ETV Bharat / state

প্রতি ইঞ্চিতে পুলিশ মোতায়েন সম্ভব নয়, মেয়েদেরও সাবধান হতে হবে, বেফাঁস মন্তব্য সৌগতর

তৃণমূল সাংসদের দাবি, বাংলায় মহিলারা তুলনামূলকভাবে নিরাপদ, এমন ঘটনা এখানে খুবই বিরল । তবে মহিলাদের অযথা ঝুঁকি নেওয়া উচিত নয় ।

Saugata Roy
তৃণমূল সাংসদ সৌগত রায় (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : October 13, 2025 at 5:55 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 13 অক্টোবর: রাতে মেয়েদেরও সাবধান থাকা দরকার । সব জায়গায় তো পুলিশের পাহারা দেওয়া সম্ভব নয় । তাই এত রাতে কলেজ থেকে বেরোনোটা ঠিক নয় । দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ-কাণ্ডে এবার এমনই বেফাঁস মন্তব্য করলেন তৃণমূল সাংসদ সৌগত রায় ৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই সোমবার তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায় বলেন, "প্রতিটি ইঞ্চি জায়গায় পুলিশ মোতায়েন করা সম্ভব নয় । কোনও ঘটনা ঘটলে পুলিশ ব্যবস্থা নেয়, কিন্তু সবসময় সুরক্ষা দেওয়া যায় না ৷" তাই তাঁর পরামর্শ, "মহিলাদের নিজেদেরও সাবধান হতে হবে, অযথা ঝুঁকি নেওয়া উচিত নয় ।" তিনি দাবি করেন, "বাংলায় এসব ঘটনা খুব একটা হয় না । এখানে মেয়েরা সাধারণত সুরক্ষিত ৷"

সৌগত রায়ের এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। বিরোধী দলগুলির দাবি, দোষীদের শাস্তির বদলে মেয়েদের পোশাক বা সময় নিয়ে মন্তব্য করা একেবারেই গ্রহণযোগ্য নয় । সমাজকর্মী মহলেরও একাংশ মনে করছেন, এই ধরনের বক্তব্যে অপরাধীদের মনোবল বাড়ে এবং ভুক্তভোগীরা আরও ভীত হয়ে পড়েন । তবে শাসক শিবিরের পক্ষ থেকে কেউ কেউ সাংসদের পাশে দাঁড়িয়ে বলেছেন, তিনি সতর্ক থাকার কথা বলেছেন, কোনোভাবেই ঘটনার গুরুত্ব কমিয়ে দেখেননি ।

এদিকে, দুর্গাপুরের ওই মেডিক্যাল কলেজে পড়ুয়াদের মধ্যে এখনও আতঙ্ক ও ক্ষোভের পরিবেশ । তাঁরা বলছেন, "ক্যাম্পাসের বাইরে বেরোনো মানেই ভয় ।" ঘটনা তদন্তে নেমে পুলিশ এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে ৷ ইতিমধ্যেই ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে । রাজ্য সরকারও এই ঘটনার ওপর রিপোর্ট তলব করেছে । কিন্তু সৌগত রায়ের বক্তব্যে প্রশ্ন উঠছে, ধর্ষণ প্রতিরোধের মূল দায়িত্ব কি শুধু মেয়েদেরই? নাকি সমাজ ও প্রশাসনেরও সমান দায় আছে?

এখানে উল্লেখ করা প্রয়োজন, দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্রী গণধর্ষণের অভিযোগ উঠেছে ৷ নির্যাতিতা ওড়িশার জলেশ্বরের বাসিন্দা ৷ ক্যাম্পাসের বাইরে এক সহপাঠীর সঙ্গে রাতের খাবার খেতে গিয়েছিলেন । ফেরার পথে কয়েকজন যুবক তাঁদের পথ আটকায় । সহপাঠীকে একপাশে সরিয়ে দিয়ে, তরুণীর মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা । এরপর তাঁকে জোর করে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ ।

রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই ঘটনা নিয়ে বলেন, "আমি পুলিশকে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি । ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ।" তবে এখানেই তিনি থেমে থাকেননি । মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে বেসরকারি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের দায়বদ্ধতার প্রসঙ্গও । তিনি বলেন, "বেসরকারি মেডিক্যাল কলেজগুলিরও দায়িত্ব আছে । তাদের ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিষয়টি দেখার প্রয়োজন ।"