভুয়ো ভোটার কার্ড ! চাঞ্চল্য কাকদ্বীপে

এর আগেও ভুয়ো ভোটার কার্ড নিয়ে সরগরম হয়ে উঠেছিল কাকদ্বীপ । এবার শাসক নেতার বিরুদ্ধেই স্ত্রী'র নামে ভুয়ো ভোটার কার্ড করিয়ে দেওয়ার অভিযোগ উঠল ৷

fake voter card
স্ত্রীর সঙ্গে তৃণমূলের পঞ্চায়েত সদস্য বিপ্লব দাস (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 11, 2025 at 1:43 PM IST

|

Updated : June 11, 2025 at 1:51 PM IST

4 Min Read
Choose ETV Bharat

কাকদ্বীপ, 11 জুন: তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্ত্রী বাংলাদেশি ৷ তবু রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাঁর ভুয়ো ভোটার কার্ড করিয়ে দিয়েছেন স্বামী ৷ এমনই অভিযোগ উঠেছে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে ৷

স্থানীয় প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য বিপ্লব দাস ৷ তিনি আবার কাকদ্বীপের দলীয় বিধায়ক মন্টুরাম পাখিরার ঘনিষ্ঠ বলে রাজনৈতিক মহলে পরিচিত। অভিযোগ, রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে পঞ্চায়েত সদস্য নিজের বাংলাদেশি স্ত্রী শিখা দাসকে ভোটার কার্ড পাইয়ে দিয়েছেন । মহকুমা শাসকের দফতরে এই মর্মে লিখিত অভিযোগও জমা পড়েছে ।

এর আগেও বাংলাদেশি ও ভুয়ো ভোটার কার্ড নিয়ে সরগরম হয়ে উঠেছিল কাকদ্বীপ । খোদ বিধায়ক দাবি করেছিলেন, এদেশে এসে মোটা টাকার বিনিময়ে বাংলাদেশিরা ভোটার কার্ড পেয়ে যাচ্ছে । এর পিছনে সরকারি আধিকারিকেরা যুক্ত রয়েছেন । কিন্তু নিজের দলের পঞ্চায়েত সদস্যের স্ত্রী কীভাবে ভোটার কার্ড পেলেন, সে বিষয়ে মুখ খুলতে চাননি বিধায়ক ।

তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাংলাদেশি স্ত্রীর ভুয়ো ভোটার কার্ড (ইটিভি ভারত)

এ বিষয়ে অভিযোগকারী বলেন, "শিখা দাসের বাবা-মায়ের ভোটার কার্ড নেই । গত দু'বছর আগে পঞ্চায়েত নির্বাচনের সময় শিখা দাসের ভোটার কার্ড হয়েছে । প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের সদস্য বিপ্লব দাস বিধায়ক মন্টুরাম পাখিরার ঘনিষ্ঠ এবং এলাকায় তৃণমূলের দাপুটে নেতা । নিজের প্রভাব খাটিয়ে স্ত্রীকে ভোটার কার্ড পাইয়ে দিয়েছেন বিপ্লব। সম্পূর্ণ বিষয় নিয়ে আমি কাকদ্বীপ মহকুমার শাসকের কাছে একটি অভিযোগ দায়ের করেছি।" শিখা দাসের ভোটার লিস্টে নাম রয়েছে ৷ কার্ডে স্বামী হিসেব বিপ্লব দাসের পরিচয়ে নাম রয়েছে । এ বিষয়ে সংবাদমাধ্যমের ক্যামেরার মুখোমুখি হননি প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের সদস্য বিপ্লব দাস বা তাঁর স্ত্রী কেউই ।

শিখার মা সন্ধ্যা দাস বলেন, "মেয়ের বিয়ে হয়েছে 14-15 বছর হয়ে গিয়েছে ৷ আমরা বাংলাদেশ থেকে এখানে এসেছি । আমাদের এখনও পর্যন্ত ভোটার কার্ড হয়নি । কিন্তু মেয়ের স্বামী পঞ্চায়েত সদস্য তাই মেয়ের ভোটার কার্ড হয়েছে ।" যদিও ভোটার কার্ড না থাকলেও সরকারি সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধা পান বাংলাদেশ থেকে আসা সন্ধ্যা দাসের পরিবার ।

এ বিষয়ে সুন্দরবন তৃণমূল সাংগঠনিক জেলার ছাত্র পরিষদের সভাপতি দেবাশিস দাসের বক্তব্য, "আমার কিছু জানা নেই ৷ বিপ্লব আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য । তাঁর স্ত্রী বাংলাদেশি কি না তা প্রশাসন তদন্ত করুক ৷ প্রশাসনের তদন্তের পর সঠিক তথ্য পাওয়া যাবে । তাঁর পরিবারের কেউ যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে প্রশাসনের হস্তক্ষেপ করা উচিত ।"

fake voter card
কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরার সঙ্গে বিপ্লব দাস (নিজস্ব ছবি)

এমনিতেই ভুয়ো ভোটার কার্ড ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি ৷ এই পরিস্থিতিতে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাংলাদেশি স্ত্রীর ভুয়ো ভোটার কার্ডের বিষয়টি সামনে আসায় সরব হয়েছে বিজেপি ৷ মথরাপুর বিজেপির সাংগঠনিক জেলার হ্যান্ডলুম অ্যান্ড ওয়েবার সেলের কনভেনার অরুণাভ দাস বলেন, "বিপ্লব দাস প্রকাশ্যে অনুপ্রবেশ ও ভুয়ো ভোটারের বিরোধিতা করেছিলেন । কিন্তু তাঁর নিজের স্ত্রীই বাংলাদেশি অনুপ্রবেশকারী । নিজের ক্ষমতার বলে স্ত্রীকে ভোটার কার্ড পাইয়ে দিয়েছেন বিপ্লব দাস । তাঁর শ্বশুর-শাশুড়ির এখনও পর্যন্ত ভোটার কার্ড হয়নি ৷ তাহলে মেয়ে শিখা দাসের কী করে ভোটার কার্ড হয়ে যায় !"

তিনি আরও বলেন, "বিপ্লব দাস অবৈধ ভোটার কার্ড এবং আধার কার্ড তৈরির চক্রের সঙ্গে জড়িত রয়েছেন ৷ এই বিষয়টি পরিষ্কার হয়ে গিয়েছে । কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরার খুবই ঘনিষ্ঠ এই বিপ্লব দাস ৷ নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাংলাদেশি স্ত্রীকে ভোটার কার্ড করে দিয়েছেন । শিখা দাস ও তাঁর বাবা-মাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই বোঝা যাবে এই ভুয়ো ভোটার কার্ড চক্র কতদূর পর্যন্ত বিস্তৃত । শুধু কাকদ্বীপ নয়, গোটা রাজ্যজুড়ে এই ভুয়ো ভোটার এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ছড়িয়ে রয়েছেন । আমরা এনআইএ তদন্ত চাই ৷ রাজ্যের শাসকদল এই ভুয়ো ভোটারদের ভোটেই ক্ষমতায় এসেছে ৷ এবার সেটা আর হবে না । আমরা সজাগ রয়েছি ৷ বাংলাদেশি ভুয়ো ভোটারদের অবিলম্বে চিহ্নিত করে তাঁদের বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা আমরা করব ।"

উল্লেখ্য, বাংলাদেশি কোটা আন্দোলনের সঙ্গে যুক্ত নিউটন দাসের নামে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ মহকুমার নামখানা এলাকায় ভোটার কার্ড রয়েছে ৷ বিজেপির এই অভিযোগে কয়েকদিন আগেই শোরগোল পড়ে গিয়েছিল ৷ এমনকী কাকদ্বীপ তথা সুন্দরবনের তৃণমূল নেতৃত্বের সঙ্গেও নিউটন দাসের ঘনিষ্ঠতা রয়েছে বলে অভিযোগ করেছিল গেরুয়া শিবির ৷ পাশাপাশি নিউটনের সঙ্গে তৃণমূল নেতা এবং বিধায়কের ছবিও পোস্ট করে বিজেপি ৷ এরপর ফের পঞ্চায়েত সদস্যের স্ত্রীর ভুয়ো ভোটার কার্ড ইস্যুতে খবরের শিরোনামে উঠে এল কাকদ্বীপ ৷ বিরোধীদের নিশানায় সেই শাসকদল ।

Last Updated : June 11, 2025 at 1:51 PM IST